অল্প স্বল্প গল্প

তৃপ্ত মাধুরী
গুলাব গ্যাং ছবিটিতে নারীর ক্ষমতায়নে তৃপ্ত মাধুরী দীক্ষিত। ছবিটি নারীপ্রধান। ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই নারী। ছবিটি এ সময় খুবই প্রাসঙ্গিক। আশপাশে যা ঘটছে, তার সঙ্গে ছবিটিকে মিলিয়ে নিতে অসুবিধা হয় না।
মাধুরীর তৃপ্তির আরও একটি বড় কারণ খোদ বলিউড। এখন শুধু অভিনয়েই নয়, বলিউডে চিত্রনাট্যকার, সহকারী পরিচালক এমনকি পরিচালক হিসেবেও নারীদের দেখা যাচ্ছে। এ সময়টিতে বলিউডে অনেকেই নারীচরিত্রকে প্রাধান্য দিয়ে ছবি তৈরি করছেন, এটাও মাধুরীর চোখে ইতিবাচক একটি দিক।

বিদ্যার দাওয়াই
এ সময়ের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন। ব্যক্তিগত জীবনেও সুখী। সুখের রহস্য জানতে বিদ্যার দ্বারস্থ হওয়াই যায়। বিদ্যাও সেই রহস্য লুকিয়ে রাখলেন না। সুখী হওয়ার দাওয়াই বাতলে দিলেন। জানালেন, ব্যক্তিগত জীবনে সুখী না হলে কর্মজীবনেও সুখী হওয়া সম্ভব নয়। ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে যদি অনিশ্চয়তা থাকে, সেটার প্রভাব পড়ে কাজেও। ‘আপনি যদি কোনো অনিশ্চিত সম্পর্কের মধ্যে থাকেন, আপনার পক্ষে সুখী হওয়া সম্ভব নয়। আপনার ক্যারিয়ারও তাতে ক্ষতিগ্রস্ত হবে।’ সম্পর্কের ক্ষেত্রে সুস্থির হওয়ার উপায়? বিদ্যা বলছেন, বিয়ে করে ফেলতে! ‘আমার নিজের মধ্যেও অস্থিরতা ছিল, বিয়ের পর যেটা থেমেছে। কাজে পুরো মনোযোগ দিতে পেরেছি।’

বিয়ে স্থগিত
বিয়ের অভিজ্ঞতাটা তাঁর জন্য সুখকর নয়। ব্র্যাড পিটের সঙ্গে সুখের সংসারটা যে ভেঙে খানখান হয়েছিল। খানখান হয়েছিল তাঁর হূদয়ও। জেনিফার অ্যানিস্টোন আবার যখন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, একরাশ অনিশ্চয়তার মেঘ নাকি ভিড় করেছে তাঁর মনের আকাশে। প্রেমিক জাস্টিন থেরক্সের সঙ্গে বাগদান হয়েছেন সেই ২০১২ সালের আগস্টে। বিয়েটা শিগগিরই সেরে ফেলার কথাই শোনা যাচ্ছিল। তবে অ্যানিস্টোনের কাছের একটি সূত্র জানিয়েছে, সেটি আপাতত স্থগিতই থাকছে। কারণ, থেরক্সের সঙ্গে সম্পর্কটা টিকবে কি না, এ ব্যাপারে নাকি নিশ্চিত হতে পারছেন না অ্যানিস্টোন!

সাবধানী লরেন্স
মঞ্চে ঘোষিত হলো তাঁর নাম। জীবনে প্রথমবারের মতো অস্কার জয়! উত্তেজনা-রোমাঞ্চে থরথর করেই হয়তো কাঁপছিলেন। ঢাউস গাউনটাও ঠিকমতো সামলাতে পারছিলেন না। মঞ্চে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। গতবারের এই অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি জেনিফার লরেন্স। হয়তো ভুলতেও পারবেন না। তবে সেই অভিজ্ঞতা সাবধানী করেছে সেরা অভিনেত্রীর অস্কারজয়ী এই তারকাকে। এবার সহ-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। শেষ পর্যন্ত আবার যদি পুরস্কারটা জেতেন, উঠতে হবে মঞ্চে। এবার কী পোশাক পরে যাবেন, সেটা নিয়েই নাকি গবেষণা করছেন।