অমিতাভের ‘সময় চুরি’
দীর্ঘ বিরতির পর নাটক নিয়ে আসছেন অমিতাভ রেজা। নাম সময় চুরি। নাটকটির শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। মুশফিকুর রহমানের লেখা সময় চুরি প্রচারিত হবে এবার ঈদে, এনটিভিতে।অমিতাভ বললেন, ‘ডিসেম্বরে ছবির শুটিং শুরু করব। ভেবেছিলাম, তার আগে আর কোনো নাটকের কাজ হাতে নেব না। কিন্তু শেষমেশ বায়োস্কোপঅলা প্রোডাকশনের প্রযোজনায় এই নাটকটি করছি। গল্পটাও চমৎকার।’কী থাকছে গল্পে? অমিতাভ জানালেন, নাটকটির মূল চরিত্র রাতে অফিস করেন। এক রাতে বাসায় ফেরার পথে এক বিদেশিনীর সঙ্গে দেখা হয় তাঁর। বিদেশিনী একটা বাসা খুঁজছিলেন। বাসা খুঁজে পেতে তাঁকে সাহায্য করেন তিনি। এদিকে বাসায় তাঁর স্ত্রী অপেক্ষা করছেন। এতে শুরু হয় দাম্পত্য জীবনের টানাপোড়েন। সময় চুরিতে অভিনয় করছেন তাহসান, মিথিলা ও ব্রিটিশ অভিনেত্রী ইয়াসিন। অমিতাভের সর্বশেষ প্রচারিত নাটক ছিল মায়া ও মৃত্যুর গল্প। মাঝে বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও নাটকে এই বিরতি মূলত ছবির জন্যই। মাস দুয়েকের মধ্যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত হবে বলে জানালেন এই নির্মাতা।