অরণ্যের রঙিন উৎসব
চারদিকে রং আর রং। গ্যালারির মেঝে থেকে দেয়াল—সর্বত্র সাজিয়ে রাখা, ছড়িয়ে রাখা হরেক রঙের সমারোহ। মেঝেতে মাটির পাত্রে রং-বেরঙের সুতা। কোথাও আবার সারি সারি পাত্রে প্রাকৃতিক রং। এসবের পাশে আছে প্রাকৃতিক রঙের উৎস—খয়ের, পেঁয়াজ, অর্জুন, মেহেদি, ডালিম, সুপারি, হরীতকীসহ নানা ধরনের শস্যের বীজ। আছে চরকায় পেঁচানো রঙিন সুতা ও কাপড়, নানা ধরনের বস্ত্র ও নকশিকাঁথা। রং নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর নাম ‘রঙিন উৎসব’।পোশাক ও কারুশিল্পের প্রতিষ্ঠান ‘অরণ্য’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাকৃতিক রঙের পুনরুজ্জীবনের অভিযাত্রায় অরণ্য ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার থেকে এই বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে বেঙ্গল শিল্পালয়ে নয় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব কারুশিল্প পরিষদের সভাপতি উষা কৃষ্ণ ও বিশ্ব কারুশিল্প পরিষদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি সুরাপি রোযানাভংসে। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক পারভীন হাসান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অরণ্যের প্রতিষ্ঠাতা রুবী গজনভী, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এতে কারুশিল্পে বিশেষ অবদানের জন্য অরণ্যের পক্ষ থেকে তিনজন বিশিষ্ট কারুশিল্পী—লতিফা বেগম, কুন থি ম্রো ও হোসেন আহমেদকে (মরণোত্তর) পুরস্কার দেওয়া হয়।অরণ্য দুই দশক ধরে প্রাকৃতিক রং নিয়ে কাজ করছে। এই প্রদর্শনীতে দেশের প্রাকৃতিক রংজাত পণ্যসম্ভারের বিস্ময়কর উপস্থিতি যেমন রয়েছে, তেমনই পৃথিবীর অন্যান্য দেশেরও কিছু দুর্লভ সামগ্রী রয়েছে। প্রদর্শনীর আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রাকৃতিক রঙের দিক দিয়ে বয়নশিল্প ও সূচিশিল্পে রঞ্জনের কৌশলগুলো উপস্থাপিত হয়েছে।প্রদর্শনী খোলা থাকবে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। এ উপলক্ষে আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হবে।