অল্প স্বল্প গল্প

অমিতাভ এখনো
এখনো এই ৭১ বছর বয়সে চুটিয়ে কাজ করছেন। নিকট ভবিষ্যতে অবসর নেওয়ারও কোনো পরিকল্পনা নেই অমিতাভ বচ্চনের। এখনো অমিতাভ যেকোনো তরুণের মতোই শারীরিকভাবে যথেষ্ট শক্তপোক্ত। কিন্তু কী এই রহস্য চিরতারুণ্যের? কঠোর শারীরিক অনুশীলন আর স্বাস্থ্যসম্মত জীবন যাপন। এই বয়সেও অমিতাভ রোজ নিয়ম মেনে জিম করেন বলে জানিয়েছেন। নিয়মিত ব্লগার অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘সব ধরনের ব্যথা-যন্ত্রণা, বিরতি, আলস্য, সব কিছুর পরও নিয়মিত জিমে যাওয়া। এটাই মনে হয় আসল ফলটা দেয়।’

শিল্পার নির্বাসন
চলচ্চিত্র দুনিয়া থেকে যেন এক রকম অবসরই নিয়ে ফেলেন। সর্বশেষ তিন বছরে কোনো ছবি মুক্তি পায়নি। অনেক দিন পর ছবির দুনিয়ায় শিল্পা শেঠি পা রাখলেন বটে, কিন্তু রুপালি পর্দায় নয়, পর্দার পেছনে। প্রযোজক হিসেবে নতুন একটি ছবি নিয়ে আসছেন শিল্পা। বাজারে গুঞ্জন আছে, ধাড়কান ছবির সিক্যুয়েলে তিনি আবার কাজ করবেন। তবে শিল্পা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আরও অন্তত দেড় বছর সিনেমায় কাজ করবেন না বলে জানিয়েছেন শিল্পা, ‘আমি আরও দেড় বছর অভিনয় থেকে বিরতি নেব। কারণ, এটা আমার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। অভিনয়ও আমি খুব একটা মিস করি না।’

প্রতারক মেন্ডেস!
ক্রিস্টেন স্টুয়ার্ট যে কাজ করে সবার নিন্দা কুড়িয়েছেন, সেই একই পথেই নাকি হেঁটেছেন এভা মেন্ডেসও। হলিউড তারকা মেন্ডেস প্রেমিক রায়ান গসলিংকে ফাঁকি দিয়ে পরিচালক জর্জ অগাস্তোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর রটেছে। বিয়ে করে থিতু হতে চান গসলিং। চান কোল আলো করা সন্তানও। কিন্তু গসলিংয়ের এই দুই চাওয়া পূরণ করতে গিয়ে এখনই নিজের ক্যারিয়ারের সর্বনাশ ডেকে আনার ইচ্ছা নেই মেন্ডেসের। এ কারণে দুজনের সম্পর্কে ফাটল দেখা গিয়েছে বলে জানিয়েছে কাছের একটি সূত্র। পেরুভিয়ান পরিচালক অগাস্তোর সঙ্গে এর আগেও প্রেম করেছেন মেন্ডেস। দুজনের একসঙ্গে একটি ব্যবসাও আছে।

শাহরুখে মুগ্ধতা
শাহরুখ খানের সবচেয়ে বড় ভক্ত যে করন জোহর, এটা কারোরই অজানা নয়। বলিউডে সিংহাসন ধরে রাখার রাজনীতিতে শাহরুখ অনেক বন্ধুকেই হারিয়েছেন। কিন্তু করনের সঙ্গে তাঁর দোস্তি আজও অটুট। করন আবারও শাহরুখে নিজের মুগ্ধতা সম্পর্কে বলেছেন, শাহরুখ জীবনে যত পুরস্কার পেয়ে থাকুন, কোনোটাই তাঁর জন্য নাকি যথেষ্ট নয়, ‘ও খুবই প্রাণশক্তিতে ভরপুর, আকর্ষণীয়, ভারতের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা। যত সম্মানই সে পেয়ে থাকুক, সেগুলো তাঁর যোগ্যতার তুলনায় সামান্যই।’ ২ নভেম্বর ৪৮তম জন্মদিন পালনের অপেক্ষায় থাকা শাহরুখের প্রতি ভক্তদের ভালোবাসা দিনকে দিন বাড়বে বলেই ভবিষ্যদ্বাণী করনের।

খ্যাতির বিড়ম্বনা
খ্যাতি যেন শাঁখের করাত। খ্যাতির মোহে কে না ভোগে। কিন্তু এই খ্যাতি একসময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। মাইলি সাইরাসের যেমন হয়েছে। খ্যাতি আর প্রচারের আলোয় হাঁপিয়ে উঠেছেন এই সংগীত তারকা। মিডিয়ার কৌতূহলের কেন্দ্রে থাকতে থাকতে মন বিষিয়ে উঠেছে। ২০ বছর বয়সী সাইরাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, খ্যাতিবিহীন জীবনটা আবার ফিরে পেতে মনটা ব্যাকুল হয়ে উঠেছে তাঁর। তবে এমন নয়, বিনোদন জগতে এসে এখন আফসোস হচ্ছে তাঁর। ছোট্টটি থাকতেই এই জগৎটা বেছে নিয়েছিলেন। আসলে সেই শৈশব থেকেই মিডিয়া তাঁর পিছু ছুটছে বলেই একটা ক্লান্তি এসে ভর করেছে সাইরাসের মনে।
রাজীব হাসান
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই