অল্প অল্প অন্তু করিম
নিউইয়র্কের জ্যাকসন হাইটস বা ঢাকার কোনো ব্যস্ত রাস্তা। স্থান ভিন্ন হলেও ভক্তদের উচ্ছ্বাস একই রকম। এক জীবনে মিউজিক ভিডিওর অন্ধ হয়ে যাওয়া ছেলেটিকে দেখতে ছুটে আসে সবাই। ছেলেটি নিজেও বুঝতে পারেনি একটি মিউজিক ভিডিও এত মানুষের হূদয় ছুঁয়ে দেবে। বদলে দেবে একটা জীবন। অন্তু করিম নামের ছেলেটিকে এখন চেনে না এমন মানুষের সংখ্যা কম। ‘এক জীবনের মূল মিউজিক ভিডিও প্রথম দেখি চীনে। খুব পছন্দ হয় আমার। পরে জানতে পারি এই মিউজিক ভিডিওটি আরও দশটি দেশে কপি হয়েছে। আমি ভাবতে থাকি এ রকম একটি মিউজিক ভিডিও যদি আমরা তৈরি করতে পারতাম। এর মধ্যে শহীদ ও শুভমিতার গানটি হলো। মনে হলো গানটি যেন এমন মিউজিক ভিডিওর কথা ভেবেই হয়েছে। দুয়ে দুয়ে মিলে গেল। তারপর তো ইতিহাস।’ বললেন অন্তু করিম। অনুরূপ আইচের লেখায় আরফিন রুমি ছিলেন এই গানটির সংগীতায়োজনে।‘কোনো কাজই প্রস্তুতি ছাড়া করি না আমি। কম কাজ করব কিন্তু ভালোভাবে করব, যথাসময়ে করব। কথাটা গৎবাঁধা মনে হলেও আমি সেটাই করে আসছি।’ বলছিলেন অন্তু। অভিনয়ের শুরু ক্লাস সিক্স থেকে। তখন ফরিদপুরের শহীদ সুফি নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করতেন। এসএসসির পর ঢাকায় চলে এলেন। মডেলিং শুরু কি সেখান থেকেই? ‘ঠিক তা নয়। আমার মডেলিংয়ের শুরু পুনেতে। এইচএসসি শেষ করে ভারতের পুনের ফার্গুসন কলেজে কম্পিউটার সায়েন্সে স্নাতক পড়ছিলাম। সেখানেই প্রথম মডেল হওয়ার সুযোগ মেলে। সেখানকার ফ্যাশন ডিজাইনে যারা পড়ত ওদের পোশাক পরে র্যাম্প করার জন্য মডেল প্রয়োজন পড়ত। ওরা পেশাদার মডেল নিতে পারত না। ছাত্রাবস্থায় এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাদের। তখন বন্ধুদের মধ্যে থেকে মডেল বানাত। এভাবেই বন্ধুদের তৈরি পোশাক পরে র্যাম্পে কাজ করা শুরু। তখন যা করতাম, সব দেখে দেখে। দেশে ফিরে জিয়া দাদার কাছে আমার মডেল হওয়ার দীক্ষা নেওয়া। এভাবেই আস্তে আস্তে মডেলিংয়ের শুরু। এরপর টানা পাঁচ বছর নিপুণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। এ ছাড়া মাঝে র্যাম্প, টিভিসি ইত্যাদি কাজ চলছিল নিয়মিত। এর মধ্যে বাংলালিংক, ক্লোজআপ কাছে আসার গল্প ইত্যাদি টিভিসি ছিল উল্লেখযোগ্য।’ নাটকের কাজ শুরু করলেন কবে? ‘২০০৫ সালে তিশার বিপরীতে প্রোডাকশন নম্বর এইট নাটকে প্রথম অভিনয় করি। এ ছাড়া নোমান রবিনের পাংখা, ব্রাজেন্টিনা নাটকে অভিনয় করেছি। বর্তমানেও বেশ কিছু মিউজিক ভিডিও ও নাটকের কাজ চলছে। ইশতিয়াক আহমেদের প্রিয় মা, নাসিরুল ইমামের এক যোগ এক শূন্য, পার্থ সরকারের তোমাকেই ইত্যাদি। এখন নিজের ব্যবসাতেও সময় দিতে হয়। অভিনয়ে ব্যস্ততাও বেড়েছে। সব মিলিয়ে সময় হয়ে ওঠে না বেশি কাজ করার।’শুধু নাটক বা বিজ্ঞাপনই নয়, চলচ্চিত্রেও কাজ করেছেন অন্তু করিম। নোমান রবিনের জলদস্যু রক্তরহস্য চলচ্চিত্রে কাজ করেছেন। এ ছাড়া কাজ চলছে ইলাজার ইসলামের দ্বীপ নেভার আগে চলচ্চিত্রের। ‘শিগগিরই নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এর জন্য নিজেকে নানাভাবে প্রস্তুত করছি। নিয়মিত জিম করছি। আর নিরীক্ষাধর্মী কাজের প্রতি বিশেষ দুর্বলতা আছে আমার। বলতে পারেন একটা স্বপ্নের চরিত্রে কাজ করতে যাচ্ছি।’ চলচ্চিত্রের নাম কী? ‘সেটা এখনই বলতে পারছি না। সবকিছু ঠিকঠাক হওয়ার আগে বলতে পরিচালকের নিষেধ আছে।’ বাধ্য অভিনেতার মতো বললেন অন্তু করিম। ‘চলচ্চিত্রের প্রতি আমার অন্য রকম একটা ভালোবাসা আছে। আর এর বড় একটা কারণ আমার বাবা গোলাম মোস্তফা। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ অভিনয় করেছিলেন তিনি। আজকের আমি অভিনয়ে এসেছি শুধু বাবার অনুপ্রেরণায়। মাধ্যম যাই হোক শুধু অভিনয় করে যেতে চাই।’