অল্প অল্প মুগ্ধতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প অল্প প্রেমের গল্প ছবিতে শখ
অল্প অল্প প্রেমের গল্প ছবিতে শখ

‘বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা... কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে...’
নিলয় যখন পর্দায় এই সংলাপ বলছেন, ততক্ষণে হলে বসা দর্শক আশা-ভরসা দুটোই পেয়ে গেছেন। অল্প অল্প প্রেমের গল্প ছবিতে শখ-নিলয় জুটি তাঁদের মনে ধরেছে বলেই মনে হলো। ‘বাংলা সিনেমার নতুন দিন’ স্লোগান দিয়ে ছবি নির্মাণের ধুম লেগেছে কবছর হলো। অনেকেই ঢাকঢোল পিটিয়ে দর্শককে হলে টেনে নিয়ে নতুন কিছু দেখার আশায় পানি ঢেলে দিচ্ছেন! সেদিক থেকে পরিচালক সানিয়াত নিরাশ করেননি। ছবি দেখতে বসে পপকর্ন নয়, পর্দার দিকেই মনোযোগ দেওয়া গেল!
শুরুটা দারুণ! অগোছালো ঘরটাতে আলো-আঁধারির খেল, চরিত্রের মুখ দেখা না গেলেও তাঁর ভরাট কণ্ঠটা শোনা যাচ্ছিল। তাতেই মানুষটাকে চিনে নিতে কষ্ট হয়নি কারও। মিশা সওদাগর! পর্দায় তিনি ‘কিডন্যাপার বিষু’। কথায় কথায় বলেন ‘বিশ বছরের কিডন্যাপিংয়ের অভিজ্ঞতা আমার’। অপহরণের অভিজ্ঞতা তাঁর যত বছরেরই হোক, অভিনয়ের অভিজ্ঞতা যে বিশ বছর ছাড়িয়েছে, প্রমাণ করলেন মিশা। শুরু থেকে শেষ অবধি প্রতিটা দৃশ্যে তিনি সাবলীল! বড় পর্দায় নিলয়কে মানিয়েছে। ‘নিলয় চৌধুরী’র চরিত্র ফুটিয়ে তুলতে গিয়েই কি না কে জানে, তাঁর সংলাপ বলার ধরন কিছুটা ‘খোকাবাবুসুলভ’ মনে হলো। শখ—এক কথায় অসাধারণ! তবে বেশির ভাগ দৃশ্যে তাঁর উচ্চারণগুলো ‘উচ্চাড়ন’ হয়ে যাচ্ছিল। যেহেতু পর্দায় ‘ফাস্টফুড জেনারেশনের’ প্রতিনিধিত্ব করলেন, এটুকু ছাড় দেওয়াই যায়। তবু, তাঁর কিছু কিছু শব্দ কানে লাগে।
মধ্যবিরতির আগেই ছবির মূল নায়ক-নায়িকা দু-দুটো প্রেম করে ফেললেন! শুধু নিজেদের মধ্যেই প্রেমটা তখনো জমেনি। তানিয়ার (শখ) প্রথম ভালো লাগা এক ডাক্তারের প্রতি, তারপর বন্ধু নাঈম। ওদিকে নিলয়ও ততক্ষণে শিউলি আর কেয়ার সঙ্গে ‘অল্প অল্প প্রেম’ করে ছবির নামকরণের সার্থকতা প্রমাণ করেছেন। মনোবিদ্যার ছাত্রী তানিয়া, নায়কের মন বোঝার বিদ্যাটা তাঁর খুব একটা জানা ছিল না। নিলয়ের ভালোবাসার খবরটা যখন তাঁর কানে পৌঁছাল, তানিয়া তখন বধূবেশে বসে আছে। একটু পরই শহরের নামকরা মাস্তানের ছোট ভাইয়ের সঙ্গে তাঁর বিয়ে। এখন উপায়? দুশ্চিন্তায় জবুথবু হয়ে পর্দার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে পারেন। অথবা ছবি শেষে নায়ক-নায়িকার মিল তো হবেই—এই সূত্র জানা থাকলে নিশ্চিন্তে ছবি উপভোগও করতে পারেন। ফাঁকে ফাঁকে ছোটখাটো হাস্যরসগুলো বেশ ভালো ছিল। গান আর গানের দৃশ্যায়ন এককথায় মুগ্ধ করেছে। ছবির গল্প বলার ধরনটাও চমৎকার। শুধু শখ-নিলয় জুটির রসায়ন আর ছবির গানগুলো উপভোগ করতেই দর্শক চাইলে দ্বিতীয়বার হলে ভিড় করতে পারেন। ধন্যবাদ সানিয়াত!