অল্প-স্বল্প-গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশা ও বিপাশা
এশা ও বিপাশা

এশা বনাম বিপাশা

পর্দার শত্রুতাটা পর্দার বাইরেও টেনে আনলেন এশা আর বিপাশা। বলিউডের এই দুই অভিনেত্রীর মধ্যে শীতলযুদ্ধ চলছে। লন্ডনে সাজিদ খানের হামশাকাল-এর শুটিং করতে গিয়ে দুজনের সম্পর্কের ফাটলটা স্পষ্ট হয়ে গেছে। আর এই দুইয়ের মাঝখানে পড়ে রীতিমতো গ্যাঁড়াকলে আছেন পরিচালক সাজিদ। বিপাশা মনে করেন, বলিউডে এশার অনেক সিনিয়র হিসেবে তিনি প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না। শুধু তা-ই নয়, পরিচালক এশাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে খেদও আছে তাঁর মনে। সাজিদের নতুন ছবিতে এশার চরিত্রটির দৈর্ঘ্য নাকি বিপাশারটির থেকেও বেশি। এশাকে একটা উচিত শিক্ষা দিতেই পাশার দান চালতে চাইছেন বিপাশা।

মল্লিকা শেরওয়াত
মল্লিকা শেরওয়াত

গ্ল্যামারের ঝক্কি

গ্ল্যামারই তাঁর সম্পদ। মল্লিকা শেরওয়াত স্বীকারও করেছেন, আজ তাঁর যা কিছু অর্জন, সবই এই গ্ল্যামারের বদৌলতে। কিন্তু গ্ল্যামারের একটা ঝক্কিও দেখছেন মল্লিকা, ‘গ্ল্যামারাস সব চরিত্রই আমাকে নাম, যশ, সাফল্য আর স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু একই সঙ্গে এ ধরনের একটা ভাবমূর্তি আমার বিপক্ষেও কাজ করেছে। সবাই আমাকে একই ধরনের চরিত্রের জন্যই ডাকেন। আমার পক্ষে করা সম্ভব এমন দারুণ কিছু চরিত্রে আমাকে কখনোই বিবেচনা করা হয় না।’ কাহানি বা ডার্টি পিকচার-এর মতো ছবিতে কাজ করার জন্য ব্যাকুল হয়ে আছেন মল্লিকা। কিন্তু পরিচালকেরা শুধু নাচ-গানে বিনোদনে ভরপুর ছবিতেই যে ডাকেন তাঁকে!

ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

চরকায় তেল

জন্ম যদি তব বলিউডে, হ্যাপা তো সামলাতে হবেই। সাংবাদিকেরা তাঁর জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুললেন। রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফকে ঘিরে প্রতিদিনই কত যে খবর আর বেখবর বেরোচ্ছে, হিসাব রাখা কঠিন। কাঁহাতক আর মেজাজ ধরে রাখা যায়! গত শনিবার ৩১-এ পা দিয়েছেন রণবীর। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ক্যাটরিনা কী উপহার দিলেন তাঁকে? নিরীহ গোছের প্রশ্ন। কিন্তু গত কয়েক দিনের রাগ আগ্নেয়গিরির জ্বালামুুখ দিয়ে বেরিয়ে এল। রণবীর সাফ সেই সাংবাদিককে বললেন, ‘ইংরেজিতে একটা কথা আছে—আপন চরকায় তেল দাও।’ মুখের ওপর এভাবে রণবীর এমন কথা বলে বসবেন, সেই সাংবাদিক ভাবতেও পারেননি। আগামী ছবি বেশরম-এর প্রচারণা করতে করতে শরমটাও বুঝি কমেই গেছে রণবীরের!

এনরিক ইগলেসিয়াস ও আনা কুর্নিকোভা
এনরিক ইগলেসিয়াস ও আনা কুর্নিকোভা

ইগলেসিয়াস-কুর্নিকোভা ছাড়াছাড়ি?

তাঁদের সম্পর্কের বয়সটা এক-দুদিনের নয়। ১২ বছর ধরে প্রেম করছেন। এক ছাদের নিচে বসবাসও। এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন শোনা গেলেও ছাঁদনাতলায় অবশ্য শেষ পর্যন্ত যাননি। তবে এবার শোনা যাচ্ছে, গায়ক এনরিক ইগলেসিয়াস আর টেনিস খেলোয়াড় আনা কুর্নিকোভার মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়েতে ইগলেসিয়াসের অনাগ্রহই সম্পর্কটা শেষের দিকে টেনে নিয়ে গেছে বলে জানিয়েছে একটি সূত্র। সেই সূত্রটি বলেছে, ‘বিয়ে করবে কি করবে না—এনরিকের এমন সিদ্ধান্তহীনতায় আনা বিরক্ত। অনেক দিন হয়ে গেল তাঁরা একসঙ্গে। এখন আনার মনে হয়েছে, কখনোই তাঁদের বিয়ে হবে না। এ কারণেই তিনি এর থেকে বেরিয়ে আসতে চান।’

রা হা
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই