অল্প স্বল্প গল্প
জেটা-জোন্সের অসুখবাইপোলার ডিসঅর্ডার জিনিসটা কী? ভুল করেও যেন এই প্রশ্ন ক্যাথরিন জেটা-জোন্সকে জিজ্ঞেস করে বসবেন না! হাসিখুশি জেটা-জোন্স মুহূর্তে ধারণ করতে পারেন ভিন্ন রূপ। হাসি কর্পূরের মতো উবে গিয়ে সেখানে ভর করতে পারে আগ্নেয়গিরির মতো রাগ। বাইপোলার ডিসঅর্ডার জিনিসটা আসলে অনেকটা এ রকমই। এটা এমন একটা মানসিক সমস্যা, যেটার কারণে মুহূর্তেই মুড বা ভাবের বদল হয়ে যায়। এই অসুখেই এখন ভুগছেন জেটা-জোন্স। সমস্যা হলো, এই খবর ছড়িয়ে পড়ার পর যেখানেই যাচ্ছেন, বেরসিক সাংবাদিকেরা অমোঘ প্রশ্নটি করছেনই। এ নিয়ে এই অভিনেত্রী রীতিমতো তিতিবিরক্ত। ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে গিয়ে জেটা-জোন্স বলেছেন, ‘এটা নিয়ে কথা বলতে বলতে ঘেন্না ধরে গেছে। কখনোই চাইনি এটা সবাই জানুক। কিন্তু সবাই জেনে গেছে। আমি আমার সমস্যাটা সবচেয়ে ভালোভাবেই মোকাবিলা করছি। প্রত্যেকের জীবনেই তো কোনো না কোনো সমস্যা থাকে। তার ভেতরে থেকেই আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করি। আপনি তো আর ছাদের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারেন না, দেখো, আমার এই সমস্যা হয়েছে; দেখো, আমি এর শিকার।’কারদাশিয়ানের দুঃখফিলিস্তিনিদের রক্তাক্ত দেহ তাঁকে ব্যথিত করে না। তিনি সহমর্মিতা জানিয়ে টুইট করেন ইসরায়েলের উদ্দেশে। সেই কিম কারদাশিয়ানের হূদয় ভেঙে গেছে বিড়ালের মৃত্যুতে! সম্প্রতি মারা গেছে এই রিয়েলিটি তারকার বিড়ালছানা মার্সি। মার্সির মৃত্যুতে অভাজন আমজনতা আরেকটি তথ্য জানতে পেরেছে। বিড়ালের ক্যানসার হয়। কারণ ক্যানসারেই মারা গেছে মার্সি। কারদাশিয়ানের মতো এই বিড়ালও তারকা হয়ে উঠেছিল। কারদাশিয়ানের সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠেছিল একসময়। বিড়ালছানাটি কারদাশিয়ানকে উপহার দিয়েছিলেন তাঁরই প্রেমিক কানইয়ে ওয়েস্ট। এই র্যাপারের জনপ্রিয় সিঙ্গেলের নামেই নাম দেওয়া হয়েছিল মার্সি। বিড়ালছানাটি দেখভালের জন্য দিয়ে দেওয়া হয়েছিল কারদাশিয়ানদের এক ব্যক্তিগত সহকারী সিডনি হিচকককে। সিডনির প্রেমিকই প্রথম আবিষ্কার করেন, বিড়ালছানাটিকে কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে। স্থানীয় পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে মার্সির ক্যানসার ধরা পড়ে। বিড়ালের মৃত্যুশোকে কারদাশিয়ান লিখেছেন, ‘আমার হূদয় ভেঙে যাচ্ছে।’ হায় কারদাশিয়ান, ফিলিস্তিনিদের রক্তও যদি আপনাকে শোকাতুর করত! জামা বেচে ঋণ শোধ!লিন্ডসে লোহানের দুর্দশা বুঝি শেষই হবে না। আরও একবার যে হাজতবাসের অভিজ্ঞতা হয়ে গেল লিলোর। এবার নৈশ ক্লাবে এক তরুণীর নাক ফাটিয়েছেন। পুলিশকে মিথ্যা বলার মতো অপরাধও আছে। কিছুতেই দুর্দশার বৃত্তটা ভাঙতে না-পারা লোহান পড়েছেন আর্থিক সংকটেও। কর পরিশোধ করার জন্য নাকি নিজের দামি দামি সব জামা বিক্রি করে দিচ্ছেন তিনি। বকেয়া করের জন্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ করেছে। ২৬ বছর বয়সী লোহানের বোন সব জামা বিক্রি করতে গিয়ে যেন আকাশ থেকে পড়েছেন। ‘এসব জামার দাম মাত্র ৭০০ পাউন্ড? এটা হাস্যকর। এগুলোর দাম অনেক বেশি হওয়া উচিত। তা ছাড়া এগুলো পরে লিন্ডসের অনেক ছবিও ছাপা হয়েছে। সেগুলোর তো দাম আছে’—দোকানে নাকি এভাবেই কথা বলছিলেন লোহানের বোন অ্যালি। আর আগে আর্থিক দুর্দশা থেকে লিলোকে বাঁচাতে তাঁর বন্ধু অভিনেতা শার্লি শিন ৬২ হাজার পাউন্ড ধার দিয়েছিলেন, যে ধার আসলে সম্প্রদান কারকের অন্তর্গত। রা. হা.সূত্র: রয়টার্স, এএনআই, আইএএনএস