অল্প স্বল্প গল্প

গুঞ্জনের শিকার
তারকাদের নিয়ে গুঞ্জন রটবে না তো যদু-মধুদের নিয়ে রটবে? গুঞ্জন ব্যাপারটা তারকাদের জন্য এখন ডাল-ভাতই হয়ে গেছে৷ তবে কিছু কিছু গুঞ্জন গা জ্বলুনি অভিজ্ঞতা এনে দেয়৷ এই যেমন কারিনা কাপুর সম্প্রতি একটা গুঞ্জনে যারপরনাই বিব্রত৷ শোনা গেল, কারিনা নাকি মা হচ্ছেন৷ মা হওয়া তো যেকোনো নারীর জন্যই স্বর্গীয় এক অনুভূতি৷ কিন্তু সত্যি সত্যিই মা না হতেই যদি রটে যায় মা হওয়ার কথা, এর চেয়ে বিব্রতকর কিছু হয়ও না৷ স্বাভাবিকভাবেই কারিনা ভীষণ চটেছেন৷ এ ব্যাপারে একটি ভারতীয় দৈনিক তাঁর সঙ্গে যোগাযোগ করলে কারিনা ক্ষোভ উগরে দিয়েছেন৷ এও বলেছেন, নিকট ভবিষ্যতে মা হওয়ার কোনো পরিকল্পনাও তাঁর নেই৷

পেট পাতলা
কিরা নাইটলির পেট নাকি ভয়াবহ রকমের পাতলা৷ পেটের মধ্যে কোনো কথা চেপে রাখতে একদমই পারেন না৷ অস্বস্তি হয়৷ গোপন কথা অন্য কাউকে না বলা পর্যন্ত স্বস্তিই পান না! নিজের এই ‘গুণে’র কথা ফাঁস করেছেন নাইটলি নিজেই৷ নতুন ছবি জ্যাকরায়ান: শ্যাডোরিক্রুট-এ নাইটলি অভিনয় করেছেন সিআইএর এজেন্টের প্রেমিকার ভূমিকায়৷ এ ছবি নিয়ে কথা বলতে গিয়েই নাইটলি বলেছেন, তাঁর পক্ষে সিআইএর এজেন্ট হওয়া কখনোই সম্ভব হতো না৷ কারণ, এজেন্টদের অনেক গোপন মিশনে কাজ করতে হয়৷ হাজার হাজার গোপন তথ্য হজম করে ফেলতে হয়৷ কিন্তু নাইটলির পেটে গোপন তথ্য যে হিলিয়াম গ্যাসের মতো পাতলা হয়ে উড়ে যেতে চায়!

অদ্ভুত ইচ্ছা
বয়স মাত্র সাত মাস৷ এরই মধ্যে মোটামুটি বিখ্যাত হয়ে উঠেছে নর্থ ওয়েস্ট৷ কিম কারদাশিয়ান আর কানইয়ে ওয়েস্টের কন্যা বলে কথা৷ কিন্তু তাই বলে এ বয়সেই তাঁকে নিয়ে আসতে হবে রিয়েলিটি অনুষ্ঠানে? এমন অদ্ভুত পরিকল্পনাই করছেন কারদাশিয়ান৷ এই রিয়েলিটি তারকা চাইছেন তাঁদের ‘কিপিং আউট উইথ দ্য কারদাশিয়ানস’ অনুষ্ঠানে মেয়েকে এনে হাজির করতে৷ অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজন রায়ান সিক্রেস্টের উসকানিতেই নাকি এমনটা করছেন কারদাশিয়ান৷ তবে এতে মোটেও সায় নেই ওয়েস্টের৷ বিষয়টি নিয়ে কথা উঠলেই নাকি একেবারেই চুপ মেরে যান ওয়েস্ট৷ দেখা যাক, পিতার অনুমতি ছাড়াই মেয়েকে অনুষ্ঠানে হাজির করাতে পারেন কি না কারদাশিয়ান৷

সালমান-প্রেমিকার অভিষেক
দেশে তো অনেক হলো, এবার বিদেশেও ‘শাখা’ খোলা যাক! সল্লু বাবা হয়তো এ কারণেই এবার বিদেশি স্বর্ণকেশীর সঙ্গে প্রেম করছেন৷ সালমান খান কিংবা লুলিয়া ভান্তুর-দুজনের কেউই অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো এ সম্পর্কের কথা স্বীকার করেননি৷ তবে অনেকেই নিশ্চিত, সালমানের দীর্ঘ প্রেমিকার তালিকায় এবার ‘চিনি গো চিনি বিদেশিনী’ও যুক্ত হলো৷ সেই লুলিয়ার বলিউড অভিষেক হতে যাচ্ছে৷ বলিউডের নতুন একটি ছবির গানে দেখা যাবে তাঁকে৷ গানের শিরোনাম ‘ও তেরি’৷ গানটির কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা৷ মার্চে মুক্তি পাবে ছবিটি৷
l রা. হা.
সূত্র: টিওআই, আইএএনএস, এএনআই৷