অল্প স্বল্প গল্প
গদগদ প্রেমভালোবেসে নিজের মনের মানুষটিকে কী বলে ডাকেন? কুট্টুসসোনা, তুলতুল, পুতুপুতু নাকি আদি অকৃত্রিম ময়নাপাখি! না, লজ্জা পাবেন না। বরং জেনে রাখুন, আপনার মতোই হলিউড তারকারাও নিজের মনের মানুষটি অদ্ভুত সব নামেই ডাকেন। যে নামের কোনো অর্থ হয় না, সেই নামই নাকি বেশি রোমান্টিক! এই যেমন ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির কথা ধরুন। পর্দায় তাঁরা ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, সাংবাদিকদের কলমে দুইয়ে মিলে ব্র্যাঞ্জেলিনা; কিন্তু নিজেরা? নিজেরা একে অন্যকে কী নামে ডাকেন? পিট আদর করে জোলিকে ডাকেন ‘মিফি’ বলে। আর জোলি পিটকে ডাকেন ‘কিটি’! ছয় সন্তানের অভিভাবক এই জুটি শিগগিরই বিয়ে করতে চলেছেন। চলছে তারই প্রস্তুতি। শুভকামনা জানাতেই পারেন, তবে পিট-জোলিকে নয়—মিফি আর কিটিকে!আত্মপরিচয়বিখ্যাত বাবা বা মায়ের সন্তান হওয়ার সুবিধা আছে। অসুবিধার পাল্লাটাও নেহাত কম ভারী নয়। সব সময় বাবা বা মায়ের সঙ্গে তুলনা হওয়াটা অবধারিত। আবার সেই ছায়া থেকে বেরিয়ে এসে নিজের আলাদা পরিচয় গড়ে তোলাও কঠিন। সবাই বলবে, ও তো অমুকের মেয়ে কিংবা ছেলে। এ কারণেই রোহান গাভাস্কারদের আর ‘গাভাস্কার’ হয়ে ওঠা হয় না। এই সত্যই এখন উপলব্ধি করছেন প্যারিস জ্যাকসন। চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে মাইকেল জ্যাকসন কন্যার। ছবির নাম লন্ডন’স ব্রিজ অ্যান্ড দ্য থ্রি কিজ। এই ছবি করতে গিয়েই হয়তো তেতো কোনো অভিজ্ঞতা হয়েছে। গ্ল্যামার সাময়িকীকে প্যারিস বলেছেন, ‘আমি বাবাকে ভালোবাসি। তাঁর মেয়ে হিসেবে গর্বিত। কিন্তু আমি শুধু এম জের মেয়ে পরিচয়ে বেড়ে উঠতে চাই না। অনেকে মনে করে, বাবার কারণে আমি শোবিজে এসেছি। কিন্তু আমি দেখিয়ে দিতে চাই, আমারও প্রতিভা আছে, চেষ্টা করলে আমিও পারি।’হঠাৎ শত্রুঘ্ন!দিনের পর দিন একঘেয়ে আউটডোর শুটিং আর তার ওপর যদি মনটা পড়ে থাকে ঘরের কোণে, কেউ কি ভালো থাকতে পারে? এই রকম কালো মেঘের ঘনঘটায় সোনাক্ষি সিনহার আকাশে হঠাৎ সোনা-রং ঝলমলে রোদ!দ্য সান অব সরদার ছবির শুটিং চলছিল পাতিয়ালাতে। মেয়ে অন্তঃপ্রাণ বাবা শত্রুঘ্ন সিনহা অপ্রত্যাশিতভাবে হাজির হলেন সেটে। শটের মাঝখানে। বাবাকে পেয়ে সোনাক্ষি তখন আদরের ছোট্ট মেয়ে। সোনাক্ষির খুব ঘনিষ্ঠজন বাবা। কিন্তু কিছুদিন ধরে ছবি প্রচারণা আর ক্রমাগত কাজের চাপে পরিবারকে সময় দিতে পারছিলেন না। তাই বাবা শত্রুঘ্ন চলে এলেন পাতিয়ালার শুটিং স্পটে। অজয়সহ সেটের অন্যরাও যেন একটু নড়েচড়ে বসলেন সে সুযোগে। কিছুক্ষণের জন্য হলেও শিডিউলের বাইরে চমৎকার সময় কাটল সবার।আবদার বটেটম ক্রুজের মামার বাড়ি কোথায়, কে জানে। তবে সেটা মন্টেনেগ্রোতে নয়। আর তাই সেখানে গিয়ে মামার বাড়ির আবদার করলে তো হবে না। ক্রুজের সেই আবদার মেটাবে কে? মামার বাড়ির আবদারই বটে। মন্টেনেগ্রোর যে হোটেলে উঠেছিলেন, সেখানে হইচই বেশিই হচ্ছিল। বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর শান্তি খুঁজতেই এখানে আসা। এখানেও যদি হট্টগোলের মধ্যে থাকতে হয়, তা হলে লাভ হলো কী। তাই হোটেল ম্যানেজারকে গিয়ে হলিউড তারকা বলেন হোটেল খালি করে ফেলতে, যেন তিনি শান্তিতে অন্তত নৈশভোজটা করতে পারেন। কিন্তু এই আবদার কি মেটানো যায়? পরে ক্রুজ ফিরে গেছেন তাঁর ইয়টে। সেখানেই পাঠিয়ে দেওয়া হয়েছিল খাবার। ক্রুজ হোটেল খালি করতে চেয়েছেন শোনার পর সেখানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু ভীষণ ক্ষুব্ধ এক ব্যক্তি বলেছেন, ‘মিস্টার ক্রুজ নিজেকে ভাবেন কী, হ্যাঁ?’ রাজীব হাসানতথ্য: রয়টার্স, এএনআই ও আইএএনএস কার জন্য কেনাকাটা?এই অক্টোবরে বিবেক ওবেরয় হাতে কোনো কাজ রাখেননি। সুইজারল্যান্ড যাচ্ছেন। উদ্দেশ্য—কেনাকেটা, ঘুরে বেড়ানো। সঙ্গে বউ থাকবে, কিন্তু কেনাকাটা হবে অন্য একজনের জন্য। যাকে বিবেক এখনো দেখেননি। সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে তাদের দেখা হবে। ওবেরয়-দম্পতির সেই অনাগত অতিথির জন্যই এ ছুটির আয়োজন। শিশুবান্ধব জিনিসপত্তর, খেলনা, কাপড় ইত্যাদি কেনাকাটা আর ছুটির আমেজে সুইজারল্যান্ডের নৈসর্গিক আবহে হবু মা-বাবা নিজেদের নতুন করে আবিষ্কার করুক। তাঁদের জন্য শুভকামনা। মারুফা রহমান, তথ্য: টাইমস অব ইন্ডিয়া