অমিতাভের সঙ্গে কাজ করতে চান মাধুরী

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন যেন বেড়েই চলেছে ‘শাহেনশাহ’ তারকা অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা। অন্যদিকে সাত বছর বিরতির পর ‘দেধ ইশকিয়া’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি বর্ষীয়ান অভিনেতা অমিতাভের সঙ্গে এক ছবিতে কাজ করার ইচ্ছের কথা জানালেন ৪৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে অতিথি চরিত্রে ছিলেন মাধুরী। ছবিটির ‘মাখনা’ গানে অমিতাভ ও গোবিন্দর সঙ্গে নাচতে দেখা গেছে এই ‘আজা নাচলে’ তারকাকে। কিন্তু অমিতাভের সঙ্গে শুধু নাচের সুযোগ পেয়ে মন ভরেনি মাধুরীর। অমিতাভের সঙ্গে এক ছবিতে একসঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি। মাধুরীর প্রত্যাশা, একদিন তাঁর এ স্বপ্ন পূরণ হবে।
এ প্রসঙ্গে মাধুরীর ভাষ্য, ‘তিনটি ছবিতে আমাদের কাজ করার সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিগুলোর কাজ আর এগোয়নি। আমি মনেপ্রাণে চাই, একদিন হয়তো ঠিকই এক ছবিতে আমাদের কাজের সুযোগ আসবে। এ জন্য মনে মনে প্রার্থনা করছি আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
মাধুরী অভিনীত ‘দেধ ইশকিয়া’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ জানুয়ারি। এ মুহূর্তে ছবিটির প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন মাধুরী। এ প্রসঙ্গে তিনি জানান, ‘ছবির দলের প্রতিটি সদস্য এর প্রচারণার কাজে পাগলের মতো ছোটাছুটি করছেন। সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি ঠিক জানি না, প্রচারণা থেকে ছবিটি কতটা লাভবান হবে। তার পরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
কমেডি-থ্রিলার ঘরানার ‘দেধ ইশকিয়া’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিশাল ভরদ্বাজ ও রমণ মারু। প্রযোজনার পাশাপাশি এর সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন ‘ওমকারা’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা বিশাল ভরদ্বাজ। শিমারু এন্টারটেইনমেন্ট পরিবেশিত ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। অন্যান্য চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ারসি, হুমা কুরেশি প্রমুখ। এ ছাড়া ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন ‘আশিকি ২’খ্যাত বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।