অমিতাভের সেই গিট্টু শার্টের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে এই ছবিটি দিয়েছেন অমিতাভ বচ্চন

সত্তরের দশক। ভারতে চালু হলো নতুন এক ট্রেন্ড। বুক খোলা শার্ট গিট্টু দিয়ে পরা। ‘দিওয়ার’ ছবিতে এভাবেই শার্ট পরেছিলেন অমিতাভ বচ্চন। তাতেই বাজিমাত! তরুণদের কাছে জনপ্রিয় হয়ে গেল অমিতাভের এই শার্ট পরার ধরন।

কিন্তু এত দিন পরে এই কথা কেন? কারণ আছে। অমিতাভের এভাবে শার্ট পরার পেছনে লুকানো ছিল ছোট্ট গল্প। ইনস্টাগ্রামে ‘দিওয়ার’ ছবির শুটিংয়ের একটি ছবি দিয়ে সেই গল্পই শোনালেন অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের পরনে সাদা প্যান্ট আর বুক খোলা হাতাওয়ালা গাঢ় নীল শার্ট। শার্টটা কোমরের কাছে গিট্টু দিয়ে বাঁধা।

ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘বন্ধুরা, সেই দিনগুলো... সেই গিট্টু দেওয়া শার্ট...। এই শার্টের পেছনেও আছে গল্প। প্রথম দিনের শুটিং। শট প্রস্তুত। ক্যামেরাও প্রস্তুত। দেখা গেল, শার্ট বানানো হয়েছে লম্বা। হাঁটু পর্যন্ত ঝুলে পড়েছে। আরেকটা শার্ট আনারও সময় দেননি পরিচালক। কী আর করা, শার্ট গিট্টু দিয়েই কাজটা সারলাম।’

অমিতাভ বচ্চন।
ফেসবুক থেকে

কোনো নান্দনিক তাগিদ থেকে নয়, নিতান্তই কেজো প্রয়োজন থেকে জন্ম নেওয়া সেই গিট্টু শার্টই যে ‘আইকনিক শার্ট’ হয়ে যাবে, কে জানত! মানুষের মুখে মুখে তখন দিওয়ার ছবির সংলাপ। সেলিম-জাভেদ জুটির কাহিনি থেকে কী ছবিটাই না বানালেন যশ চোপড়া। ১৯৭৫ সালে মুক্তি পাওয়ার পরই বক্স অফিস তোলপাড়। অমিতাভ বচ্চন ছাড়াও চোখ ধাঁধানো অভিনয় করলেন শশী কাপুর, নিতু সিং, নিরুপা রয়, পারভীন ববিরা।

অমিতাভ বচ্চন
টুইটার

দুই বছর পেরোলেই আশি। এখনো রুপালি পর্দায় ব্যস্ত সিনিয়র বচ্চন। হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে দিব্যি অভিনয় করে যাচ্ছেন। আসছে নতুন ছবি ‘গুড বাই’। পরিচালক বিকাশ বহেল। ছবিতে অমিতাভের সঙ্গী দক্ষিণ ভারতীয় তরুণ তারকা রশ্মিকা মন্দানা। হাতে আছে ‘চেহরে’। এমরান হাশমি ও রিয়া চক্রবর্তী এই ছবিতে বিগবির সহশিল্পী। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’তেও তাঁকে দেখা যাবে।
সূত্র: ডিএনএ

অমিতাভ বচ্চন
সংগৃহীত