অলোক বসু ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলোক বসু
অলোক বসু

অলোক বসু। মঞ্চে কাজ করছেন ২৫ বছর। নাটকের দল নাট্যধারার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। নাট্যরচনা ও নির্দেশনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন মঞ্চে। এবার তিনি অভিনয় করেছেন নাট্যধারার নতুন প্রযোজনা মলিয়েরের দ্য রিলাকটেন্ট ডক্টর অবলম্বনে গররাজি কবিরাজ নাটকের মূল চরিত্রে। সম্প্রতি নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। সাক্ষাৎকার নিয়েছেন সুজাত হোসেন

‘গররাজি কবিরাজ’ মঞ্চে আনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?
নাট্যধারা বরাবরই চেষ্টা করেছে দর্শকদের একটু ভিন্ন রকমের প্রযোজনা উপহার দিতে। তাই এবার মলিয়েরের নাটক নিয়ে কাজ করা। নাটকটির রূপান্তর ও নির্দেশনার কাজটি করেছেন আশীষ খন্দকার। কমেডিয়া ডেল আর্ট উপস্থাপনা রীতিতে নাটকটি নির্মাণ করা হয়েছে। গররাজি কবিরাজ নাটকের মধ্যে দর্শকদের জন্য যেমন রয়েছে নির্মল বিনোদন ও হাসির উপাদান, তেমনি আমাদের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা অসংগতির ইঙ্গিতও আছে।

গররাজি কবিরাজ’ নাটকে আপনি সদর আলীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি ও চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলবেন কি?

গররাজি কবিরাজ-এ সদর আলীর মতো এত বৈচিত্র্যপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ এর আগে আমি পাইনি। চরিত্রটি যেকোনো অভিনেতার কাছে দারুণ লোভনীয়। সদর আলী চরিত্রে রয়েছে বহুমাত্রিকতা। ধূর্ততাকে পুঁজি করে সমাজে কেউকেটা হয়ে ওঠে একজন ভুঁইফোড় মানুষ। নাম তার সদর আলী। একসময় নিজের কৃতকর্মের মাশুল দিয়ে সদর আলী খুঁজে নেয় নিষ্কৃতির পথ। হয়ে ওঠে আমাদের আশপাশের একজন। কিন্তু সে কথনো কারও কাছের মানুষ হয়ে উঠতে পারেনি। সদর আলী সবার জানা কিন্তু চেনা চরিত্র নয়। তাই এই চরিত্রে অভিনয়ের বিষয়টাকে নিয়েছি চ্যালেঞ্জ হিসেবে।
আপনি একজন নাট্যকারও। নাটক লেখা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি?
আমার লেখা বলতে তেভাগার পালা এবং অশ্বমেধ যজ্ঞ, ঘরামি ও অন্যগাজির অন্যকিসসা নাটকগুলোর কথা বলতে পারি। বর্তমানে নতুন একটি নাটক লেখার কাজে হাত দিয়েছি। সুন্দরবনের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে তৈরি করা হয়েছে নাটকের গল্প। নাটকটির নাম দিয়েছি কাঁকড়া কাহিনি। পরিকল্পনা আছে ঢাকার মসলিন নিয়ে একটি নাটক লিখব।
আপনি একসময় শিশুদের নিয়ে কাজ করেছেন। এখন আর করছেন না কেন?
বরিশাল শিশু থিয়েটারের জন্য আমি দুটি কাজ করেছিলাম। সেগুলো দেশের বিভিন্ন শিশু নাট্যোৎসব ছাড়াও অংশগ্রহণ করেছে দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে। পেয়েছে অনেক পুরস্কার ও প্রশংসা। শিশুদের নিয়ে সব সময় কাজ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ, আমার দলে শিশুদের নিয়ে কাজ করার সুযোগ নেই। সুযোগ পেলে শিশুদের নিয়ে আবার কাজ করব।
বর্তমান সময়ের থিয়েটার চর্চাকে কীভাবে দেখছেন?
বর্তমানে থিয়েটারে একধরনের পুনর্জাগরণ চলছে। এই গতিতে কে টিকে থাকবে আর কে পিছিয়ে পড়বে, তা নির্ভর করবে স্ব-স্ব মেধা ও সৃজনশীলতার ওপর। বর্তমান বৈশ্বিক সংস্কৃতির গতিপ্রবাহে অনেক বেশি অধ্যবসায় দরকার এখন থিয়েটারে। সংশ্লিষ্ট সবাইকে অনেক বেশি পড়তে হবে এবং দেখতে হবে।