অরুণ ভাদুড়ির সুরে মন্দ্রিত সন্ধ্যা
কলকাতাস্থ আইটিসি সংগীত রিসার্চ একাডেমির পণ্ডিত অরুণ ভাদুড়ি ময়মনসিংহের উচ্চাংগসংগীতানুরাগী শ্রোতাদের মুগ্ধ করে গেলেন। গত শুক্রবার রাত সাড়ে আটটায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিনি বিভিন্ন আঙ্গিকের সংগীত পরিবেশন করেন।বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতাস্থ আইটিসি সংগীত রিসার্চ একাডেমি যৌথভাবে আইটিসি ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে ‘মায়ার মাধুরী’ শীর্ষক নিয়মিত দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীতাসর আয়োজন করেছে। প্রথম আলোর সার্বিক সহযোগিতায় মায়ার মাধুরীর প্রথম আসরটি বসেছিল গত শুক্রবার ময়মনসিংহে। সন্ধ্যা সাতটায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর স্বাগত বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ময়মনসিংহের সংগীতজ্ঞ পণ্ডিত পবিত্র মোহন দে পণ্ডিত অরুণ ভাদুড়ির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।অনুষ্ঠানের শুরুতে কণ্ঠে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী সাবিনা মমতাজ ইসলাম। তাঁকে তবলায় সহযোগিতা করেন অশোক মুখার্জি ও হারমোনিয়ামে জ্যোতি গুহ। পরে স্লাইড-গিটারে উচ্চাংগসংগীত পরিবেশন করেন রতন ভাদুড়ি। তাঁকে তবলায় অশোক মুখার্জি সহযোগিতা করেন। সবশেষে পণ্ডিত অরুণ ভাদুড়ি মঞ্চে আসেন। এ সময় শ্রোতারা দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। পরে তিনি বেশ কয়েকটি উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। তবলায় সন্দীপ রায় চৌধুরী ও হারমোনিয়ামে জ্যোতি গুহ তাঁকে সহযোগিতা করেন।