অল্প স্বল্প গল্প
নার্গিস ফখরির অস্বীকারগেল সপ্তাহে হঠাত্ শোনা গিয়েছিল রকস্টার-খ্যাত অভিনেত্রী ও মডেল নার্গিস ফখরির সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেতা উদয় চোপড়া। কিন্তু সপ্তাহ না যেতেই নার্গিস তাঁর বিয়ের খবরকে টুইটারের এক টুইটে ‘গালগল্প’ বলে উড়িয়ে দিলেন। নার্গিস টুইটারের খুদেবার্তায় জানিয়েছেন, ‘এখন অনেক আনন্দ ও হাসিখুশিতে কাজ নিয়ে ব্যস্ত আমি। এখনই বিয়ে করছি না। গালগপ্পে কানপাতার সময় নেই আমার।’ তবে তাঁদের ঘনিষ্ঠজনেরা বলছেন আরেক গল্প এবং এ গল্পে তাঁরা আবার ‘নাকি’ শব্দটিও জুড়ে দিয়েছেন। তাঁদের কথা এমন—এক বছর আগেই ২০১৩ সালের মার্চে নার্গিস ফখরি আর উদয় চোপড়ার বিয়ের দিন নাকি ঠিক হয়ে আছে। ছেলের পছন্দের ওপর ভরসা ছিল বলেই উদয়ের মা নার্গিসের মায়ের সঙ্গে দেখা করে দিনও পাকা করে রেখেছিলেন। এমনকি একসঙ্গে দুজনকে মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানেও নাকি দেখা যেত। কিন্তু সম্প্রতি উদয়ের বাবা ইয়াশ চোপড়ার মৃত্যুর পর বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা বাদ দেন উদয়ের মা। তারপরই ডালপালা গজাল গল্পের। এখন দেখা যাক, এ গল্পের আয়ু কত দিন।নতুন রঙে সোনাক্ষিবিভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন দাবাং খ্যাত নায়িকা সোনাক্ষি সিনহা। প্রশংসা পেয়েছেন ওহ মাই গড ছবিতে আইটেম গানের জন্যও। নতুন বছরে তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন আশির দশকের বিখ্যাত ছবি হিম্মতওয়ালা-এর রিমেক আইটেম গানের জন্য। সেই সময় সিনেমাটিতে যেমন দেখা যেত তেমন একটি গানে এবার নাচবেন সোনাক্ষি। সঙ্গে থাকবে নমক হালাল ছবির বিখ্যাত গান ‘জাওয়ানি জানেমন’-এর মতো স্টেজের চারপাশজুড়ে নাচতে থাকা শতাধিক নৃত্যশিল্পী ও ‘এক্সট্রা’ নামে পরিচিত ৪০০ অভিনয়শিল্পীর ঝুমুর ঝুমুর নাচ। আশির দশকের ডিস্কো থিমের এ গানে সোনাক্ষি নাচবেন বলিউড পর্দা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া রঙিন সেই ড্যান্স ফ্লোরে। আয়না, কাচ, লাল নীল আলোর রশ্মিতে এলোমেলো লাইটিং আর জ্বলজ্বলে ডিসকো বলে সাজানো মঞ্চে নতুন রঙে দেখা যাবে তাঁকে। সুনিধি চৌহান কণ্ঠ দেবেন এ আইটেম গানে। আর সাজিদ খানের পরিচালনায় এ ছবির মূল অভিনেতা অজয় দেবগন ও জনপ্রিয় তামিল অভিনেত্রী তামান্না। জাহিদ হোসাইন খান সূত্র: বলিউড হাঙ্গামা ও জিনিউজ জুলিয়া রবার্টসের এইডস!না, ভয় পাওয়ার কারণ নেই। হলিউডের মিষ্টি এই অভিনেত্রীর সত্যি সত্যি এই মরণব্যাধি হয়নি। তবে রুপালি পর্দায় তিনি এইডস নিয়ে কাজ করছেন তাঁর পরের ছবিতে। আশির দশকে নিউইয়র্কে ভয়াল এক ছোবল হেনেছিল এই মহামারি। এই ঘটনা নিয়ে তৈরি পুরস্কারজয়ী টিভি নাটক দ্য নরমাল হার্ট এবার বানানো হচ্ছে রুপালি পর্দায়। সেই ছবিতে ড. এমা ব্রুকনার নামের এক চিকিত্সকের ভূমিকায় অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। ছবিটি পরিচালনা করেছেন গ্লির স্রষ্টা রায়ান মারফি। ২০১৪ সালে এইচবিওতে মুক্তি দেওয়া হবে দ্য নরমাল হার্ট। রা হা, সূত্র: এএনআই