অর্ণবের টিশার্টগুলো!

ইতিমধ্যে আমরা জানিয়েছি সংগীতশিল্পী অর্ণবের টিশার্ট ও জুতার নকশা করার খবর। এবার দেখে নিন তাঁর নকশা করা টিশার্টের কিছু নমুনা। যেগুলোর মাধ্যমে চিত্রাঙ্কনের শখ মেটানোর পাশাপাশি ব্যতিক্রম কিছু করার আনন্দ পাচ্ছেন এই শিল্পী।
এখন পর্যন্ত ৫০টি নকশা করেছেন অর্ণব। সুবিধা মতো সেগুলো জুড়ে দিচ্ছেন জুতা, টিশার্ট ও ব্যাগে। এগুলোর জন্য ঠিক করেছেন দুটি নাম—‘স্কয়ার ফিট’ ও ‘ফেইক ফিতা’। নকশাগুলো নিয়ে অর্ণব জানিয়েছেন, তাঁর প্রথম চিন্তা ছিল ব্যতিক্রম কিছু একটা করার। যেটা কি না হবে অদ্বিতীয় ও বিশেষায়িত। আগে কেউ যা করতে পারেনি।

অর্ণব বলেন, ‘প্রায়ই ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তখন হাতের কাছে ল্যাপটপ থাকত। মনে হলো সেই অবসরটা কাজে লাগাই। গাড়িতে বসে বসেই এই ডিজাইনগুলো করা। আমার ভক্ত, পরিবার, বন্ধুবান্ধবদের সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’
অর্ণব জানিয়েছেন, ভক্তদের জন্য শিগগির ফেসবুকে ‘Ornob’ নামে একটি নতুন পেজ খুলবেন। ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা সেখানে মতামত জানাতে পারবেন। এ ছাড়া পছন্দের জুতা, টিশার্ট ও ব্যাগের অর্ডারও দিতে পারবেন।’