
অলিভিয়া ওয়াইজ নাম বললে অনেকেই চিনবে না। কিন্তু ১৬ বছরের ক্যানসার-আক্রান্ত কিশোরী মেয়েটি অতিসম্প্রতি জনপ্রিয় পপ তারকা কেটি পেরির রোর গানটির কভার করে সংগীতবিশ্বে হইচই ফেলে দিয়েছিল। এই মেয়েটিই ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবী ছেড়েছে ২৫ নভেম্বর। অলিভিয়া ওয়াইজের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে ২০১২ সালের জানুয়ারি মাসে, অস্ত্রোপচার করেও যা নিরাময় করা সম্ভব ছিল না। কিশোরী মেয়েটি তাই চায়নি ডায়াগনোসিস করে তার অবস্থা আরও খারাপের দিকে যাক। বরং যে কটা দিন বেঁচে ছিল, সে চেয়েছিল আনন্দ নিয়ে বাঁচতে। তার স্বপ্ন ছিল পেরির একটা গান নিজের কণ্ঠে গাওয়ার। কেটি পেরির পাঁড় ভক্ত মেয়েটি তাই ভাইয়ের স্টুডিওতে নিজের কণ্ঠে পেরির গানটি রেকর্ড করে ইউটিউবে পোস্ট করে। বাকিটা রূপকথার মতোই। ইউটিউবে ১২ অক্টোবর প্রকাশ করার পর ২৪ লাখ বারেরও বেশি দেখা হয়েছে তার কভার করা গানটি। স্বয়ং কেটি পেরিও ভিডিওটি দেখার তালিকায় নাম লিখিয়েছিলেন। শুধু তা-ই নয়, গানটি তাঁকে এতটাই স্পর্শ করেছিল যে তিনি একটি ব্যক্তিগত ভিডিও বার্তাও পাঠিয়েছিলেন অলিভিয়ার জন্য, যাতে বলেছেন, ‘আমি তোমার ভিডিওটি দেখেছি এবং আমাকে এটি স্পর্শ করেছে। তুমি খুব ভালো গেয়েছ, তোমার জন্য ভালোবাসা থাকল। অসংখ্য মানুষ তোমাকে ভালোবাসে বলেই তোমার ভিডিওটি আমার কাছে পৌঁছেছে। সবার গানটি খুব পছন্দ হয়েছে। কিপ রোরিং!’
অলিভিয়ার প্রয়াণের পর সিএনএনকে পাঠানো এক বার্তায় তার মা বলেন, ‘অলিভিয়ার জীবন ক্ষণিকের হতে পারে, কিন্তু তবুও তা ছিল পরিপূর্ণ, ক্যানসারের মুখেও দমে না গিয়ে সে বুকে আশা ধরে রেখেছিল।’ ২৬ নভেম্বর ভক্তের মৃত্যুসংবাদ শোনার পর টুইটারে কেটি পেরি অলিভিয়াকে উদ্দেশ্য করে পোস্ট করেন একটি হূদয় ছোঁয়ানো বার্তা, যাতে লেখা ছিল, ‘অলিভিয়া ওয়াইজ, আমি শুনতে পাচ্ছি তুমি এখন স্বর্গের দেবদূতের সঙ্গে গান করছ। তোমার জীবনীশক্তি ও সাহসিকতা আমাকে এবং আমার মতো আরও অনেককে উৎসাহ দিয়েছে...ভালো থেকো।’
এই একটি গান গেয়ে অলিভিয়া পুরো বিশ্বের অসংখ্য মানুষকে আশা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। বুঝিয়েছে স্বপ্ন কখনো শেষ হয় না, শত আঘাতেও আশা বুকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করা যায়। শুধু তা-ই না, এই গানের মাধ্যমে সে ব্রেইন টিউমার গবেষণার পথকে আরও খানিকটা এগিয়ে দিয়েছে। তার নামে চালু হওয়া লিভ ওয়াইজ ফান্ডে শিশুদের ব্রেইন টিউমারের চিকিৎসার জন্য এখন পর্যন্ত জমা হয়েছে এক লাখ ১৫ হাজার ডলার।
অলিভিয়ার জন্য থাকল অনেক ভালোবাসা।
l নাজিয়া শারমিন
ইয়াহু মিউজিক, ফক্স নিউজ অবলম্বনে