অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমানই সেরা খান!

বলিউডে খানদের মধ্যে একটা খানদানি লড়াই আছে। মুখে স্বীকার করুন আর না-ই করুন, খানেরা সব সময় একে অন্যকে ছাড়িয়ে যেতে চান। তিন খানের মধ্যে বলিউডের সিংহাসন কার দখলে, এটা নিয়ে ভক্তদের মধ্যে বাহাস চলে। সেই তর্কের হয়তো কোনো মীমাংসা হয় না। কিন্তু প্রশ্নটা যখন সামাজিক যোগাযোগ সাইটের ভক্তসংখ্যায়, তখন একটা মাপকাঠি তো আছেই। এই তিনজনের মধ্যে কার ভক্তসংখ্যা সবচেয়ে বেশি? আমির, শাহরুখ ও সালমানের মধ্যে শাহরুখই ফেসবুক-টুইটার সবচেয়ে নিয়মিত ব্যবহার করেন। এ নিয়ে সবচেয়ে কম আগ্রহ সালমানের। মজার ব্যাপার হলো, সেই সালমানেরই কিন্তু ফেসবুক ভক্তসংখ্যা সবচেয়ে বেশি। এক কোটি ২০ লাখ অনুসারী আছে সালমানের, আমির-শাহরুখের যেখানে ৫০ লাখ!

কেট ব্লানচেট
কেট ব্লানচেট

বুড়োই হতে চান কেট

তেলাপোকার চেয়েও হলিউড সুন্দরীরা বেশি ভয় পান বয়সের ঘড়িটাকে। যে ঘড়ির কাঁটা আটকে রাখার সাধ্য কারও নেই। চেহারায় বয়সের ছাপ পড়তে না দিতে তাঁরা তাই শরণ নেন কসমেটিক সার্জারির। নিজের শরীরটাকে অস্ত্রোপচারের টেবিলে সঁপে দেওয়া হলিউড তারকাদের জন্য ডালভাত। তবে, এঁদের মধ্যে আলাদা কেট ব্লানচেট। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী বুড়িয়ে যাওয়াটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন। বুড়ো হতে তাঁর কোনো ভয়ও নেই। এ কারণে কসমেটিক সার্জারি করাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। ‘আমি বুড়িয়ে যাওয়ার ভয়ে ভিত নই, আমার কি ভিত হওয়া উচিত? কেন হব?’ বললেন তিনি।

লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গট রবি
লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গট রবি

ডিক্যাপ্রিওকে চড়

লিওনার্দো ডিক্যাপ্রিওর গালে সপাটে চড় মারার কথা স্বীকার করলেন অভিনেত্রী মার্গট রবি। জিকিউ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রবি এ ঘটনার কথা জানান। কিন্তু কেন মেরেছিলেন চড়? কোনো পুরুষ যখন তাঁর নারী সহকর্মীর হাতে চড় খান, অন্যদের স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে। ঘটনাটা কী? না, সে রকম কিছু নয়। আসলে শুটিংয়ের সময় দৃশ্যের প্রয়োজনেই এই চড় মারা। দ্য উলফ অব ওয়াল স্ট্রিট-এর একটি দৃশ্যের প্রয়োজনে চড় মারতে হয়েছে রবিকে। তবে গল্প আর চরিত্রের ভেতর রবি এতটাই ঢুকে গিয়েছিলেন, যত আস্তে চড় মারার কথা, আবেগের বশে মেরেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি জোরে! এ জন্য পরে অবশ্য ডিক্যাপ্রিওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে ডিক্যাপ্রিও গালের ব্যথা ভুলে রবির অভিনয়ের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতার প্রশংসাই বরং করেছেন জোর গলায়।

পোষা কুকুর নিয়ে তুষার কাপুর
পোষা কুকুর নিয়ে তুষার কাপুর

কুকুরপ্রেমী তুষার

পশু-পাখিদের প্রতি ভালোবাসাটা তুষার কাপুর তাঁর মায়ের কাছ থেকে পেয়েছেন। তুষার আর তাঁর মা শোভা কাপুরের মোট কুকুরের সংখ্যা কত জানেন? বেশি নয়, ‘মাত্র’ নয়টি! সম্প্রতি মা-ছেলের একটি পোষা কুকুর মারা গেছে। হুইস্কি নামের সেই কুকুরটির শোক ভুলতেই বাড়িতে আনা হয়েছে আরও দুটি কুকুর। এর মধ্যে একটি কুকুরের নাম দেওয়া হয়েছে ফ্রিস্কি, বোঝাই যাচ্ছে, হুইস্কির স্মরণেই এমন নামকরণ। বাড়িতে আনা অন্য নতুন কুকুরটির নাম জুলি। জুলি-ফ্রিস্কির আগমনে হিংসায় পুড়ে যাচ্ছে পস্তো-মুথুরা। তাদের প্রতি প্রভুর যে ভালোবাসা, তাতে নতুন দুই সদস্য ভাগ বসালে মন খারাপ তো হবেই। পোষা কুকুরগুলোর মধ্যে মুথু সবচেয়ে বিখ্যাত। এরই মধ্যে টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা যে হয়ে গেছে তার!

l রা. হা.