অল্প স্বল্প গল্প

আরও চাই কারদাশিয়ানের
ছোট পরিবার সুখী পরিবার—এই তত্ত্ব অন্তত তাঁদের বেলায় খাটে না। ঘরময় বাচ্চাকাচ্চার হইহল্লাতেই তো আসল সুখ। এদিক দিয়ে বাকি সবার আদর্শ যেন জোলি-পিট জুটি। জোলিকেই অনুসরণ করতে চান কিম কারদাশিয়ান। প্রথমবারের মতো মা হওয়া কারদাশিয়ান বলেছেন, কমপক্ষে আধা ডজন সন্তান তাঁর চা-ই চাই। মেয়ে নর্থের বয়স সাত মাস হয়ে গেল। প্রতিদিনই মেয়ে তাঁর জন্য নিত্যনতুন মুগ্ধতার জন্ম দেয়। এ কারণে আরও সন্তান নিতে মুখিয়ে আছেন তিনি। তবে প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে নানামুখী শারীরিক জটিলতার মুখে পড়া কারদাশিয়ান বাকি পাঁচ সন্তানের মধ্যে বেশ কজনকে দত্তকও নিতে পারেন।

প্রেমের ঝুঁকিতে এমা
ম্যাথু জেনির সঙ্গে হূদয়ের গাঁটছড়া বাঁধতে ইতি টেনে দিয়েছেন উইল অ্যাডামোভিচের সঙ্গে দীর্ঘ সম্পর্কটার। তবে এমা ওয়াটসনের কাছের বন্ধুরা মনে করেন, বড্ড ভুল চাল চেলেছেন এমা। কারণ, রাগবি খেলোয়াড় জেনি প্রেমের ময়দানেও দক্ষ খেলুড়ে। এর আগে একাধিক প্রেমে জড়িয়েছেন, যেগুলোর কোনোটাতেই থিতু হননি। জেনি এমার হূদয়ও ভাঙবেন বলে আশঙ্কা তাঁর বন্ধুদের। তবে প্রেম যে একই সঙ্গে অন্ধ আর বধির করে দেয়, সেটাই বোঝা যাচ্ছে। কারণ, বন্ধুদের কথা কানেই তুলছেন না এমা। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেছেন, ‘তাদের মধ্যে গভীর প্রেম চলছে। তবে অনেকেই এমাকে ম্যাথুর অতীত সম্পর্কে সাবধান করে দিয়েছিল। কিন্তু ও এর পরোয়া করেনি।’

সালমানের প্রতিশ্রুতি ভঙ্গ
তিনি দিলদরিয়া স্বভাবের। দান বা ত্রাণেও মুক্তহস্ত। দানবীর হিসেবে সুখ্যাত সেই সালমান খান এমনটা করবেন ভাবা যায় না। তিন বছর আগে বেশ ঘোষণা দিয়েই সালমান একটি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মনে হচ্ছে, স্রেফ আবেগের বশে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সালমান যে দিব্যি ভুলে বসে আছেন তাঁর প্রতিশ্রুতির কথা। দাবাং-এর প্রচারণার সময় সালমান ঘোষণা দেন সন্দীপ দেশাই নামের এক সমাজকর্মীর পাশে দাঁড়ানোর। দেশাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বেশ কয়েকটি স্কুল চালান। দেশাইয়ের পাশে তাঁর ভক্তদের দাঁড়ানোর অনুরোধ করে সালমান টুইট করেন, প্রতিবছর অন্তত একটি করে স্কুল তিনি বানাবেন। এখনো একটি কানাকড়িও দেশাই পাননি।
রা. হা.
আইএএনএস, এএনআই, টিওআই