অরণ্য আনোয়ারের নাম-পরিচয় ব্যবহারকারী ভুয়া পরিচালক গ্রেপ্তার
নাট্য-নির্মাতা ও পরিচালক অরণ্য আনোয়ারের নাম-পরিচয় ব্যবহারকারী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আনোয়ার চৌধুরী (৩৫) নামের এ প্রতারককে গ্রেপ্তার করে। নাটকে অভিনয় করার সুযোগ দেবেন বলে অনেকের কাছ থেকে তিনি অর্থ আত্মসাত্ করেন।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গতকাল রাতে পুরান ঢাকার ঋষিকেশ রোডের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আনোয়ার দীর্ঘদিন ধরে নিজেকে নাট্য-নির্মাতা অরণ্য আনোয়ার পরিচয় দিয়ে আসছিলেন। নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাত্ করে আসছেন। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে অরণ্য আনোয়ার নিজেই এ ব্যাপারে ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে ভুয়া অরণ্য আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে এনটিভি ও প্রথম আলো বন্ধুসভার ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।অরণ্য আনোয়ার বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে এই প্রতারক তাঁর নাম-পরিচয় ব্যবহার করে আসছিলেন। লোকজনকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গঠনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। সম্প্রতি উত্তরায় শুটিংয়ের সময় কয়েকজন তরুণ আমার কাছে আসেন। তাঁরা বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন। এঁদের মধ্যে মোশাররফ হোসেন নামের একজন আমাকে বলেন, ওই প্রতারক তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন।’