অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

বেচারা রণবীর
একের পর এক প্রেমিকা বদলে জুড়ি নেই রণবীর কাপুরের। কখনো দীপিকা, কখনো নার্গিস, কখনো বা ক্যাটরিনা। প্রেমিকা খোঁজা মিনিটের ব্যাপার বলিউডের এই ক্যাসিনোভা ছেলের কাছে। কিন্তু সব কাজই তো আর প্রেমিকা বদলের মতো সহজ নয়। এটা আপাতত রণবীরের চেয়ে ভালো কেউ বোঝেন না। কারণ, ইদানীং প্রেমিকাদের বাদ দিয়ে, রণবীর তাঁর গাড়ি বেচার জন্য ভালো খদ্দের খুঁজছেন। কিন্তু গাড়ি বেচা কি এতই সোজা! তা আবার যদি হয় ‘অডি আরএইট’, তাহলে ক্রেতার অভাব তো হবেই। তা ছাড়া রণবীরের গাড়ি বলে কথা! এর ব্যাকসিটে কত বলিউড সুন্দরীই না জানি বসেছে। তাই একে তো আর যার-তার হাতে তুলে দেওয়া যায় না। তাই বেচারা রণবীর এখন যোগ্য ক্রেতার খোঁজে রাত-দিন এক করে দিচ্ছেন।

সুস্মিতা
সুস্মিতা

স্মৃতিকাতর সুস্মিতা
বাঙালিপনা যায় না সহজে। আবেগী বাঙালি মন নাড়ির টান অনুভব করে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন। চাকচিক্য, খ্যাতি, আভিজাত্য—বাঙালিয়ানাকে ছাপিয়ে যেতে পারে না কোনো কিছুই। সুস্মিতা সেন যে একজন খাঁটি বাঙালি, তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি কলকাতায় সুশ তার প্রথম বাংলা ছবি নির্বাক-এর শুটিংয়ে ব্যস্ত। কিন্তু শুটিংয়ে কি আর মন বসে? সুস্মিতার দিনের অনেকটা অংশই এখন কাটে স্মৃতিকাতর হয়ে। বিশ্বসুন্দরীর মুকুটজয়ী এ বাঙালি ললনা জানান, কলকাতায় এসে যেন আবারও ছেলেবেলায় ফিরে গেছেন তিনি। শহরের প্রতিটা রাস্তা, অলিগলি, দালান তাঁকে মনে করিয়ে দেয় অতীতের কথা। যে সময়টায় মা-বাবার হাত ধরে পূজার ছুটিতে দিদা বাড়ি বেড়াতে আসতেন। কলকাতায় না এলে যেন উৎসবকে উৎসব মনে হতো না তাঁর।

বিপাশা
বিপাশা

বিপাশার দামি আবদার!
গত কয়েকটা ছবি দিয়ে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেননি বিপাশা বসু। শনির দশা তাঁকে পেয়ে বসেছে। কিন্তু এর পরও নায়িকাসুলভ আবদারগুলো যায় না তাঁর। আসছে বিপস’র ক্রিয়েচার থ্রিডি ছবি। ছবির জন্য বিপাশা বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে বলিউডে গুঞ্জন অনেক আগে থেকেই। এবার নতুন খবর হলো, ছবির প্রযোজকের কাছে এক দামি আবদার করে বসেছেন তিনি। জানিয়েছেন, ছবির প্রচারের জন্য যেখানেই যাবেন, সেখানেই তিনি সঙ্গে নিয়ে যাবেন তাঁর ব্যক্তিগত স্টাইলিস্ট আর হেয়ার স্টাইলিস্টকে। আর তাঁদের পারিশ্রমিক দিতে হবে প্রযোজককেই। প্রতি প্রচারাভিযান বাবদ এক লাখ রুপি। বিপাশার এই দামি আবদার রাখতে গিয়ে এখন প্রযোজক-পরিচালকের হাঁসফাঁস অবস্থা। এতটা খরচ তো বিপাশার পেছনে ছবির শুটিংয়ের সময়ও হয়নি!

ব্র্যাডলি
ব্র্যাডলি

বার্গার ব্র্যাডলি
পাকা অভিনেতা হতে গেলে কত কাঠখড়ই না পোড়াতে হয়। এটা আপাতত ব্র্যাডলি কুপারের চেয়ে ভালো আর কেউ বুঝতে পারছে না। গেল বেশ কিছুদিন ধরে এই অভিনেতা দিন কাটাচ্ছেন হেঁশেলঘরে, তেল, খুন্তি, কড়াই আর চুলার সঙ্গে। বানানো শিখছেন বার্গার! কারণ, তার পরের ছবিতে তাঁকে বার্গার মাস্টার রূপে দেখা যাবে। তাই চরিত্রের সঙ্গে ন্যায়করতেই তিনি যুক্তরাষ্ট্রের ‘বার্গার কিং’-এর একটি দোকানে শিখছেন বার্গার তৈরির কলাকৌশল। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, প্রথম দিনের বার্গার তৈরির ক্লাসেই বেশ শিখে গেছেন রাঁধুনিসুলভ ব্যাপারগুলো। এখন শুধু পরিপক্বতা পাওয়ার চেষ্টা।

মিলা কুনিস
মিলা কুনিস

মিলার সাধ
প্রথমবারের মতো মা হওয়ার প্রতিটি স্মৃতিই মধুর। হোক তা কোনো সাধারণ মা, কিংবা তারকা মা—অনুভূতি সবারই এক রকম। প্রেমিক অ্যাস্টন কুচারের সন্তানের মা হতে যাচ্ছেন মিলা কুনিস। তাঁদের অপেক্ষার দিন খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। মিলার পা এখন যেন মাটিতেই পড়ছে না। তাঁর বন্ধুরা তাঁর জন্য সম্প্রতি সাধের আয়োজন করে। প্রথম সাধ নিয়ে মিলা কুনিসের উচ্ছ্বাসের শেষ ছিল না। তবে মিলার কাছে সাধের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল এর প্রথাগত দিকগুলো। যার মধ্যে অন্যতম হচ্ছে, সাধ অনুষ্ঠানে ছিল না কোনো পুরুষ অতিথি। আর ছিল অনেক অনেক মিষ্টি, চকলেট আর কেক।

সেঁজুতি শহীদ
সূত্র: মিড ডে, আইএএনএস, পিটিআই, জি নিউজ