অমিতাভের সঙ্গে আবারও কাজ করতে চান ডিক্যাপ্রিও

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত থাকলেও গত বছর ‘দ্য গ্রেট গেটসবি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হলিউড অভিষেক হয় অমিতাভ বচ্চনের। ছবিটিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হলিউডের জনপ্রিয় এ তারকা অভিনেতা। অমিতাভের সঙ্গে আবার কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে ডিক্যাপ্রিওর ভাষ্য, ‘মিস্টার বচ্চন কেবল প্রতিভা ও অভিনয় দক্ষতা দিয়েই আমাকে মুগ্ধ করেননি। ছবির সেটে তাঁর বিনম্র আচরণ দেখেও আমি মুগ্ধ হয়েছি। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করেছি আমি। ছোট একটি চরিত্রে অভিনয় করলেও যে উত্সাহ আমি তাঁর ভেতর দেখেছি তার কোনো তুলনা হয় না। ভবিষ্যতে আবার তাঁর সঙ্গে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
অস্ট্রেলীয় চলচ্চিত্রনির্মাতা বাজ লুরম্যান পরিচালিত ‘দ্য গ্রেট গেটসবি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে গত বছর হলিউডে পা রাখেন ৭১ বছর বয়সী অমিতাভ বচ্চন। ১২৫ মিলিয়ন ডলার বাজেটের থ্রিডি ছবিটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯২৫ সালে প্রকাশিত প্রখ্যাত মার্কিন সাহিত্যিক এফ স্কট ফিটজেরাল্ডের ‘দ্য গ্রেট গেটসবি’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টোবি ম্যাগুয়ের, ক্যারি মুলিগান প্রমুখ।