অরূপ তোমার বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে গতকাল নৃত্যানন্দন আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা ষ ছবি: প্রথম আলো
ছায়ানট মিলনায়তনে গতকাল নৃত্যানন্দন আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা ষ ছবি: প্রথম আলো

‘তুমি কেমন করে গান করো হে গুণী’ রবীন্দ্রনাথের অনেক জনপ্রিয় গানের মধ্যে এটি একটি। কবিগুরু গানটি লিখেছিলেন ইউরোপ ভ্রমণের সময়। প্রথম যেবার তিনি ইউরোপে যান, তখন তাঁর বয়স ১৭। গানটির সঙ্গে সমবেত নৃত্য দিয়ে শুরু হয়েছিল ‘অরূপ তোমার বাণী—ইউরোপে রবীন্দ্রনাথ’ নামের অনুষ্ঠানটি।
গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে নৃত্যনন্দন আয়োজিত এ অনুষ্ঠান সাজানো হয়েছিল গান, নৃত্য, আবৃত্তি ও পাঠ দিয়ে। কবি ইউরোপে ভ্রমণ করেছেন বহুবার। ভ্রমণে তিনি যেসব রচনা করেছিলেন, সেখান থেকেই নির্বাচন করা হয়েছিল কিছু গান, চিঠি, নিবন্ধের অংশবিশেষ। প্রতিটি পরিবেশনার আগে তুলে ধরা হচ্ছিল সেটি রচনার সময়, প্রেক্ষাপটসহ আনুষঙ্গিক তথ্য। গ্রন্থনাও ছিল চমৎকার। ফলে পরিবেশনাগুলো উপভোগের ক্ষেত্রে আরও হূদয়গ্রাহী হয়ে উঠছিল।
সব মিলিয়ে ১৭টি পরিবেশনা ছিল এই অনবদ্য অনুষ্ঠানে। সমবেত কণ্ঠের পরিবেশনায় দ্বিতীয় গানটি ছিল ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। এরপর সমবেত কণ্ঠে ‘সুন্দর বটে তব’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা। ‘অসীম ধন তো আছে’ গানটি শোনান লাইসা আহমেদ লিসা। সেমন্তী ও তূর্য গেয়ে শোনান ‘তোমারি নাম বলবো’। বুলবুল ইসলাম পরিবেশন করেন ‘এই মণিহার আমার’। শর্মিলা বন্দ্যোপাধ্যায় নৃত্য পরিবেশন করেন ‘কার চোখের চাওয়ার হাওয়ায়’ গানের সঙ্গে। সুনন্দা ও সেতু পরিবেশন করেন ‘ছুটির বাঁশি বাজলো’।
অনুষ্ঠানে সংগীতে আরও ছিলেন সুকান্ত ও সুশান্ত। নৃত্যে অংশ নেন রাসেল, তুষার, তপন। আবৃত্তি ও পাঠে ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও উদয় শংকর দাশ।