অল্প স্বল্প গল্প
নিল-সোনালের প্রেমআবারও প্রেমে মজেছেন অভিনেতা নিল নিতিন মুকেশ। এবার তাঁর প্রেমিকা বলিউডেরই আরেক অভিনেত্রী সোনাল চৌহান। সোনালকে জান্নাত ছবিতে এমরান হাশমির বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। সম্প্র্রতি নিল-সোনাল একসঙ্গে ইরোস প্রযোজিত একটি ছবিতে কাজ করছেন। নিলের ভাষ্যমতে, সোনালের সঙ্গে এখনো তাঁর প্রেম হয়নি। তবে প্রেমিকা হিসেবে সোনালের চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না। সোনাল অবশ্য এখনো নিলের ব্যাপারে কিছু বলতে নারাজ। তিনি শুধু বলেন, ‘নিলের মতো যোগ্য সহকর্মী আর হতে পারে না। তবে প্রেম নিয়ে এখনো কিছু ভাবছি না।’ নিল জানান, এর আগে প্রিয়াঙ্কা নামে একজনের সঙ্গে তাঁর প্রেম ছিল। কিন্তু প্রিয়াঙ্কা শুধু তাঁকে ধোঁকাই দিয়েছেন। নিলের সঙ্গে এরপর অভিনেত্রী অসিনের প্রেমের গুজব শোনা গেলেও তা স্রেফ গুজব বলেই উড়িয়ে দিতে চান নিল। (সূত্র: হিন্দুস্তান টাইমস)প্রতারক হূদয়এডওয়ার্ডের জন্য কী করতে পারে বেলা? প্রশ্নটা অন্যভাবেই আসলে করা উচিত—বেলা কী-ই না করতে পারে! টোয়ালাইট সিরিজে তাঁদের এই হূদয়ছোঁয়া প্রেম অনেকের কাছে এই জুটিকে করে তুলেছিল এ যুগের রোমিও-জুলিয়েট। শুধু রুপালি পর্দায় নয়, বাস্তবের রঙ্গমঞ্চে দুর্দান্ত এক জুটি হিসেবেই দেখা হতো ক্রিস্টেন স্টুয়ার্ট আর রবার্ট প্যাটিনসনকে। দুজনের প্রতি দুজনের ভালোবাসা অনেক সময় পর্দার বেলা-এডওয়ার্ডকেও যেন হার মানিয়ে দিত। কিন্তু এরই মধ্যে পাওয়া গেল অন্য খবর। নিজেদের এই ভালোবাসাকে অসম্মান করে, প্যাটিনসনকে ফাঁকি দিয়ে পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গেও কয়েক দিন গোপন অভিসার করেছেন স্টুয়ার্ট! হায় রে কপাল, স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান-এর পরিচালকের সঙ্গে ক্ষণিকের প্রণয়ে স্টুয়ার্ট যখন মত্ত, সেই সময় প্যাটিনসন প্রেয়সীর চরণযুগলে সমর্পণ করবেন বলে লিখেছেন গান! এক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এই ২৬ বছর বয়সী অভিনেতা জানিয়েছেন, স্টুয়ার্টকে উপহার দেবেন বলে একটা ‘লাভ সং’ লিখেছেন। অবস্থা যেখানে গিয়ে পৌঁছাল, তাতে না প্যাটিনসন আবার কলম আর গিটার হাতে বসে যান। লিখে ফেলেন বিরহগীতি!পাজির পা-ঝাড়াচার বছর আগে যমজ আনন্দে ভেসে গিয়েছিলেন জেনিফার লোপেজ। চার বছর আগে যে তাঁর কোলজুড়ে এসেছিল ম্যাক্সিমিলিয়ান আর এম্মি। কিন্তু জে লো এখন বুঝতে পারছেন, যমজ সন্তান মানে যমজ দুশ্চিন্তাও। পৃথিবীর সবচেয়ে দুরন্ত আর দুষ্টু শিশুর পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকলে, সেই পুরস্কার নাকি ম্যাক্স আর এম্মিই জিতত! এমন ঘোষণা দিচ্ছেন জে লোর সামপ্রতিক সংগীত সফর নিয়ে কাজ করাদের একজন। এই সফরে মায়ের সঙ্গেই ছিল এই দুই ভাই-বোন। কিন্তু স্টেজের পেছনে থাকা কর্মীদের নাকি ঘাম ছুটিয়ে ছেড়েছে এই মানিকজোড়। যন্ত্রাপাতি ভেঙে তছনছ করেছে। তার ধরে টানাটানি করেছে। ঝগড়া, মারামারি করে ঝালাপালা করে দিয়েছে। তারস্বরে কেঁদে কানে লাগিয়ে দিয়েছে তালা। কর্মীরা আবার সব সময় ভয়ে ভয়ে ছিল। মঞ্চের পেছনের যন্ত্রপাতিগুলোর বেশির ভাগেই থাকে হাই ভোল্টেজের বিদ্যুৎ। সব মিলে জে লোর এই সফরে তাঁর কর্মীদের দিতে হয়েছে চরমতম পরীক্ষা। এঁদের একজন শেষে ধৈর্য রাখতে না পেরে বলেছেন, ‘জেনিফারের উচিত এখনই তার সন্তানদের শাসনের মধ্যে নিয়ে আসা। নয়তো পরে ওকেই পস্তাতে হবে।’ আমিরের বিপরীতে আনুশকাএর চেয়ে বড় প্রস্তাব আর হতেই পারে না! আনুশকা শর্মা সত্যিই সৌভাগ্যবতী। প্রথমবারের মতো আমির খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম পিকে। তার চেয়েও বড় খবর, এই ছবির পরিচালক রাজকুমার হিরানী; যিনি মুন্নাভাই সিরিজ ও থ্রি ইডিয়টস নির্মাণের কারণে ইতিমধ্যে সবচাইতে সফল নির্মাতার খেতাব পেয়েছেন। যদিও শুরুতে এই ছবিতে আমিরের অভিনয়ের বিষয়টি অনিশ্চিত ছিল, আমির কিছুতেই ছবির জন্য নির্মাতার চাওয়া শিডিউল দিতে পারছিলেন না। বাধ্য হয়েই পরিচালক রণবীর কাপুরকে ছবির চিত্রনাট্য পাঠান। রণবীর এক বাক্যে ছবিটি করতে রাজি হন। কিন্তু তত দিনে আমির ধুম থ্রি ছবি থেকে লম্বা ছুটি পেয়ে যান। পরিচালকও রণবীরের কাছে ক্ষমা চেয়ে আমিরকে ছবিতে সই করিয়ে নেন। আমির বলেন, এই ছবির চিত্রনাট্য হিরানীর এ যাবৎকালের সেরা চিত্রনাট্য। এই ছবির সঙ্গে জড়িত সব শিল্পী-কলাকুশলীই নিজেদের সৌভাগ্যবান মনে করবেন, এ রকম একটি চিত্রনাট্যে কাজ করতে পেরে। আনুশকার সঙ্গে প্রথমবার অভিনয় নিয়ে আমির বলেন, ‘আনুশকা বেশ সহজ-স্বাভাবিক অভিনয় করেন। আশা করি আমাদের জুটি দর্শকদের ভালো লাগবে।’ আনুশকা আমিরের সঙ্গে কাজের সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত। তাঁর ভাষায়, ‘আমি আমার ক্যারিয়ারের সেরা উপহারটুকু পেয়েছি। এই লোভনীয় প্রস্তাবকে যথাযথ কাজে লাগানোর চেষ্টা করব।’ (সূত্র: রেডিফ) বেচারি হিলটনদুবার অনামিকায় আংটি পরেছেন। আরও তিনবার সংবাদমাধ্যমে নিজের বিয়ের আগাম সুখবরও দিয়েছেন। কিন্তু প্যারিস হিলটনের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এখনো ‘সিঙ্গেল’! বেচারির আর কী দোষ! তাঁর প্রেমের গ্রহটার ওপর শনির নজর যে কাটছেই না! জ্যাসন শাওয়ের সঙ্গে প্রথম আংটি বদল হয়েছিল দশ বছর আগে। এরপর নিক কার্টার, প্যারিস লাৎসিস, স্তাভরস নিয়ার্কোস, বেনজি ম্যাডেন, ডগ রেইনহার্ট, সাই ওয়েইটস, আফ্রোজ্যাক... দশ বছরে আটজনের সঙ্গে ভালোবাসার সাম্পানে ভেসেছেন। কিন্তু তাঁর সব প্রেমই বোধ হয় ‘মেড ইন চায়না’ টাইপের। টেকসই হয় না। ডিজে আফ্রোজ্যাকের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ছয় মাস আগে। তবে হিলটনের হূদয়ে নাকি বেশি দিন ‘টু-লেট’ ঝোলে না। এরই মধ্যে নতুন প্রেমিক জুটিয়ে নিয়েছেন বলেই খবর। সমপ্রতি ফ্রান্সে এক ধনাঢ্য ব্যবসায়ীর পার্টিতে গিয়েছিলেন এই ৩১ বছর বয়সী। সেখানেই এক সুদর্শন তরুণের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাঁকে। ওই সুদর্শনের নাম জানা যায়নি। এ-ও যেমন জানা যায়নি, এই প্রেমের আয়ু পার্টিতেই শেষ কি না!