অর্জুন-সুজানের বিচ্ছেদ উদযাপন!

কারও কথা না শুনে শেষ পর্যন্ত চূড়ান্ত বিচ্ছেদের পথই বেছে নিয়েছেন হৃতিক রোশন ও সুজান রোশন। শত চেষ্টা করেও হৃতিক-সুজানের ১৩ বছরের সংসার টেকাতে পারেননি তাঁদের অভিভাবকেরা। গত ৩০ এপ্রিল আদালতে বিচ্ছেদের আবেদন করেন হৃতিক ও সুজান। অবিশ্বাস্য শোনালেও, বিচ্ছেদের আবেদন করার পরপরই নাকি বলিউডের অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে আনন্দযজ্ঞে মেতে ওঠেন সুজান। অন্যদিকে, হৃতিকও তাঁর কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন।
হৃতিক ও সুজান কেউই তাঁদের বিচ্ছেদের মূল কারণ না জানালেও বলিউডে জোর গুঞ্জন, সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে হূতিকের ঘনিষ্ঠতা আর সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠতার কারণে ভেঙেছে হৃতিক-সুজানের সংসার।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, সম্প্রতি বিচ্ছেদের আবেদন করার পর একটুও বিমর্ষ দেখায়নি সুজানকে। বরং তাঁকে দেখে অনেক বেশি আনন্দিতই মনে হয়েছে। আদালতে বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর অর্জুন রামপালের সঙ্গে রীতিমতো আনন্দযজ্ঞে মেতে ওঠেন সুজান। মুম্বাইয়ের একটি নৈশ ক্লাবে তাঁদের দেখা যায়। সে সময় চমত্কার পোশাকে দারুণ হাসিখুশি দেখাচ্ছিল সুজানকে। বলা যায়, তিনি অর্জুনের সঙ্গে মিলে বিচ্ছেদের আনন্দই উদযাপন করেছেন।
অন্যদিকে, সুজানের মতো হৃতিকও বিচ্ছেদ উদযাপন করেছেন। তবে বিশেষ কারও সঙ্গে নয়, কাছের বন্ধু ও সহকর্মীদের নিয়ে আনন্দে মেতে ওঠেন তিনি। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে পার্টিতে হাজির হন বলিউডের একাধিক তারকা ও নির্মাতা। তাঁরা সবাই মিলে পুল পার্টিতে মেতে ওঠেন।
চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন হৃতিক-সুজান। ২০০৬ সালে তাঁদের ঘরে আসে প্রথম ছেলে রিহান। দুই বছর পর তাঁদের দ্বিতীয় ছেলে রিদানের জন্ম হয়। সম্প্রতি আদালতের রায়ে রিহান ও রিদানের দেখভালের দায়িত্ব পেয়েছেন সুজান। আদালতের রায় অনুযায়ী মায়ের কাছেই থাকবে রিহান ও রিদান।
বছরের পর বছর ধরে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে উচ্চারিত হয়েছে হৃতিক-সুজানের নাম। কিন্তু গত ডিসেম্বরে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে সবাইকে বিস্ময়ে হতবাক করে দেন তাঁরা।
হৃতিক-সুজানের সম্পর্কে টানাপোড়েনের খবর প্রথম চাউর হয় গত বছরের সেপ্টেম্বরে। শুরুর দিকে দাম্পত্য জীবনের টানাপোড়েনের খবরকে গুজব দাবি করলেও গত ১৩ ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে হৃতিক বলেন, ‘১৭ বছরের সম্পর্কের ইতি টেনে আমার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুজান। আমার পুরো পরিবার কঠিন এক সময় পার করছে। আমি কোনোভাবেই চাই না, আমাদের বিচ্ছেদের খবরে আমার ভক্তদের মধ্যে বিয়ে প্রথা নিয়ে বিরূপ মনোভাবের সৃষ্টি হোক। বিয়ে প্রতিষ্ঠানটির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি এ প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার চোখে দেখি।’
বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেও, এর পেছনের কারণ সম্পর্কে হৃতিক কিংবা সুজান কেউই স্পষ্ট করে কিছু বলেননি। বিচ্ছেদের কারণ জানতে চাইলে সুজানের ভাষ্য ছিল, ‘অনেক সময় কোনো কারণ ছাড়াই অনেক কিছু ঘটে যায়। পরিস্থিতিই মানুষকে বাধ্য করে অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতে। বিচ্ছেদের কারণ নিয়ে আমি স্পষ্ট করে কিছু বলতে চাই না। কারণ, আমি নিজেও একজন মা এবং মেয়ে।’
বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে হৃতিক ও সুজান মুখ না খুললেও তাঁদের বিচ্ছেদের পেছনে অর্জুন রামপালের হাত রয়েছে বলে খবর চাউর হয়েছিল। অবশ্য বিষয়টিকে অস্বীকার করেছিলেন অর্জুন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘হৃতিক ও সুজান দুজনই আমার খুব কাছের বন্ধু। কাছের কেউ যখন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেয় তখন এমনিতেই মনটা অনেক খারাপ হয়ে যায়। জীবনের কঠিনতম সময় পার করছে হৃতিক ও সুজান। এ অবস্থায় অযথা ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো মানে হয় না। তাঁদের বিচ্ছেদে আমার সম্পৃক্ততা নিয়ে আজেবাজে কেচ্ছা-কাহিনি রটানো হচ্ছে। এটা আমাকে খুবই মর্মাহত করেছে।’
অর্জুনের পক্ষে সুজানও সাফাই গেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘হৃতিক ও আমার খুবই কাছের একজন বন্ধু অর্জুন। আমাদের বন্ধুত্বের বন্ধন অনেক বেশি দৃঢ়। অযথাই কাউকে দোষারোপ করার বিষয়টি একদমই অনুচিত একটি কাজ।’

এ ছাড়া হৃতিক-সুজানের বিচ্ছেদের জন্য ক্যাটরিনা কাইফকে দায়ী করেও খবর প্রকাশ করেছে বলিউডকেন্দ্রিক একাধিক সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, পর্দার পাশাপাশি বাস্তব জীবনে হূতিকের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা মোটেও মেনে নিতে পারছিলেন না সুজান। ‘ব্যাং ব্যাং’ ছবিতে জুটি বেঁধেছেন হূতিক-ক্যাটরিনা। ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে হূতিকের উপস্থিতি নিয়ে হৃতিক-সুজানের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে হৃতিক ও ক্যাটের মধ্যে। পরবর্তী সময়েও তাঁরা বন্ধুত্ব ধরে রাখেন।
গত বছরের জুনে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং শুরু করেন হৃতিক-ক্যাটরিনা। ছবির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পান হূতিক। শুরুতে পাত্তা না দিলেও পরে স্বাস্থ্য-পরীক্ষায় জানা যায় হৃতিকের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। গত বছরের জুলাই মাসে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সে মাসেই রণবীর কাপুরের সঙ্গে স্পেনে অবকাশযাপনে গিয়েছিলেন ক্যাট। স্পেন থেকে মুম্বাই ফিরে সরাসরি হৃতিককে দেখতে হাসপাতালে ছুটে যান ক্যাটরিনা।
হূতিকের অসুস্থতার কারণে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং পিছিয়ে যায়। এর ফলে ক্যাটরিনার হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শিডিউল নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু কোনো রকম অভিযোগ না তুলে হূতিকের সুস্থতার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন ক্যাট। শুধু তা-ই নয়, হূতিক যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সব সময় হূতিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাঁর মনোবল বাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যান ক্যাটরিনা। হূতিককে খুশি রাখার জন্য তাঁকে প্রায়ই ফোন করতেন এবং মজার মজার এসএমএস পাঠাতেন ক্যাট।