অল্প স্বল্প গল্প
শাকিরার রহস্য‘ওয়াকা ওয়াকা’ শাকিরা এখন তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে আছেন। ভক্তরা চাইছে, এ সময়ই তাঁর আরও একটি অ্যালবাম বাজারে আসুক। শাকিরাও চান না তাঁর ভক্তদের নিরাশ করতে। এ কারণে দিন-রাত এক করে ক্যারিয়ারের সেরা অ্যালবাম তৈরির চিন্তা করছেন। এবারের অ্যালবামটি স্প্যানিশ ও ইংরেজি দুটি ভাষায়ই করবেন তিনি। বেশির ভাগ গান থাকবে রক ধাঁচের। শাকিরা বলেন, ‘আমার দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে সংমিশ্রণ থাকবে এবারের কাজে। কাজ করতে গিয়ে ২০ বছরের বিভিন্ন ধাপ স্মরণ করতে চাই। “ওয়াকা ওয়াকা” গানটি তো থাকছেই, সঙ্গে থাকছে নতুন দুটি চমক।’ কী সেই চমক? জানতে চাইলে ‘চুপ’ শাকিরা! তাঁর একটিই কথা, ‘রহস্যটা রহস্যই থাকুক না!’ দীপিকায় মজেছেন সালমান!সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী এর আগে দুটি ছবি পরিচালনা করেছিলেন দিল নে জিসে আপনা কাহা, হ্যালো। কোনোটিই দর্শক আনুকূল্য পায়নি। তাই বলে অবশ্য অতুলের আগ্রহ দমে যায়নি। তিনি সম্প্র্রতি সালমান খানকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের পরিকল্পনা করছেন। নায়িকা চরিত্রে অতুলের পছন্দ ক্যাটরিনা কাইফ। ক্যাটের কাছে অতুল চিত্রনাট্যসহ প্রস্তাবও করেছেন এবং ক্যাট ছবিটি করতে তাঁর সম্মতিও জানিয়েছেন। কিন্তু বিপত্তি অন্যখানে। অতুল সালমানকে ছবির কাহিনি, চিত্রনাট্য শোনানোর পর নায়িকার নাম পেশ করেন। সালমান বলেন, ‘সবই ঠিক আছে। কিন্তু নায়িকা পরিবর্তন করতে হবে। এ চরিত্রে দীপিকা পাড়ুকোনকেই একমাত্র মানানসই মনে হচ্ছে। তা ছাড়া জুটিটিও নতুন, দর্শক আগ্রহী হবে।’ সালমানের কথা শুনে অতুল ভাষা হারিয়ে ফেলেন। ক্যাটকে বাদ দিয়ে দীপিকা? অবশ্য অনেকে বলছেন, এটা নিতান্তই রণবীর কাপুরের ওপর সালমানের মধুর প্রতিশোধ। রণবীর সালমানের প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়ায় সালমানও রণবীরের সাবেক প্রেমিকার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন।তথ্যসূত্র: ওয়েবসাইট