অল্প স্বল্প গল্প
চুমকির ছন্দপতনথিয়েটার তো সবাই করতে চান। কিন্তু নিয়মিত মহড়া এবং মঞ্চে গিয়ে অভিনয়ের সময়ই বা কজন দিতে পারেন। মঞ্চে কাজ করতে হলে নিয়মমাফিক সময় দিতে হয়। তা না হলে প্রথমে থিয়েটারে অনিয়মিত হওয়া, তারপর একেবারে মঞ্চ থেকে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকে না। ঢাকা থিয়েটারের নিয়মিত কর্মী ফারজানা চুমকিকেও গত এক বছর মঞ্চে দেখা যাচ্ছে না। তাঁর বেলায়ও কি তাই হতে যাচ্ছে? ‘আরে না। আমি তো ঢাকা থিয়েটারের সর্বশেষ দুটি নতুন প্রযোজনাতে কাজ করতে পারিনি। নিমজ্জন নাটকটিতে কাজের তেমন সুযোগও ছিল না। এখানে বেশির ভাগই নতুন ছেলেমেয়ে কাজ করেছে। আর ধাবমান নাটকটির সময় আমার বাচ্চা অসুস্থ ছিল।’ নিজেকে দায়ভার থেকে বাঁচালেন চুমকি। প্রায় আট বছর চুমকি ঢাকা থিয়েটারে নিয়মিত কাজ করেন। গত বছর প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের প্রথম মৃত্যুবার্ষিকীর উৎসবে ঢাকা থিয়েটারের প্রাচ্য, যৈবতী কইন্যার মন নাটকগুলোতে তিনি অভিনয় করেন। এরপর উধাও। এমনকি দলেও যাওয়া-আসা নেই। কেন? চুমকি বললেন, ‘এর মধ্যে নতুন কোনো কাজ দল হাতে নেয়নি। তা ছাড়া আমি যেসব নাটকে অভিনয় করি, সেগুলো এখন মঞ্চে আসছে না। ফলে দলে যাওয়া হচ্ছে না। নতুন কোনো কাজ হাতে নিলে আবার নিয়মিত হয়ে যাব, যদি নতুন কাজে অভিনয়ের সুযোগ থাকে।’জ্যোতি সিনহা একাই চার...একই মানুষের চার রূপ! আর এই চার চরিত্রের মানুষটি জ্যোতি সিনহা। তবে অভিনয় মঞ্চে। একটি মঞ্চনাটকের চারটি চরিত্রে অভিনয় করেছেন মণিপুরি থিয়েটারের এই অভিনেত্রী। সম্প্রতি মঞ্চে আসা শুভাশিস সিনহা নির্দেশিত কহে বীরাঙ্গনা নাটকটিতে এমন ঘটনা ঘটেছে। মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যর চারটি পাঠের চরিত্র হলো শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা। অবশ্য চারটি চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলতে তাঁকে কম কাঠখড় পোড়াতে হয়নি। এমনকি তাঁর ব্যক্তিগত জীবনের পেশা চাকরিও ছেড়ে দিতে হয়েছে। একই সঙ্গে বাংলা ভাষায় এটা তাঁর প্রথম নাটক। মণিপুরি ভাষা থেকে বেরিয়ে সংলাপ বাংলায় বলতে হয়েছে। জ্যোতি সিনহা বলেন, ‘নাটকের প্রয়োজনে টানা এক মাস সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় দিয়েছি। এ জন্য আমার চাকরি ছাড়তে হয়েছে। একটা ভালো কাজ দর্শকের কাছে পৌঁছানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘মহাভারত-এর নারী চরিত্রগুলো মধুসূদন দত্ত একটু ভিন্নভাবে এনেছেন। সেই ভিন্নতা মঞ্চে ফুটিয়ে তুলতে সব চেষ্টাই আমি করেছি। মধুসূদনের সব রচনা পড়ার চেষ্টা করেছি। নাটকের প্রতিটি সংলাপ থেকে শুরু করে শারীরিক ভঙ্গি—সবকিছুই নিজের দখলে নেওয়ার চেষ্টা করেছি।’ ইতিমধ্যে নাটকটির প্রায় ১২ প্রদর্শনী শেষ হয়েছে।জ্যোতি সিনহা মণিপুরি থিয়েটারের শ্রীকৃষ্ণকীর্তন, চন্দ্রকলা, ইঙাল আঁধার পালা প্রভৃতি নাটকে অভিনয় করেছেন।