অর্ধশত পর্বে ‘পৌষ ফাগুনের পালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজেন্দ্রকুমার মিত্রের জনপ্রিয় ত্রয়ী উপন্যাস— ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’র ৫০তম পর্ব প্রচারিত হবে আজ মঙ্গলবার। আফসানা মিমির পরিচালনায় এই ধারাবাহিক নাটকে নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। ধারাবাহিকটির ৫০তম পর্ব উপলক্ষে আজ মঙ্গলবার এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা সাইফুল বারী, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) শামসুল হুদা এবং ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের পরিচালক আফসানা মিমি। এ ছাড়া উপস্থিত ছিলেন নাটকটির অভিনয় শিল্পীরা।সাইফুল বারী তাঁর বক্তব্যে অভিনেত্রী আফসানা মিমিকে অভিনয়ে নিয়মিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পৌষ ফাগুনের পালা ধারাবাহিকের যতটুকু দেখেছি, তাতে মিমির পরিচালনার প্রশংসা করতেই হয়। আমি পরিচালনার পাশাপাশি আফসানা মিমিকে অভিনয়েও নিয়মিত হওয়ার অনুরোধ জানাব।’নাটকটির অভিনয়শিল্পী ফেরদৌসি মজুমদার বলেন, ‘৫০তম পর্বে আমার চরিত্রের সমাপ্তি ঘটছে। এ জন্য অবশ্য কিছুটা খারাপ লাগছে। তবে নাটকটিতে কাজ করতে গিয়ে পরিচালক আফসানা মিমির নিষ্ঠা ও কাজের প্রতি ওর মমত্ববোধ আমাকে অবাক করেছে।’ ভবিষ্যতে আফসানা মিমির পরিচালনায় আরও কাজ করতে চান বলে জানান ফেরদৌসি মজুমদার। আফসানা মিমি তাঁর বক্তব্যে নাটকটি ৫০তম পর্বে পদার্পণ করার জন্য এর কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী থেকে শুরু করে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে ভবিষ্যতে অভিনয়ে নিয়মিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনের শেষে পৌষ ফাগুনের পালা নাটকের কয়েকটি পর্ব দেখানো হয়।