ঘাটে এসে ভিড়েছে নৌকা। গয়নার নৌকাই হবে হয়তো। গলুইয়ের পাশ থেকে লম্বা তক্তার সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে ঘাটে। কিছু যাত্রী মেনে গেছে কাঁধে-মাথায় বাক্সপেটরা নিয়ে। সিঁড়ি বেয়ে নেমে আসছে কেউ। দূরে আবছা দিগন্তরেখা। বালুচরের ওপর দিয়ে ঘরের দিকে ফিরছে যাত্রীর দল। নদীমাতৃক বাংলার চিরচেনা দৃশ্যটি জলরঙে ফুটিয়ে তুলেছেন শিল্পী অলকেশ ঘোষ। নদী তার প্রিয় বিষয়গুলোর অন্যতম। প্রবহমান নদীতে ভেসে চলা নৌকা, তার বাঁকে বাঁকে জনপদ, ফসলের মাঠ—এসব উঠে এসেছে এবারের প্রদর্শনীর বেশ কিছু কাজে। গতকাল শুক্রবার শুরু হলো এই প্রদর্শনী ঢাকা আর্ট সেন্টারে।প্রদর্শনীর কোনো শিরোনাম নেই। দেশে এটি শিল্পীর দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় একক প্রদর্শনী। প্রদর্শনীর সংখ্যায় শিল্পীর বিচার হয় না, অলকেশ ঘোষের ক্ষেত্রে কথাটি আরও বেশি লাগসই। ১৯৭২ সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সেখানে স্নাতক ডিগ্রি নিয়ে নিরবচ্ছিন্নভাবে শিল্পকলার চর্চাই করে চলেছেন তিনি। দেশ-বিদেশে বহু যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রসিদ্ধি অর্জন করেছেন দেশের অন্যতম প্রধান জলরঙের শিল্পী হিসেবে। তবে প্যাস্টেল ও তেলরঙের কাজেও তিনি সিদ্ধহস্ত। জলরঙে তিনি ফুটিয়ে তুলেছেন বাংলার নিসর্গের সৌন্দর্য, কবিতায় যেমন চিত্রকল্প রচনা করেছিলেন কবি জীবনানন্দ দাশ। গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে জলরঙের কাজে শিল্পীর অসাধারণ দখলের কথা তুলে ধরেছিলেন তাঁর শিক্ষক, অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। নিজের অন্যতম প্রিয় এই ছাত্রের সম্পর্কে তিনি বলেন ‘জলরং অত্যন্ত কঠিন মাধ্যম। সেটিকে অলকেশ নিজের জন্য অনায়স করে তুলেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান।১০ দিনব্যাপী প্রদর্শনীতে কাজ রয়েছে ১৬০টি। এর মধ্যে জলরং তো আছেই। আরও আছে অ্যাক্রিলিক, প্যাস্টেল ও কালিকলমের রেখাচিত্র। প্যাস্টেলে এঁকেছেন পাখি প্রধান বক ও মহিষ, বেশ কিছু প্রতিকৃতি, ঢাকার রাজপথের রিকশার দৃশ্য, সোনারগাঁয়ের পানাম নগরের দৃশ্য—এসব। নানা ধরনের কাজের বৈচিত্র্যময় এই প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করবে।প্রদর্শনী চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।চন্দ্র চকরচন্দ্র চকর নামে রাগসংগীতের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে। বিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী অনিল কুমার সাহার এটি তৃতীয় রাগসংগীতের অ্যালবাম। অ্যালবামে বাগেশ্রী রাগ ও যোগ রাগে দুটি খেয়াল আছে বিলম্বিত একতাল ও তিনতালে। শেষটি দেশ রাগে তিনতালের খেয়াল। চন্দ্র চকর অ্যালবামটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন।উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারে নিয়োজিত সংগঠন উচ্ছ্বাস ললিতকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বিশেষ অতিথি ছিলেন মাসুদ আহমেদ, কাজী রওনাক হোসেন ও আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন শেরিফা কাদের।বেঙ্গল আর্ট লাউঞ্জে মার্কিন শিল্পীর চিত্রকলা প্রদর্শনীগুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল থেকে যুক্তরাষ্ট্রের শিল্পী জন ডেন হারটিগের ‘পপ ওয়ালা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী হারটিগ ও বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।‘পপ ওয়ালা’ প্রদর্শনীতে ২৭টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পী ঢাকা মহানগরের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ছবিগুলো এঁকেছেন। এ প্রদর্শনী আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে।শিল্পী জন ডেন হারটিগ ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক প্রদর্শনী হয়েছে। জাদুঘরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাস্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় গতকাল। বেলা তিনটায় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পী রণজিৎ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।রণদাপ্রসাদ সাহা স্মারকগ্রন্থের প্রকাশনাদানবীর রণদাপ্রসাদ সাহা স্মারকগ্রন্থ-এর প্রকাশনা অনুষ্ঠিত হবে আজ শনিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থটি সম্পর্কে আলোচনা করবেন আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন এবং অধ্যাপক করুণাময় গোস্বামী। সন্ধ্যা ছয়টায় আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সবুজে শ্যামলে বাঁচুক প্রাণযান্ত্রিক নগরে একটু সবুজে-সান্নিধ্যে গতকাল শুক্রবার মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে হয়ে গেল অন্য রকম একটি আয়োজন। প্রকৃতির সৌন্দর্যে উচ্ছ্বসিত নানা বয়সের শতাধিক মানুষ এতে অংশ নেন। আয়োজনটি করেছিল প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব। ‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ স্লোগান নিয়ে চতুর্দশ বারের মতো হলো সংগঠনটির ‘গাছ দেখা গাছ চেনা’র এ অনুষ্ঠান। কর্মসূচির শুরুতে প্রয়াত নিসর্গী শেখর রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা বলেন, ‘আমরা প্রকৃতির ভাষা বুঝি না, বোঝার চেষ্টাও করিনি। নিজেদের বেঁচে থাকার স্বার্থেই আজ প্রকৃতির সঙ্গে মানুষের সংলাপ হওয়া প্রয়োজন।’ সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সংগঠক শাহজাহান মৃধাসহ অনেকে।আগত দর্শনার্থীদের কুম্ভী, রক্তন, উদাল, গর্জন, কইনার, তমাল, তুঁত, করমজা, অশোক, খয়েরসহ উদ্যানের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।