অল্প স্বল্প গল্প

বীণাও কম যান না
ক্রিকেটার মোহাম্মদ আসিফের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক মুখরোচক গল্পের জন্ম দিয়েছিল৷ আসিফের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন৷ ক্রিকেট থেকে আসিফের নির্বাসিত জীবনটাতে সঙ্গ দিয়েছেন; এমনকি টাকাও ধার দিয়েছেন দেদার৷ কিন্তু সেই আসিফ হুট করে বিয়ে করে বসেছেন অন্য আরেকজনকে৷ এবার জানা গেল, বীণা মালিকও কম যান না৷ বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে পাকিস্তান থেকে উড়ে এসেছিলেন৷ এ সময় প্রশান্ত সিং নামের একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি৷ দুজনে দীর্ঘদিন প্রেম করেছেন৷ বীণার জন্য প্রশান্ত নিজের সংসারও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ এমনকি তাঁর মুঠোফোনের বিলও নাকি শোধ করেছেন৷ আর সেই বীণা হুট করে দুবাইয়ের এক ব্যবসায়ীকে বিয়ে করে হয়ে গেলেন সংসারী!
কঙ্গনা মা হবেন!
বিয়ে তো দূরে থাক, প্রেমের গুজবও তো ছড়ায়নি কঙ্গনাকে ঘিরে; কিন্তু এবারে একেবারে মা হওয়ার খবর! আঁতকে ওঠার মতো বিষয় হলেও এটা কঙ্গনার নতুন ছবির চরিত্রের বিস্তারিত৷ কুইন-এর সাফল্যের পর কঙ্গনা রনৌত এখন আছেন সপ্তম আকাশে৷ তবে সাফল্য উপভোগের পাশাপাশি এ অভিনেত্রী এরই মধ্যে নতুন ছবির জন্য কাজ শুরু করেছেন৷ দুর্গা রানি সিং নামের এই ছবি পরিচালনা করবেন সুজয় ঘোষ৷ এতে কঙ্গনাকে দেখা যাবে ১৪ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত মেয়ের মায়ের চরিত্রে৷ তাই মায়ের মমত্বকে নিজের ভেতর ধারণ করতে কঙ্গনা এখন নিয়মিত পর্যবেক্ষণ করছেন মাতৃত্বসুলভ আচরণগুলো৷

অর্থসংকটে অভয়
অভিনেতা থেকে প্রযোজনায় নেমে যেন বিপদেই পড়লেন অভয় দেওল৷ তাঁর প্রযোজিত সাম্প্রতিক চলচ্চিত্র ওয়ান বাই টু বাজেভাবে মার খায় বক্স অফিসে৷ যার কারণে অভয়ের আর্থিক অবস্থা এখন নাজুক৷ অর্থসংকট কাটাতে এই অভিনেতা বর্তমানে নিজের ফ্ল্যাট বন্ধক রেখেছেন৷ মুম্বাইয়ের জুহু এলাকায় অভয়ের ওই ফ্ল্যাটের বাজারমূল্য চার থেকে পাঁচ কোটি রুপি৷ ফ্ল্যাট বন্ধক রাখার বিষয়টি অকপটে স্বীকার করে অভয় বলেন, ‘হ্যাঁ, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি৷ জামানত হিসেবে আমার ফ্ল্যাটের কাগজ জমা দেওয়া হয়েছে ব্যাংকে৷’

অন্তরঙ্গতায় আপত্তি নেই
চানিং টটমা, জাস্টিন টিম্বারলেক, ডমিনিক কুপারসহ হলিউড আরও অনেক হার্টথ্রবের সঙ্গেই বিভিন্ন সময় পর্দা কাঁপাতে দেখা গেছে অ্যামান্ডা সেফ্রাইডকে৷ চরিত্রের প্রযোজনে তাঁদের সবার সঙ্গেই অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন তিনি৷ তাই তাঁকে ঘিরে প্রায়ই প্রশ্ন ওঠে, অনুভূতি কেমন? অ্যামান্ডার জবাব, ‘বলব না যে এই অন্তরঙ্গতা ভালো লাগেনি৷ সুদর্শন অভিনেতার সঙ্গে সব সময়ই অভিনয় উপভোগ্য৷ তাই তাঁদের সঙ্গে অন্তরঙ্গতায়ও কোনো আপত্তি নেই আমার৷’

হোমসের দুর্গতি
জটিল কোনো রহস্যের সমাধানে তাঁকে মানায়৷ কিন্তু এবার ভেবে দেখুন তো, কোনো ভবনের পার্কিংয়ে মেঠো ভাষায় গালিগালাজ করছেন শার্লক হোমস! এমন ঘটনাই ঘটিয়েছেন বেনেডিক্ট কামবারব্যাচ৷ কদিন আগে হয়ে যাওয়া অস্কার অনুষ্ঠানে গাড়ি পার্ক করা নিয়ে তিনি নাকি কদর্য এক মারপিটের মধ্যে জড়িয়ে পড়েছিলেন৷ তাঁর লিমোজিনের চালকের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের নিরাপত্তাকর্মীদের বিবাদ শুরু হয়৷ বেনেডিক্ট সেই বিবাদ থামাতেই গিয়েছিলেন৷ কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি; দ্রুতই সেটা হাতাহাতিতে রূপ নেয়৷

অস্বস্তিতে জোলি
তারকাদের আত্মজীবনী মানেই কিছু না কিছু িবস্ফোরণ৷ কারণ, বইয়ের বিক্রিবাট্টা বাড়াতেই হোক কিংবা সত্য কথা খুলে বলার সৎ সাহস থেকেই হোক, আত্মজীবনীগুলোতে তারকাদের সম্পর্কে চমকে দেওয়া অনেক তথ্য থাকে৷ স্বাভাবিকভাবেই জেনিফার অ্যানিস্টোন যখন এ রকমই একটা আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অ্যাঞ্জেলিনা জোলির উদ্বিগ্ন হওয়ারই কথা৷ জোলিই তো অ্যানিস্টোনের স্বামী ব্র্যাড পিটকে ‘চুরি’ করে নিয়ে গেছেন বলে দাবি করেন নিন্দুকেরা৷ জোলির জন্যই ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায় পিট ও অ্যানিস্টোনের৷ সে সময় জোলির ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছিল৷ পরে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিয়ে নতুন করে ভাবমূর্তি গড়ে তুলেছেন জোলি৷ এখন অ্যানিস্টোন যদি বই লেখেন, খুব স্বাভাবিকভাবেই পুরোনো ক্ষত থেকে রক্ত তো ঝরবেই!

নায়িকায় অনীহা
একটি মাত্র ছবি আলোর মুখ দেখেছে৷ কিন্তু এরই মধ্যে অভিনেতাসুলভ আচরণে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন বরুণ ধাওয়ান৷ তাঁর দ্বিতীয় ছবি ম্যায় তেরা হিরো মুক্তির অপেক্ষায়৷ বরুণকে এ ছবিতে একই সঙ্গে ইলিয়েনা ডি’ ক্রুজ ও নার্গিস ফাখরির সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাবে৷ কিন্তু এই অন্তরঙ্গতা কেবল পর্দার সামনে পর্যন্তই৷ বরুণ জানিয়েছেন, পর্দার পেছনে তিনি কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করতে চান না৷ তাঁর ভাষায়, ‘আমি এমন একটি পেশায় জড়িয়েছি, যেখানে সব সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে সচেতন থাকতে হয়৷ তাই আমি সচেতনভাবেই বলছি, কোনো দিনও কোনো অভিনেত্রীর সঙ্গে প্রেম করব না৷’

মিলার মনে ঝড়
অ্যাস্টন কুচার ও মিলা কুনিসের সম্পর্কের ভিতটা হঠাৎই নড়েচড়ে উঠেছে৷ কারণ, কিছুদিন আগেই ফাঁস হওয়া লিন্ডসে লোহানের প্রেমিক ফর্দে পাওয়া গেছে কুচারের নামও৷ শুধু নামই নয়, গুজবের হাওয়া ছড়িয়েছে কুচারের জীবনে লোহানের প্রত্যাবর্তন পর্যন্ত৷ তাই কুচারকে নিয়ে বর্তমানে বেশ দুশ্চিন্তায় আছেন মিলা৷ তাঁদের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, লোহানের ওই তালিকাকে বানোয়াট বলা হলেও মিলা তা মানতে নারাজ৷ এরই মধ্যে অ্যাস্টনের ওপর একচোট নিয়েও নিয়েছেন তিনি৷ কোনোভাবেই প্রেমিককে ছাড় দিতে নারাজ মিলা৷
l লিখেছেন: রাজীব হাসান ও আদর রহমান
সূত্র: টিওআই, আইএএনএস, এএনআই, জি নিউজ, মিড ডে ও বলিউড হাঙ্গামা