
প্রেম হয় দুজনার দুটি মনের। কিন্তু বিয়ে? শুধুই কি দুজনার? আসলে ভালোলাগা বলাটা যত সহজ, ‘ভালোবাসি’ বলাটা ততই কঠিন। তেমনি ভালোবাসি বলাটা যত সহজ, সেই ভালোবাসার পূর্ণতা দেওয়া আরও বেশি কঠিন। ভালোলাগা, ভালোবাসি বলা; অতঃপর প্রেমের ভেলায় চড়ে দুটি তরুণ মন একসময় স্বপ্ন দেখে ঘর বাঁধার। আর এভাবেই প্রেম নামক সম্পর্কটি পূর্ণতা পেয়ে যে মোহনায় মেশে, সেটাই তো বিয়ে। কিন্তু বিয়ে কি ছেলের হাতের মোয়া নাকি যে আপনি চাইলেন আর সঙ্গে সঙ্গেই চৌধুরী সাহেব ওনার মেয়েকে আপনার হাতে তুলে দেবেন? ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল’—গল্প-উপন্যাস কিংবা সেলুলয়েডের এই হ্যাপি এন্ডিং বাস্তবজীবনে এত সহজে পাওয়া যায় না মশাই! একটা বিয়ের
জন্য কতই না শর্ত পেরোতে হয়! কারণ, বিয়েটা আসলে শুধুই দুজনার নয়, বিয়েটা হয় দুই পরিবারেরও ।
এমনই এক গল্প নিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড ছবি টু স্টেটস। পাঞ্জাবি ছেলে কৃষ মালহোত্রা এবং তামিল মেয়ে অনন্যা স্বামীনাথন। বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ভারতের উত্তর-দক্ষিণের এই তরুণ-তরুণীর পরস্পরের ভালোলাগা, ভালোবাসা, অতঃপর প্রেম। পড়াশোনা শেষে তারা দুজন যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, বিপত্তি বাঁধে তখনই। উভয়ের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক বৈসাদৃশ্য, বৈপরীত্য বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেম ও পরিণয়ের পথে। প্রকাশ্যে এসে পড়ে লুকিয়ে থাকা বিয়ের জন্য দুই পরিবারের কতই না শর্ত। দুই ভিন্ন প্রদেশের দুই ভিন্ন জাতির পরিবারের ভাষা, সংস্কার, আচার-বিচার আর খাদ্যাভ্যাসের বেড়া ডিঙিয়ে তারা পরস্পর চার হাত এক করতে পারল কি না, তারই গল্প টু স্টেটস। ভারতের তারকা লেখক চেতন ভগতের একই নামের উপন্যাস অবলম্বনে করন জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। পরিচালক হিসেবে অভিষেক ছবিতেই দাগ কেটেছেন অভিষেক বর্মন। প্রথম দুই দিনেই বক্স অফিস থেকে প্রায় ২৪.৫৫ কোটি রুপি তুলে নিয়েছে অর্জুন কাপুর ও আলিয়া ভাট অভিনীত
ছবিটি। দুই দিনের বক্স অফিস আয় দেখেই চলচ্চিত্রবোদ্ধারা ঘোষণা দিয়ে দিয়েছেন টু স্টেটস হিট, এখন সুপারহিটের অপেক্ষা।
বলিউডে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে এটি চতুর্থ ছবি। টু স্টেটস উপন্যাস প্রকাশিত হয় ২০০৯ সালে। সেই সময় সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় স্থান করে নেয় তাঁর এ বইটি। একদিকে এই উপন্যাসে চেতন ভগতের ব্যক্তিগত জীবনও কিছুটা লুকিয়ে আছে। চেতনের স্ত্রীও দক্ষিণী এবং এই বিয়েটাও সম্পন্ন করতে চেতন ও তাঁদের টপকাতে হয়েছিল বেশ কিছু শর্তের বেড়া। তাছাড়া তাঁর আরও দুটি উপন্যাস নিয়ে থ্রি ইডিয়টস এবং কাই পো চের মতো তুমুল জনপ্রিয় ছবি নির্মাণ হওয়ায় টু স্টেটস নিয়েও বলিউড ছবিপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই সঙ্গে ক্যামেরার সামনে প্রথমবার একসঙ্গে অর্জুন আর আলিয়া জুটি। সব মিলিয়ে ট্রেইলার রিলিজ হতে না হতেই সাইবার দুনিয়ায় টুইট-রি টুইট আর শেয়ার-লাইকে ভেসে গিয়েছিল টু স্টেটস-এর ট্রেইলার। স্টুডেন্ট অব দি ইয়ার ও হাইওয়ের পর এটি আলিয়ার তৃতীয় ছবি। প্রথম ছবিতেই আলিয়া তাঁর অভিনয়-কৃতিত্ব দেখিয়েছিলেন। কয়েক দিন আগেই তাঁর দ্বিতীয় ছবি হাইওয়েতেও মন ভরিয়েছেন দর্শকের। এবার সেই সাফল্যের সূচকটাকে আকাশছোঁয়া করতে খুব একটা দেরি নেই আলিয়ার। অন্যদিকে আগের তিনটি ছবিতেই নিজের যোগ্যতা ও সম্ভাবনা প্রমাণ করেছেন বনি কাপুর-পুত্র অর্জুন কাপুর। ইশকজাদে, আওরঙ্গজেব, গুন্ডেতে অর্জুনকে ‘অ্যাংরি ইয়াংম্যান’ ইমেজে দেখা গেলেও এবার তাঁকে দেখা যাবে এক প্রেমিক যুবকের চরিত্রে। চশমা চোখে, কখনো ক্লিন শেভ চেহারায় যেন নতুন এক অর্জুন! ছবিতে সাইফ আলি খানের সাবেক স্ত্রী অমৃতা সিংকে দেখা যাবে অর্জুনের পাঞ্জাবি মায়ের চরিত্রে এবং বাবার চরিত্রে রয়েছেন রনিত রায়। আলিয়ার মায়ের চরিত্রে রয়েছেন দক্ষিণী ছবির পরিচালক ও অভিনেত্রী রেভাথি।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপিডিয়া অবলম্বনে