অরণ্যর 'ভালোবাসা ডটকম'

ছয় বছর পর নতুন অ্যালবাম তৈরি করেছে অরণ্য। নাম ভালোবাসা ডটকম। অ্যালবামটি বাজারে এনেছে জি সিরিজ। গত শুক্রবার বিকেলে ধানমন্ডির রুশ সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে অ্যালবামটির মোড়ক খোলা হলো।
ভালোবাসা ডটকম অ্যালবামের ভাবনা নিয়ে অরণ্য ব্যান্ডের কণ্ঠশিল্পী দীপ্ত বলেন, ‘ভালোবাসা ডটকম থিমভিত্তিক রক অ্যালবাম। এর সঙ্গে আছে ব্লুজ, জ্যাজ ও মেলোডি। গানগুলো করেছি আমরা নতুন প্রজন্মের কথা মাথায় রেখে—যারা চিন্তা ও চেতনায় নিজেদের স্বাধীন মনে করে, কিন্তু বাস্তবে নিজেদের অজান্তে অত্যন্ত সূক্ষ্মভাবে ছকবাঁধা জীবনে আবদ্ধ থাকছে। তাই তাদের জীবন থেকে কবিতা, গল্প, গান, প্রকৃতি এমনকি স্বাধীন চিন্তাগুলো হারিয়ে যাচ্ছে।’
অ্যালবামের নয়টি গানের মধ্যে সাতটি একেবারেই নতুন গান। আরও আছে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত। দীপ্ত বলেন, ‘অ্যালবামের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অংশ হচ্ছে গানের কথা। আমাদের প্রথম অ্যালবাম ছিল তার ছিঁড়ে গাছে (২০০৭)। ওই অ্যালবামটির গানের কথায় ছিল ভিন্নতা। সেই ধারাবাহিকতা আমরা এবারও ধরে রেখেছি।’
অরণ্য ব্যান্ডের শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। ‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ’ প্রতিযোগিতায় তখন অংশ নিয়েছিল অরণ্য। শেষ পর্যন্ত ছিল প্রতিযোগিতার সেরা দশে। ওই সময়ের সদস্যদের মধ্যে এখন আছেন শুধু দীপ্ত। অন্যরা হলেন নাদিম (বেজ গিটার), বিকাশ (ড্রামস ও পারকাশন), তিলক (গিটার) এবং অতিথি শিল্পী জোহা (স্যাক্সোফোন), সেলিম (বেহালা) ও সৈকত (অর্গান)।