অল্প স্বল্প গল্প
শাহরুখের ‘মিরাকল’

যখন খুব হতাশ হয়ে পড়েন, যখন তাঁর একটা অলৌকিক কিছুর খুব প্রয়োজন পড়ে যায়, তখন শাহরুখ খান আর কিছু করেন না, শুধু মেয়ে সুহানার দিকে তাকান। মেয়েই তাঁর জন্য অন্তহীন অনুপ্রেরণার উৎস। টুইট বার্তায় কিং খান লিখেছেন, ‘যখন আমার একটা অলৌকিক কিছুর প্রয়োজন পড়ে, আমি শুধু আমার মেয়ের চোখের দিকে তাকাই এবং অনুভব করি, আমার প্রয়োজনটা মিটে গেছে।’ শাহরুখ যতই তাঁর বয়স আটকে রেখে রোমান্টিক হিরোগিরি করে বেড়ান, মেয়ে তাঁর বড় হচ্ছে। একদিন প্রেমও নিশ্চয়ই হবে। শাহরুখ চান, তাঁর মেয়ে যেন তাঁর মতোই একজন মানুষকে প্রেমিক হিসেবে খুঁজে নেয়। সেই প্রেমিকের মধ্যে শাহরুখের সব গুণই থাকবে, শুধু রাগটা ছাড়া!
আরও চাই

দুটোর বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—জনসংখ্যা নিয়ন্ত্রণের এই সদুপদেশ হলিউড তারকাদের দিয়ে লাভ নেই। তাঁরা বিশ্বাস করেন, বড় পরিবারই সুখী পরিবার। আর তাই তো অভিনেত্রী গিনেথ প্যালট্রো ভাবছেন, এবার তৃতীয় সন্তানটি নিয়েই নেবেন। ঢের তো অপেক্ষা করলেন। আর কত। বড় মেয়েটার বয়স এখন নয় বছর। ছেলে মোজেসের বয়সও সাত চলছে। তৃতীয় সন্তান নেওয়ার তাই এটাই উপযুক্ত সময়। এ ব্যাপারে স্বামী সংগীত তারকা ক্রিস মার্টিনকে নাকি রাজিও করিয়েছেন, ‘ক্রিস আর আমি সত্যিই তৃতীয় সন্তানটা চাই। যদিও জানি না, এই বয়সে এসে এখনো বাচ্চার ভেজা প্যান্ট বদলাতে পারব কি না।’
হলিউডে দীপিকা

সুসময়ের স্রোতেই ডিঙি বাইছেন দীপিকা পাড়ুকোন। একের পর এক হিট ছবি দিয়ে বলিউড মুঠোয় পুরে নিয়ে এবার তিনি জয় করতে চলেছেন হলিউড।
অ্যাকশন ছবির ভীষণ জনপ্রিয় সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন-এ তাঁকে দেখা যাবে। চেন্নাই এক্সপ্রেস-এর অবিশ্বাস্য সাফল্যের পর হ্যাপি নিউ ইয়ার-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। তিনি ভিন ডিজিলের ছবিতে জ্যাসন স্ট্যাথাম, ডোয়াইন জনসনের সঙ্গে অভিনয় করছেন। এখনো খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা হলেও উইকিপিডিয়ার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন-এর ভুক্তিতেও ছবির শিল্পী হিসেবে আছে দীপিকার নাম। ছবিটি মুক্তি পাবে আগামী বছর জুলাইয়ে। পর পর বেশ কয়েকটি হিট ছবি উপহার দেওয়া দীপিকার ঝুলিতে এই মুহূর্তে আছে প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি রামলীলাও!
শিকার বিবার
ভক্তদের কাছ থেকে শুধু ভালোবাসাই পাবেন, তা তো হয় না। এবার ভক্তের আক্রমণের অভিজ্ঞতাও হলো জাস্টিন বিবারের। কানাডার এক নৈশক্লাবে ঘটেছে এই ঘটনা। ১৯ বছর বয়সী এই সংগীত তারকা নৈশক্লাবের ভিআইপি জোনেই ছিলেন। কিন্তু হুট করে মাথায় কোন খেয়াল যে চাপল, ভক্তদের সঙ্গে বাৎচিত করার জন্য নিচের ভিড়ে নেমে এলেন। তখনই এক খ্যাপাটে ভক্ত তাঁর ওপর চড়াও হন। শার্ট ধরে টেনে বিবারকে ভূপাতিত করার চেষ্টা করেন ওই ব্যক্তি। বিবার লাথি কষে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন।

এমন সময় তাঁর দেহরক্ষীরা এসে উদ্ধার করেন তাঁকে। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এই বেইবির গায়ক।
রাজীব হাসান
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন ও পিটিআই
লক্ষ করুন
আনন্দ’-এর ৫ সেপ্টেম্বরের সংখ্যায় মতিন রহমানের ‘সালমান শাহ: দিন গুনতে গুনতে ১৭ বছর’ শিরোনামে লেখায় অসাবধানতাবশত সালমান শাহর জন্ম তারিখ ছাপা হয়েছে ২৯ সেপ্টেম্বর ১৯৭০। প্রকৃতপক্ষে তাঁর জন্ম তারিখ ১৯ সেপ্টেম্বর ১৯৭১। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।—বি. স.