অল্প স্বল্প গল্প

জঘন্য ক্রুজ!
হলিউডের সর্বকালের অন্যতম সফল অভিনেতা তিনি। তাঁর ছবি সব মিলিয়ে আয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। সে টম ক্রুজের কোনো ছবিকে যদি কেউ একেবারেই জঘন্য বলে, চমকে উঠতেই হয়। বিস্ময়টা আরও বাড়বে, যখন জানবেন, ক্রুজের কিছু কিছু ছবিকে জঘন্য বলেছেন ক্রুজ নিজেই! সম্প্রতি ক্রুজ আদালতের কাঠগড়ায় উঠেছিলেন। না, আসামি হয়ে নয়, বাদী হয়েই। দুটো পত্রিকা খবর ছাপিয়েছে, তিনি নাকি তাঁর মেয়ে সুরির কোনো খোঁজখবরই নেন না। সুরিকে একরকম পরিত্যক্তই করেছেন। এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ক্রুজ। সেই মামলায় আসামিপক্ষের আইনজীবীর সওয়াল জবাবের এক পর্যায়ে ক্রুজ স্বীকার করেন, এই জীবনে বেশ কয়েকটি ছবি তিনি করেছেন, যেগুলো নিয়ে তাঁর এখনো আক্ষেপ হয়।

কারিনার বিস্ময়
পর্দার বাইরে কী দুর্দান্ত তাঁদের জুটি। যে জুটি সাইফিনা নামে বেশ সুখ্যাতও। একে অন্যকে খুব ভালো বোঝেন বলেই তো সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কিন্তু পর্দায় কেন যেন জমে না সাইফ আলী খান ও কারিনা কাপুরের জুটি। কারিনা নিজেও এতে বিস্মিত! গোরি তেরে প্যায় মে ছবির প্রচারণায় অংশ নিতে এসে সাংবাদিকদের কাছে এই বিস্ময় প্রকাশ করেছেন কারিনা। গত বছর কারিনা ও সাইফের ছবি এজেন্ট বিনোদ গোত্তা খেয়ে পড়েছিল বক্স অফিসে। তবে এবার কারিনা অবশ্য আশাবাদী। বলিউডের চিত্রটা পাল্টাচ্ছে। সামনে নিশ্চয়ই তাঁরা সফল হবেন। দিন তো আর ফুরিয়ে গেল না।

ভক্তের চাওয়া
ভক্তদের তো কত রকম চাওয়াই থাকে। সব চাওয়া কি আর একজন তারকার পক্ষে পূরণ করা সম্ভব। এই যেমন বিয়োন্সের ভক্তরা অদ্ভুত এক দাবি নিয়ে এসেছেন। তাঁরা চান না এই সংগীত তারকা অতিথি হিসেবে যান কিম কারদাশিয়ান আর কানইয়ে ওয়েস্টের বিয়েতে। শুধু চাওয়া নয়, এ নিয়ে রীতিমতো একজন অনলাইন গণস্বাক্ষরের আয়োজনও করেছেন। তাতে হাজার হাজার বিয়োন্সভক্ত সই করছেন। কিছু না করেই কারদাশিয়ান পরিবার বিখ্যাত হয়েছে। শুধু তা-ই নয়, খবরের শিরোনাম হয়ে থাকতে কারদাশিয়ান পরিবার এমন কিছু নেই যা করতে পারে না। এ সবই হলো বিয়োন্সভক্তদের যুক্তি। এ কারণেই তাঁরা চান না বিয়োন্স কারদাশিয়ানের বিয়ের ‘সার্কাসে’ গিয়ে হাজির হন!
l রা. হা.
তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস