অলিভিয়া ওয়াইল্ডের বুনো-স্বপ্ন
সেই ২০০৪ সালে কাজ শুরু করলেও অলিভিয়া ওয়াইল্ড সমালোচকদের সুনজরে পড়েছেন সদ্যই। কাল মুক্তি পাচ্ছে কাউবয়েজ অ্যান্ড এলিয়েন, ড্যানিয়েল ক্রেগ আর হ্যারিসন ফোর্ডের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন যে ছবিতে। এরপর আসছে দ্য চেঞ্জ-আপ। দুটো ছবিরই বক্স অফিস পূর্বাভাসে ঝড়ের বার্তা। ওয়াইল্ড মানেই তো বুনো। যখন জানবেন, জন্ম বা বৈবাহিক সূত্রে পাওয়া নয়; অলিভিয়া নিজে নাম-পদবি হিসেবে বেছে নিয়েছেন এই ‘ওয়াইল্ড’, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে, কেন? চারিত্রিকভাবেই কি তিনি ‘ওয়াইল্ড’? মানে বেপরোয়া, লাগামছাড়া? কোনো বন্ধনকেই যিনি থোড়াই কেয়ার করেন না। সামাজিক বিধিনিষেধকে দেখান কাঁচকলা! যেমনটা তিনি নিজে, মাত্র ১৯ বছর বয়সে কিছু বুঝে ওঠার আগেই স্রেফ অতি রোমান্টিকতায় ভুগে করে ফেলেছিলেন বিয়ে। শেষ পর্যন্ত যে বিয়েটা টেকেনি।অলিভিয়া ওয়াইল্ড—নামটা তাঁর বুনো সৌন্দর্যের সঙ্গেও কিন্তু মিলে যায় বেশ। সোনারঙা চুল, সবুজাভ চোখে মায়াবী চাহনি, প্রথম দেখায় ভালো করে নজরে পড়ে না এমন ঈষৎ টোল পড়া গাল—ওয়াইল্ডের চেহারায় একটা বুনো সৌন্দর্যের আমন্ত্রণও আছে বৈকি। কিন্তু সত্যি বলতে কি, পারিবারিক উপাধি ‘ককবার্ন’ ব্যবহার না করে তিনি যে বেছে নিলেন ওয়াইল্ড, এর পেছনে আছে একটা গল্প। অলিভিয়া নিজে জন্মেছেন লেখক পরিবারে। তাঁর মা লেসলি ককবার্ন নিজে সাংবাদিক, সেই আলোচিত সিক্সটি মিনিটস-এর প্রযোজক; বাবা অ্যান্ড্রু ককবার্নও সাংবাদিক। নানা ক্লাউড ককবার্ন ছিলেন লেখক। লেখক ছিলেন তাঁর খালা সারাহ কডওয়েলও। তাঁর বড় বোন অবশ্য লেখক না হয়ে হয়েছেন নিউইয়র্কের নামকরা আইনজীবী। বেশ প্রতিষ্ঠিত একটা পরিবার থেকে উঠে আসা। তাঁদের বাড়িতে বাঘা বাঘা লেখক-বুদ্ধিজীবীর নিত্য যাতায়াত। মা-বাবার সুবাদে হলিউডে জায়গা করে নেওয়া তাঁর জন্য ছিল ডালভাত। রোজ যেখানে প্রযোজক প্রতিষ্ঠানগুলোতে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে পাঠানো হাজার হাজার জীবনবৃত্তান্তের স্তূপ জমা হয়, তিনি চাইলে সহজেই মায়ের হাত ধরে জায়গা করে নিতে পারতেন। কিন্তু না, কেউ যেন কখনোই এই অপবাদ দিতে না পারে, মা-বাবার বানিয়ে দেওয়া সিঁড়ি টপকে উঠে এসেছেন অলিভিয়া। সে জন্য ইচ্ছে করে বংশের পদবিটাই ছেঁটে ফেললেন! ককবার্ন বাদ দিয়ে হয়ে গেলেন ওয়াইল্ড।না, ডব্লিউআইএলডির বন্যতা নয়; তিনি ডব্লিউআইএলডিই—কিংবদন্তি লেখক অস্কার ওয়াইল্ডের পদবিটাই বেছে নিলেন। হয়ে গেলেন অলিভিয়া ওয়াইল্ড। কিন্তু এই পদবি বেছে নেওয়া কেন? হাইস্কুলে পড়ার সময়ই নামটা বেছে নিয়েছিলেন জানিয়ে অলিভিয়া বলেছেন, ‘নিজের পরিবারের বাইরে আমি নিজস্ব একটা পরিচয় গড়ে তুলতে চেয়েছি। আমার মা-ও এতে সায় দিয়েছেন। তিনিই আমাকে একটা আইরিশ নাম বেছে নিতে বলেন, যে নামটা আমাকে সব সময় অনুপ্রেরণা দেবে। সে সময় অস্কার ওয়াইল্ডের একটা নাটকে অভিনয় করছিলাম। বলা যায় চরিত্রটার প্রেমেই পড়ে গিয়েছিলাম। তখনই ভাবলাম অস্কার ওয়াইল্ডের মতো একজন বিপ্লবী, একজন কমেডিয়ান, দার্শনিকের নামটাই বেছে নিই না কেন।’এমনও কিন্তু নয়, নাচতে নেমে ঘোমটা দিচ্ছেন। আসছে দুটো ছবিতেই ‘দৃশ্যের প্রয়োজনে’ ‘একটু’ খোলামেলা হয়েছেন। বলছেন, দরকার পড়লে সামনেও হবেন। কিন্তু শুধু শরীরের সৌন্দর্য বিকিয়ে রুপালি পর্দার দেখনদারি-ব্যবসায় নাম কামাতে চান না। এ কারণেই এখনো পায়ের নিচে মাটি শক্ত না হলেও অডিশন দেওয়ার আগে চেয়ে নেন স্ক্রিপ্ট, গল্পটা দেখে নেন। এমনকি কোথায় কাহিনি মনপছন্দ না হলে নিঃসংকোচে পরিচালককে বলে দেন। তবে এক চিমটি গ্ল্যামারের সঙ্গে দু চিমটি অভিনয় মেশানোর রেসিপিটা তিনি ভালোই জানেন। হলিউডের সবচেয়ে বড় প্রযোজক প্রতিষ্ঠান ইউনিভার্সালের সঙ্গে প্রথম বড় বাজেটের ছবিতে কাজ করেই মুগ্ধ করছেন। ইউনিভার্সালের কো-চেয়ারম্যান ডোনা ল্যাঙ্গলি বলেছেন, ‘অলিভিয়া আমাকে অ্যাঞ্জেলিনা জোলির কথা মনে করিয়ে দেয়। জোলির মতোই দুর্দান্ত প্রতিভাবান, অপূর্ব সুন্দরী। সবচেয়ে বড় কথা, ভালো করেই জানে সে কী চায় এবং সেই চাওয়াটার পেছনে দ্বিধাহীনভাবে ছুটতে পারে।’এই ছুটতে পারাটাই এখনকার বাজারদরে অমূল্য। এটাই এখন সাফল্যের মূল সিঁড়ি। তাঁকে পা ফেলতে হবে হিসাবের গজ-ফিতে মেপে। অভিনয়ে বুঁদ হয়ে গিয়ে তিনি কতটা ‘ওয়াইল্ড’ হয়ে যেতে পারেন, সেটিও তো দেখিয়ে দিতে হবে, নাকি! রাজীব হাসান