অমিতাভের বাড়িতে চোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় চোর ঢুকেছিল। এ ঘটনা জেনে দারুণ শঙ্কার মধ্যে পড়েছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। অবশ্য পরে সেই চোর ধরা পড়েছে। চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হওয়া দিলীপ কেবাত নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ব্লগে এক লেখায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘২০ জুলাই শুক্রবার কিছুটা সময়ের জন্য আমরা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমাদের বাড়িতে চোর ঢুকেছিল। অবশ্য পরে সেই চোর ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, সে পেশাদার চোর। নইলে জলসার সবচেয়ে স্পর্শকাতর অংশে সে ঢুকত না। যা-ই হোক, তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।’ অমিতাভ আরও লিখেছেন, ‘এ ঘটনায় নিরাপত্তাকর্মী আর পুলিশের তো মাথা খারাপ হওয়ার জোগাড়! যতই সতর্কতা অবলম্বন করা হোক না কেন, শেষ পর্যন্ত যে কোনো কিছুই নিরাপদ নয়, এই ঘটনায় সেটাই প্রমাণিত হলো।’ উল্লেখ্য, জুহুতে অমিতাভের দুটি বাড়ি আছে। একটির নাম ‘জলসা’, আর অন্যটি ‘প্রতীক্ষা’। দুটি বাড়ির মধ্যে দূরত্ব এক কিলোমিটার। স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে জলসায় থাকেন অমিতাভ। আর সন্তান আরাধ্যকে নিয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া থাকেন প্রতীক্ষায়। একই বাড়িতে আরও থাকেন অমিতাভের ছোট ভাই অজিতাভ।