
কে বলে ৪০ ছুঁয়ে গেলে অভিনেত্রীদের কদর কমতে শুরু করে? এ ধারণা যাঁদের মাথায় চেপে আছে, তাঁদের কি অর্পিতা পালের কথা জানা আছে? বয়স তাঁর ৪০ ছুঁয়েছে, আর এ বয়সে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অর্পিতার। মুক্তির অপেক্ষায় আছে সাব ও চৌরাঙ্গ নামের দুটি হিন্দি ছবি। এ দুটো ছবির মধ্য দিয়েই অর্পিতা পাল টালিউড থেকে বলিউডে পা ফেলতে যাচ্ছেন। তবে এর আগে সম্প্রতি কলকাতায় মুক্তি পেল তাঁর নতুন বাংলা ছবি বোধন। তাই এ নিয়েই এখন আলোচনায় টালিউডের এই চিরচেনা নামটি।
১৯৯৯ সালে টালিউডে যাত্রা শুরু অর্পিতার। সময় গড়িয়ে অনেক নতুন মুখই এসেছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বাজারে। কিন্তু অর্পিতা দর্শকদের মনে ঠাঁই করে নিয়েছেন অন্য এক প্রভাব ফেলে। আর দশজন টালিউড নায়িকার মতো অর্পিতা লাগামছাড়া অভিনয় করেননি। বছরে ১০ থেকে ১২টি করে ছবি নয়, অর্পিতা দর্শকদের সামনে এসেছেন কালেভদ্রে। শুরু থেকেই নিজের অবস্থান আর ইমেজের প্রতি দারুণ সচেতন ছিলেন। তাই তাঁর সময়ে কাজ শুরু করা অনেক ব্যস্ত নায়িকারা আজ হারিয়ে গেলেও অর্পিতাকে এখনো একনজর দেখতে এ যুগের দর্শকেরাও মুখিয়ে থাকেন।
১৬ বছরের অভিনয়জীবনে অর্পিতা অভিনয় করেছেন মাত্র ১৪টি ছবিতে। এর মধ্যে আবার সাতটিই করেছেন স্বামী প্রসেনজিতের সঙ্গে। আর বাকিগুলো অর্পিতার সঙ্গে যেমন হালে পরমব্রত কিংবা আমাদের দেশের ফেরদৌসকে দেখা গেছে, তেমনই পর্দায় অঞ্জন দত্তের সঙ্গেও অর্পিতা রসায়ন হয়েছে প্রশংসিত।
অভিনয়জগতের পাক্কা খেলোয়াড় অর্পিতা! হ্যাঁ, তাঁকে খেলোয়াড়ই বলতে হবে। কারণ, তাঁর মতো এমন কৌশলী অভিনেত্রী টালিগঞ্জে আর দ্বিতীয়টি নেই। এক হাতেই দিব্যি সামলে যাচ্ছেন অভিনয়, অন্য হাতে পরিবার। এমনকি ব্যস্ত অভিনেতা স্বামীকে অর্পিতা বুঝতে দেন না তাঁর বাহ্যিক ব্যস্ততাগুলো। তাই প্রায় সাক্ষাৎকারেই প্রসেনজিৎকে অর্পিতার প্রশংসায় মশগুল হতে দেখা যায়।
অর্পিতার সবশেষ মুক্তি পাওয়া ছবি বোধন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে ছবিটি। তৈরি করেছেন একেবারেই নতুন নির্মাতা অয়নাংশু। পুরোনো নায়িকা অর্পিতাকে নতুন এই নির্মাতা পর্দায় তুলে ধরেছেন ভিন্নভাবে। তাই তো অর্পিতা বেশ স্বস্তি নিয়েই বলেন, ‘বোধন-এর গল্পটা নিখুঁত। অয়নাংশুর সঙ্গে কথা বলে মনে হয়েছে, ওর মাথাটা পরিষ্কার। সে তাঁর গল্প আর নির্মাণের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। তাই আমিও তাঁর ওপর আস্থা করতে পারলাম এবং কাজটা খুব আনন্দের সঙ্গেই করলাম। এখন এর সাফল্য-ব্যর্থতা নিয়ে আর ভাবনা নেই। আমি কাজ করে তৃপ্ত।’
কলকাতার পত্রিকা অবলম্বনে