অল্প স্বল্প গল্প
ভারতের মাইকেল জ্যাকসনএকটা সময় ছিল, যখন কেউ কেউ তাঁকে মাইকেল জ্যাকসনের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করতেন। না, গানে নয়, নাচে। প্রভুদেবা নাচের দিক দিয়ে এমজের সঙ্গে পাল্লা দিতে পারতেনও বটে। তবে জ্যাকসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে কখনোই ভাবেননি। সেই ভাবনা নিতান্তই ছেলেমানুষি হতো—এটা বেশ বুঝতেন। কেউ কেউ তাঁকে যে ভারতের এমজে বলত, সেটাই বরং হাসিমুখে মেনে নিতেন প্রভুদেবা। অনেকেই অন্য কোনো তারকার সঙ্গে এভাবে তুলনাটা পছন্দ করতেন না হয়তো, কিন্তু প্রভুদেবা জানালেন, বিষয়টি তিনি খুশ দিলেই মেনে নিয়েছেন, ‘এটা আমার বেশ ভালোই লাগে। এমজের নাচের ধরন আমাকে সব সময়ই অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর। আমাকে ভারতের মাইকেল জ্যাকসন বলা হয়—এর চেয়ে বড় প্রশংসা আর হতে পারে না।’ ‘একা’ লঙ্গোরিয়াযা দশা, তাতে নিজের নামটাই না শেষে পাল্টে একা লঙ্গোরিয়া করে ফেলেন। ইভা লঙ্গোরিয়ার নিয়তিই যেন একা থাকা। কোনো সম্পর্কই তাঁর টেকসই হয় না তেমন। একের পর এক সম্পর্কের সেতু পলকা ঘরের মতো ভেঙে পড়ে সামান্য ঝড়-বাতাসেই। আর্নেস্তো আরগুয়েল্লোর সঙ্গেও সম্পর্কটা যেমন টিকল না। মাত্র চার মাসের মাথায়ই বিচ্ছেদ! আরগুয়েল্লোর সঙ্গে লঙ্গোরিয়ার দেখা হয়েছিল তাঁরই প্রযোজিত ডেটিং শো ‘রেডি ফল লাভ’-এ। ব্যাচেলর আরগুয়েল্লো ভালোবাসার জন্য প্রস্তুত হয়েই যে অনুষ্ঠানটিতে এসেছিলেন, সেটা বোঝা যায় পরে, যখন দুজনে মন দিয়ে বসেন দুজনকে। কিন্তু সম্পর্কের রাশিটা যে বড্ড খারাপ লঙ্গোরিয়ার। এ কারণেই আবার বিচ্ছেদ। ৩৮ বছরের এই জীবনে বেচারির ভালোবাসার ভাগ্যটাই খারাপ। ২০০৭ সালে বিয়ে করেছিলেন টনি পার্কারকে। নিজের নাম পাল্টে হয়ে গিয়েছিলেন লঙ্গোরিয়া পার্কার। তিন বছরের মাথায় বিচ্ছেদ, ইভার ‘লঙ্গোরিয়া’ নামে প্রত্যাবর্তন। এর পর বেশ কজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া হলেও ইভা শেষ পর্যন্ত একাই!বাবা-মায়ের অনিচ্ছায়মা ছিলেন ভারতের বিখ্যাত অভিনেত্রী। ভাইও বলিউডের খানদানি খানদের অন্যতম। কিন্তু সোহা আলী খান জানাচ্ছেন, তাঁর বলিউডে পা রাখাটা মা শর্মিলা ঠাকুর, বাবা প্রয়াত মনসুর আলী খান পতৌদি; এমনকি ভাই সাইফ আলী খানও সহজভাবে নিতে পারেননি! অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা সোহা প্রথম জীবনে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন ব্যাংকারের জীবন। কিন্তু ২৫ বছর বয়সে তিনি পা রাখেন বলিউডে। সেই পা রাখাটা যে সহজ ছিল না, সেটাই জানিয়ে বলেছেন, ‘আমার বয়স যখন ২৫ হলো, আমি বাবা-মায়ের অনিচ্ছাতেই কাজ শুরু করি। আমার ভাইও ঘাবড়ে গিয়েছিল। সাইফ বলেছিল, “তুমি যে মুম্বাইতে এসে আমার সঙ্গে থাকতে শুরু করলে, বাবা-মা আমাকেই দোষ দেবে। ব্যাংকে তো তোমার চাকরিটা বেশ ছিল। এখন ওঁরা ভাববেন, আমার প্রভাবেই তুমি এমনটা করছ। ওঁদের বুঝিয়ে বলো, এটা তোমারই সিদ্ধান্ত।”’গাগার যুদ্ধলেডি গাগা এবার যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধ ঘোষণা দস্যুদের বিরুদ্ধে। না, এই দস্যু সেই দস্যু নয়। এরা অন্য রকম ‘পাইরেট’। এরা যে করে পাইরেসি! সম্প্রতি লেডি গাগাও পাইরেসির শিকার হয়েছেন। তাঁর নতুন সিঙ্গেল অ্যাপলজ নির্ধারিত সময়ের আগেই মুক্তি দিতে বাধ্য হয়েছেন গাগা। কারণ, কে বা কারা আগেই অনলাইনে ছেড়ে দিয়েছিল সেই গান! সমপ্রতি এমন বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে কেটি পেরিরও। ব্যান্ড দল ওয়ান ডিরেকশনের গানগুলোও ছেড়ে দেওয়া হয়েছিল ইন্টারনেটে। তাই এই দস্যুদের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করার আহ্বান জানালেন গাগা, ‘আমি মনে করি, বিশেষ করে সংগীতশিল্পের জন্য এই মুহূর্তে এটা খুবই জরুরি, আমরা সবাই এক হই, একে অন্যের গানগুলোকে সমর্থন করি।’ মরিয়া স্টুয়ার্টখোলস পাল্টাতেটোয়ালাইট সিরিজ তাঁকে অনেক দিয়েছে। তারকা হিসেবে পায়ের তলে শক্ত জমিন তো পেয়েছেন বেলা চরিত্রটিতে অভিনয় করেই। আবার টোয়ালাইট সিরিজ তাঁর সর্বনাশও করেছে বৈকি। কিছুতেই মানুষের মন থেকে সদ্য তরুণী বেলার প্রতিচ্ছবিটা মুছে ফেলতে পারছেন না ক্রিস্টেন স্টুয়ার্ট। বেলার বৃত্ত থেকে বেরোতে অন দ্য রোড ছবিতে দুঃসাহসিক কিছু দৃশ্যে অভিনয় করেও লাভ হয়নি। এবার খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে নতুন মিশন হাতে নিয়েছেন স্টুয়ার্ট। পুতুপুতু প্রেম আর নয়, এবার একেবারে ধুমধাড়াক্কা অ্যাকশন ছবিতে কাজ করবেন এই অভিনেত্রী। ক্যাম্প এক্স-রে নামের সেই ছবির চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে এক ইসরায়েলি সেনার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। অনেকেই জানে না স্টুয়ার্ট কিন্তু মার্শাল আর্টেও অনেক দক্ষ। তিনি যে স্রেফ রবার্ট প্যাটিনসনের সাবেক প্রেমিকাটি নন, সেটাই এবার কড়ায়-গন্ডায় বুঝিয়ে দিতে চান মরিয়া স্টুয়ার্ট। রাজীব হাসানসূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই