অর্ধশতাব্দী পরে অস্কারে যাচ্ছে পাকিস্তানের ছবি!

দীর্ঘ পাঁচ দশক পর অস্কারে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হল পাকিস্তানি ছবি ‘জিন্দা ভাগ’। আগামী বছর অস্কারের ৮৬তম আসরে বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে পাঠানোর জন্য ছবিটিকে নির্বাচিত করেছে পাকিস্তানের অ্যাকাডেমি সিলেকশন কমিটি।
লাহোরের প্রেক্ষাপটে নির্মিত কমেডিধর্মী ছবিটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দীন শাহ। এরমধ্যেই কানাডার টরন্টোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উত্সবের তিনটি বিভাগ থেকে মোট চারটি পুরস্কার পেয়েছে ‘জিন্দা ভাগ’। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
পাকিস্তানের অ্যাকাডেমি সিলেকশন কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ‘জিন্দা ভাগ’ ছবিটি নির্বাচিত হয়েছে। সবচেয়ে বেশি ভোট পেয়ে এই দৌড়ে ‘চাম্বেলি’, যোশ’ এবং ‘লামহা’ ছবিগুলোকে পেছনে ফেলেছে ‘জিন্দা ভাগ’।
‘জিন্দা ভাগ’ ছবিটি প্রসঙ্গে পাকিস্তানি অ্যাকাডেমি সিলেকশন কমিটির সদস্য মেহরীন জব্বার জানিয়েছেন, বেশ ঝুঁকি নিয়েই ভিন্ন ধরনের একটি গল্প বলা হয়েছে ছবিটির মাধ্যমে। আর গল্পটি বলার ধরনও বেশ অভিনব। ছবিটির বিষয়বস্তু এবং উপস্থাপনায় সত্যের ছোঁয়া আছে। মেহরীন মনে করেন, পাকিস্তানি চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ ১৯৬৩ সালে খাজা খুরশিদ আনোয়ারের ‘ঘুংগট’ ছবিটি অস্কারে পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে।