অর্জুনের কৃতজ্ঞতা
‘বাংলাদেশ সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না।’ অকপটেই স্বীকার করেছেন অর্জুন রামপাল। তবে অনুষ্ঠান করতে অল্প সময়ের জন্য বাংলাদেশে এসে যে আতিথেয়তার স্বাদ পেয়েছেন, তা কখনোই ভুলতে পারবেন না তিনি। গতকাল শনিবার ভোরে ভারতের মুম্বাইয়ে পৌঁছেই খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে টুইটস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘৪০ হাজার দর্শকের সামনে এ ধরনের কনসার্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হলো। সবার ভালোবাসা পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি।’ এরপর ই-মেইলে অর্জুন বেশ কিছু ছবি পাঠান। তিনি আরও জানালেন, এর আগে একবার ঋতুপর্ণ ঘোষের দেবী চৌধুরানী ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু পরে ছবিটি করা হয়নি। এবার পিঠের ব্যথার কারণে অনুষ্ঠানের দুই দিন আগেও অর্জুন তাঁর অপারগতার কথা আয়োজকদের জানিয়েছিলেন। পরে শাহরুখের অনুপ্রেরণার কারণেই কনসার্টে উপস্থিত হতে পেরেছেন।