অল্প স্বল্প গল্প

কাজলের অপেক্ষা
নব্বইয়ের দশকের শেষ দিকে বলিউডের দর্শকদের একরকম মুগ্ধ রেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর বলিউডের নায়িকাদের যা হয়, ঘর-সংসার করতে করতে গিন্নি হয়ে যান। স্বামী অজয় দেবগনের সঙ্গে সুখেই সংসার করছেন নায়িকা কাজল। বিয়ের পর বিরতি নিয়ে দু-একটা ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু কাজলের আবার নিয়মিত ছবি করার ইচ্ছা। কাজল জানিয়েছেন, ‘ভালো গল্পের চিত্রনাট্য পেলে আমার দর্শকেরা আবারও আমাকে নিয়মিত পর্দায় দেখতে পাবেন।’ জানা গেছে, অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছেন কাজল; কিন্তু অপেক্ষা করলে কী হবে, বেচারিকে কেউই নাকি খুশি করতে পারছে না। কাজল তাই আক্ষেপের সুরেই বললেন, ‘আমি অনেক দিন ধরে একটি ভালো কাহিনির অপেক্ষায় আছি। সেই কাহিনি কবে পাব জানি না।’ দেখা যাক, ভালো কাহিনির জন্য চাতক পাখির মতো কাজল আর কত দিন অপেক্ষা করেন।

হৃতিক এবার হ্যামলেট
কপাল মন্দই বলা যায় হৃতিক রোশনের। সেই প্রথম ছবি থেকে ছেলেটা এত এত চেষ্টা করছেন রোমান্টিক চরিত্রে দর্শকদের মন জয়ের জন্য। কিন্তু দর্শকদের কাছে ‘নাচের ছেলে, তবে অ্যাকশন পারে’—এমনই তাঁর ভাবমূর্তি!
সেই ভাবমূর্তি এবার আরও মূর্তিমান হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের আলোচিত ট্র্যাজিক হিরো ‘হ্যামলেট’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হৃতিক। পরিচালক তিগমাংসু ঢুলিয়ার পরবর্তী সিনেমায় ডাচ রাজপুত্রের চরিত্রে নামছেন তিনি। ছবিটির কাজ শুরু হবে ২০১৪ সালের শুরুতে।
l জাহিদ হোসাইন খান
সূত্র: জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়া