অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি
জর্জ ক্লুনি

ফ্লপেই মজা!
ফ্লপ! এই শব্দটাকেই তারকারা সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং ভয় পান। তবে জর্জ ক্লুনি তাঁদের মধ্যে নেই। বক্স অফিসে গোত্তা খেয়ে পড়েছে তাঁর যে ছবিগুলো, সেগুলোর প্রতিটিই ক্লুনি ভালোবাসেন। বরং তাঁর এমন অভিজ্ঞতা আছে, বক্স অফিসে ভালো করেছে, কিন্তু সেই ছবিটা তাঁর নিজের ভালো লাগেনি। আসলে প্রতিটি ছবির সঙ্গেই জড়িয়ে থাকে শুটিংয়ের সময়কার গল্প, নতুন নতুন সম্পর্ক তৈরি হওয়া। সেই অভিজ্ঞতাগুলো দিয়েই ক্লুনি বিবেচনা করেন তাঁর ছবিগুলো, ব্যবসায়িক সাফল্য দিয়ে নয়। ‘কিছু কিছু সফল ছবিতেই বরং কাজ করে সবচেয়ে কম মজা পেয়েছি। আর সবচেয়ে ব্যর্থ হয়েছে এমন ছবিগুলোতে জনম জনমের বন্ধুদের পেয়েছি’—বলেছেন ক্লুনি।

ক্যামেরন ডিয়াজ
ক্যামেরন ডিয়াজ

তিক্ততা নেই
না, বুকটা মোটেও ‘ফাইট্টা’ যায় না ক্যামেরন ডিয়াজের। সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেক যখন চুটিয়ে প্রেম করেছেন, কিংবা যখন জেসিকা বিয়েলকে বিয়েও করে ফেললেন, তখন নাকি একটুও মন খারাপ হয়নি। বরং মন থেকে নাকি শুভকামনাই জানিয়েছেন। তা-ই নয়, টিম্বারলেকের সঙ্গে এখনো ভালো সম্পর্ক আছে বলেই দাবি করলেন। দুজন নাকি দুজনের অনেক ভালো বন্ধু। শুধু টিম্বারলেক কেন, এর আগে যতজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যারা একসময় নতুন পথে হেঁটেছে, নতুন সঙ্গিনী বেছে নিয়েছে, তাঁদের কারও প্রতিই কোনো অনুযোগ নেই ডিয়াজের। জারেপড লেটো, ম্যাট ডিলন সবাইকে এখনো তিনি ভালোবাসেন, তবে সেটা বন্ধুর মতোই।

সনু সুদ
সনু সুদ

হারকিউলিস সনু সুদ
রুপালি পর্দায় তাঁদের বেশ দাদাগিরি করতে দেখা যায়। একেকজনের বাহুতে কী তাকদ! কিন্তু বাস্তবে? বাস্তবেও এমন দাদাগিরি চাইলেও করতে পারেন নায়কেরা। সনু সুদ তেমনটাই করে দেখালেন। কদিন আগে সনু বাসা থেকে জিমে যাবেন বলে বেরিয়েছিলেন। তখনই দেখতে পান, তাঁর বাড়ির সামনের লেনে একটা গাড়ি এমনভাবে পার্ক করা, হাঁটাচলাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কে এভাবে পার্ক করে কোন বাড়িতে গেছে, কেউ জানে না। ডেকে এনে যে সরানো হবে, সেই উপায়ও নেই। সনু তখন নিজেই একাই টেনে সরিয়ে ফেলেন বড়সড় গাড়িটাকে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটা ধন্যবাদ পাওনা হয়ে রইল সনুর।

রা. হা. সূত্র: টিওআই, এএনআই।