অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালি বেরি
হ্যালি বেরি

গরিবি বিবাহ
একেকটা বিয়েতে কী ধুন্ধুমার কাণ্ডটাই না করেন তারকারা। খরচের একেবারে চূড়ান্ত যাকে বলে। আস্ত একটা দ্বীপও ভাড়া করেন কেউ কেউ। বিয়ের গাউনের পেছনেই খরচ হয় লাখ লাখ টাকা। সেদিক দিয়ে একেবারে উল্টোটা করলেন হ্যালি বেরি। প্রতি ছবিতে ৭০ লাখ পাউন্ডের দাঁও মারা বেরি মাত্র ১১ হাজার ডলারেই শুভকাজের খরচটা সেরে নিয়েছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী গেল সপ্তাহে প্যারিসের শহরতলিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিয়ে করেছেন অলিভিয়ের মার্টিনেজকে। মাত্র ৬০ জনের মতো অতিথি ছিলেন এই অনুষ্ঠানে। ধারণা করা হচ্ছে, গড়পড়তা প্রত্যেক ব্রিটিশ সাধারণ বিয়েতেও যা খরচ করেন, তার অর্ধেকেই কাজটা সেরে ফেলেছেন বেরি। অহেতুক ফালতু খরচ এড়াতেই, নাকি স্রেফ কিপটেমি করে খরচ বাঁচিয়েছেন, তা অবশ্য জানা যায়নি!

অনুমোদিত উদ্দামতা!
অনেক দিন পর উদ্দাম একটা সপ্তাহ পার করলেন ব্র্যাড পিট। এক্কেবারে ব্যাচেলর জীবনের লাগামহীনতা যেন ফিরে পেয়েছিলেন। টানা এক সপ্তাহ ফ্রান্স আর ইতালিতে পার্টি করে বেড়িয়েছেন পিট। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের প্রাসাদ মতোন একটা বাড়ি আছে দক্ষিণ ফ্রান্সে। সেখানে ছিলেন কয়েক দিন। এরপর ইতালিতে বন্ধু জর্জ ক্লুনির বিলাসবহুল ভিলায় কাটিয়েছেন তিন রাত।

ব্র্যাড পিট
ব্র্যাড পিট

এর আগে ইউটুর বোনো এবং ল্যারি মুলেনের সঙ্গেও মৌজ-মাস্তি করতে দেখা গেছে তাঁকে। বিশ্বস্ত সূত্রের খবর, এই প্রতিটা পার্টিতেই পানাহার করে ইচ্ছেমতো রাত কাটিয়েছেন। বড় সংসারের সাংসারিক দায়িত্ব আর ক্যারিয়ারের ব্যস্ততার কারণে অনেক দিন পর এমন পেখম মেলার সুযোগ মিলেছে তাঁর। তবে এর প্রতিটাই তিনি করেছেন অ্যাঞ্জেলিনা জোলির অনুমতি নিয়েই। সংসারের শিকল থেকে খানিকটা মুক্তি দিতেই জোলি নিজে নাকি ঠেলেঠুলে ঘুরতে পাঠিয়েছেন পিটকে।

বন্ধুর প্রয়োজনে
তীব্র প্রতিযোগিতার এই যুগে কেউ যেন কারও বন্ধু নয়। সবাই তক্কে তক্কে থাকে অন্যকে ল্যাং মেরে কীভাবে দুই কদম এগিয়ে যাওয়া যায়, সেই সুযোগের সন্ধানে। এরই মধ্যে ব্যতিক্রমও থাকে নিশ্চয়ই। টাবু আর মনীষা কৈরালা যেমন। প্রায় সমসাময়িক তাঁদের ক্যারিয়ার। তবে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী যতটা, তার চেয়ে কয়েক গুণ বেশি বন্ধু। মনীষা যখন তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন, প্রতিনিয়ত খোঁজ নেওয়া একমাত্র মানুষটি ছিলেন টাবু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন মনীষার যেন ছায়াসঙ্গী হয়ে ছিলেন দূরে থেকেও। সুস্থ হয়ে মনীষা মুম্বাইয়ে ফিরে আসার পরও নিজের দায়িত্ব শেষ মনে করেননি টাবু। এখনো সঙ্গ দিয়ে যাচ্ছেন। বেশ ভালোই কাটছে তাঁদের সময়। দুজনে একসঙ্গে মিলে সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করছেন। শুভাকাঙ্ক্ষীরা তাঁদের এই বন্ধুতা দেখে মুগ্ধ।

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

লোভী লোপেজ
খবর যা বেরিয়েছে, তাতে জেনিফার লোপেজকে প্রচণ্ড লোভী বলা ছাড়া উপায় নেই। শিল্পীরা টাকার বিনিময়ে তাঁদের শিল্প বেচেন। তাই দিয়ে জীবিকা নির্বাহ করেন। তার পরও তো দায়িত্ববোধ বলে একটা ব্যাপার আছে। টাকা দিলেই বা সবার কাছে আপনি বিক্রি হবেন কেন! কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে লোপেজ বিশ্বের বিভিন্ন প্রশ্নবিদ্ধ ব্যক্তির জন্য নেচে-গেয়ে এসেছেন। আর এ কারণে লোপেজের সমালোচনা করেছে হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
সম্প্রতি লোপেজ তুর্কমেনিস্তানের স্বৈরশাসক গুরবাঙ্গুলি বারদিমুখামেদভের ব্যক্তিগত একটি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে ১৫ লাখ ডলার নেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। এরপর খবর বেরোয়, লোপেজ এর আগেও উজবেকিস্তানের শিল্পপতি আজম আসলানভের ছেলের বিয়েতে গান গেয়ে ১০ লাখ ডলার নিয়েছেন। বেলারুশের স্বৈরশাসক থেকে শুরু করে রাশিয়ার দুর্নীতিবাজ আমলার হয়ে লোপেজের এ ধরনের আরও কিছু অনুষ্ঠানের তালিকা বেরিয়ে এসেছে। এগুলো তাঁর ভক্তদের ভুল বার্তা দেয় বলে মনে করছে এইচআরএফ।
 রা. হা.
আইএএনএস, এএনআই, টিওআই অবলম্বনে

টম হ্যাংকস
টম হ্যাংকস

দাদু হ্যাংকস!
মেঘে মেঘে বেলা তো আর কম গড়াল না। মাথার চাঁদিতে ক্রমেই প্রকাশ্য ঈষৎ টাকটাই নীরবে বলে দিচ্ছে সব। তার পরও তাঁর ভক্তদের অনেকের জন্যই এই খবরটা প্রথম শোনায় ধাক্কার মতো লাগবে নিশ্চয়ই—দাদু হয়েছেন টম হ্যাংকস। রুপালি পর্দায় নয়, বাস্তব জীবনেই। পুত্র কলিন ও পুত্রবধূ সামান্থা ব্রায়ান্ট গেল সপ্তাহে ফুটফুটে এক নাতনি উপহার দিয়েছেন ৫৭ বছর বয়সী হ্যাংকসকে। খুশিতে ডগমগ হয়ে নাতনি শার্লটের সঙ্গে তোলা একটি ছবি পোস্টও করেছেন হ্যাংকস। সেই ছবিতে আনন্দে আট নয়, এক্কেবারে ষোলোখানা দেখাচ্ছে তাঁকে। সেই ছবির নিচে হ্যাংকস লিখেছেন, তাঁর নাতনি ২০৩৩ সালে এই পৃথিবী শাসন করবে! সেটা তাঁরই মতো রুপালি পর্দায় কি না, তা অবশ্য খোলাসা করেননি। মজার ব্যাপার হচ্ছে, শার্লট হ্যাংকসের দ্বিতীয় নাতনি। মানে কিনা, দাদা তিনি হয়েছেন আগেই!