অল্প স্বল্প গল্প

সানি লিওনের মাধুরী-বাসনা
ধীরে ধীরে বলিউডে আসন গেড়ে বসছেন। মুম্বাইয়ে বাসা কিনে ঘরসংসারও পেতে বসেছেন। বোঝাই যাচ্ছে, পর্নো তারকার খোলস ছেড়ে পুরোদস্তুর বলিউডি নায়িকাই হতে চাইছেন সানি লিওন। বলিউড-কন্যা তা তিনি এরই মধ্যে হয়েও গেছেন। এরই মধ্যে তিন-তিনটি হিন্দি ছবিতে কাজও করেছেন। লিওনের এখন বাসনা জেগেছে মাধুরী দীক্ষিত হবেন! মানে মাধুরীর মতো নাচবেন আরকি!
বলিউডের সর্বকালের সেরা নায়িকাদের অন্যতম সেরা নাচিয়ে হিসেবে সুখ্যাতি আছে মাধুরীর। সেই মাধুরীর নাচের এক ঝলক দেখার সৌভাগ্য লিওনের হয়েছে ‘ঝালাক দিখলা যা’র সেটে। মাধুরীর নাচে বিমোহিত লিওন পরে বলেছেন, ‘আমি বলিউডের গানে নাচতে পছন্দ করি। মাধুরীজির ‘ডোলা রে ডোলা’ (দেবদাস ছবির) তো আমার ভীষণই প্রিয়। আমার স্বপ্ন, একদিন আমি মাধুরীর মতো নাচতে পারব।’
লিওন অবশ্য ‘ও লায়লা’ নামের কোমর দুলানি ঝাকানাকা এক আইটেম গানে নেচেছেন সঞ্জয় গুপ্তার শুটআউট অ্যাট ওয়াদা ছবিতে। এর আগে জিসম ২ দিয়ে বলিউডের উঠোনে পা রাখা। পরে কাজ করেছেন রাগিনী এমএমএস ২ ছবিতেও।
রুপালি পর্দায় আজহারউদ্দিন
তাঁর জীবনটা যেন বলিউডি কোনো ছবির গল্পই। মেলোড্রামা, সাসপেন্স এমনকি রোমান্সেরও কোনো কমতি নেই। হায়দরাবাদ থেকে উঠে এসে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, অন্যতম সফল অধিনায়কের স্বীকৃতি পেয়ে যাওয়া; সেই স্বর্গ থেকে হুট করে মর্ত্যে পতন। ম্যাচ পাতানোর কলঙ্ক নিয়ে নির্বাসিত। দীর্ঘ আইনি লড়াইয়ে সেই কলঙ্ক থেকে মুক্তি পাওয়া। মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের এই গল্পটাই এবার উঠে আসছে রুপালি পর্দায়। তাঁকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন একতা কাপুর। এ ব্যাপারে আজহারের সঙ্গে চুক্তিও হয়ে গেছে বলে খবর।
খেলার মাঠ থেকে একসময় রাজনীতির ময়দানে নেমে পড়া, বলিউডকন্যা সঙ্গীতা বিজলানিকে পেতে নয় বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে দেওয়া, মাত্রই কদিন আগে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জাওলা গুত্তাকে নিয়ে রোমান্টিক সম্পর্কের গুঞ্জন—মাত্র এক ম্যাচের কারণে শততম টেস্ট খেলার স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া আজহারের জীবনে রসদের অভাব নেই। অনেকেই আগ্রহী ছিলেন তাঁকে নিয়ে ছবি বানাতে। কিন্তু শেষ পর্যন্ত বড় অঙ্কের বিনিময়ে একতা আজহারকে রাজি করিয়েছেন বলেই খবর। এ বছরের শেষে শুরু হবে শুটিং।
রাজীব হাসান
আইএএনএস, এএনআই, টিওআই অবলম্বনে

শোকই এখন শক্তি
এখনো লোকান্তরিত বাবার জন্য চোখে জল তাঁর। কিন্তু বাবা হারানোর শোক যেন ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারেও তো সজাগ থাকতে হবে। বলছি প্রিয়াংকা চোপড়ার কথা। বাবা হারানোর শোক এক পাশে রেখে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়তে চান বলিউডের এই ‘পিসি’। সঞ্জয় লীলা বানসালির ম্যারি কম বায়োপিক ছবি নিয়ে গত মাস থেকেই ব্যস্ত ছিলেন। কিন্তু অকস্মাৎ তাঁর বাবার মৃত্যুতে ছবিটির সব কাজ বন্ধ হয়ে যায়। তবে বানসালিও যে প্রিয়াংকাকে এখনই ছবিটি শুরু করার তাগিদ দেবেন, এতটা পাষাণ তিনি নন। ঘটনাটি উল্টো—জিদ্দি মেয়ে প্রিয়াংকাই ছবির কাজ শুরুর জন্য এখন জেদ ধরেছেন। বলেছেন, বাবা হারানোর শোকই নাকি শক্তি জোগাবে তাঁকে। এই ছবির জন্য এখন নিয়মিত ঢিসুম ঢিসুম—বক্সিং শিখছেন তিনি। প্রিয়াংকার পারিবারিক সুত্র জানিয়েছে, সকালে বাবার মঙ্গল কামনায় পূজা-অর্চনা করেন তিনি। এরপরই ‘ভালো’ বক্সিং শিক্ষার্থী হিসেবে জিমে ছুটে যান।
জাহিদ হোসাইন খান
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে