অল্প স্বল্প গল্প
পুরোটাই গুজবমার্কিন মুল্লুকের আরাম-আয়েশ ছেড়ে স্বভূমে এসে মাধুরী দীক্ষিত বেশ আরামেই ছিলেন। বাবা-মা, বোনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ছেলেদের নতুন স্কুলে ভর্তি করিয়েছেন, স্বামী শ্রীরাম নেনে মুম্বাইয়ের শীর্ষস্থানীয় হাসপাতালের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন—সব মিলিয়ে জীবন চলছিল ছবির মতো। তবে উটকো ঝড়ের মতো গুজব-গুঞ্জনও যেন পিছু ছাড়ছে না মাধুরীর। শুরুতে গুজব হলো—মাধুরী তাঁর সাবেক প্রেমিক সঞ্জয় দত্তের সঙ্গে সাত্তে পে সাত্তা রিমেকে অভিনয় করতে যাচ্ছেন। নতুন খবর—মাধুরী এক বিজ্ঞাপনচিত্রের কাজ করতে গিয়ে প্রযোজককে ১৬ হাজার রুপির খাবারের বিল ধরিয়ে দিয়েছেন। মাধুরী এসব খবরের পরিপ্রেক্ষিতে নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পত্রিকায় যা পড়েন, সব বিশ্বাস করবেন না। আগে মানতাম, যা রটে তার কিছু হলেও ঘটে। কিন্তু এখন দেখছি, অকারণেই খবরের শিরোনাম হচ্ছি।’ মাধুরীর সচিব রাকেশ নাথ বলেন, মাধুরী কখনোই এতটা নির্বোধ নন, প্রযোজককে উল্টোপাল্টা বিল ধরিয়ে দেবেন। প্রকৃত সত্য হলো, মাধুরী এবার দেশে এসে কোনো বিজ্ঞাপনচিত্রের কাজই করেননি। ফিল্মিক্যাফে ডট কম। প্রশংসিত আমির খান!১ ডিসেম্বর ছেলের বাবা হলেন আমির খান। খবরটি পুরোনো। ছেলের নাম রেখেছেন আজাদ রাও খান। এ খবরও পুরোনো। নতুন খবর হলো, বলিউডপাড়ায় আমির ছেলের নাম রাখা নিয়ে বেশ প্রশংসিত হচ্ছেন। শুধু বলিউড-ই বা কেন, টক শো কিংবা নারীবাদীদের কাছেও বেশ প্রশংসা পাচ্ছেন আমির। কারণ একটাই—ছেলের নামের সঙ্গে নিজের স্ত্রীর নামও যুক্ত করেছেন আমির। কিরণ রাওয়ের ‘রাও’ এবং আমির খানের ‘খান’ মিলে ‘আজাদ রাও খান’। আমির অবশ্য মনে করেন না, তিনি প্রশংসিত হওয়ার মতো কোনো কাজ করেছেন। তাঁর ভাষায়: ‘সন্তানের জন্য মায়ের অবদান অস্বীকার করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? আমি চাই, আজাদ তার মা-বাবা দুজনের ভালো গুণের সমন্বয়ে বড় হোক।’