অল্প স্বল্প গল্প

ভয়ংকর জোলি
মেধাবী অভিনেত্রী, উদার মানবসেবী, মমতাময়ী মা—সব উপমাই বেশ ভালো যায় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। ভয়ংকর, দুর্ধর্ষ, নির্মম—এসব একেবারেই তাঁর বিপরীত। কিন্তু একটা সময় ছিল, যখন জোলি রাতদিন পরিশ্রম করছেন এই বিশেষণগুলোর সঙ্গে মানিয়ে নিতে। নতুন ছবি মেলফিসেন্ট-এর প্রচারণার সুবাদে এই তথ্য ছড়িয়েছে সর্বত্র। এ ছবির এক প্রচার অনুষ্ঠানে জোলি জানান, শুটিং চলাকালে তিনি তাঁর চরিত্র ডাইনি মেলফিসেন্টের মতো সব সময় মাথায় সিং পরে থাকতেন। এর কারণে তাঁর সন্তানেরাও মাঝেমধ্যে জোলিকে দেখে আঁতকে উঠত। মমতাময়ী মাকে ভয়ংকর ডাইনিরূপে মেনে নিতে বেশ কিছুদিন সময় লেগেছে জোলিসন্তানদের।

শত সন্তানের জনক!
একটি নয়, দুটি নয়—পুরো ১০০ সন্তানের জনক হতে চান জনি ডেপ। বাগদত্তা অ্যাম্বার হার্ডের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আপাতত এটাই প্রথম এজেন্ডা তাঁর। প্রথম স্ত্রী ভেনেসা প্যারাডাইসের সংসারে দুই সন্তান রয়েছে এ অভিনেতার। তাঁদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বাবা জনি ডেপের। এবার পালা অ্যাম্বারের সঙ্গে সংসার বাঁধার। জানা গেছে, এরই মধ্যে ডেপের এই এজেন্ডায় সমর্থন জানিয়েছেন অ্যাম্বার। তিনি এখন অন্তঃসত্ত্বা। আর এ নিয়েই এখন জনি-অ্যাম্বারের প্রেমকুটিরে উত্তেজনা আর অপেক্ষা।
সোনমের প্রেম

কারও সর্বনাশ কারও জন্য পৌষ মাস ডেকে তো আনেই। ক্রিস মার্টিনের সংসার ভেঙে যাওয়ার দুঃসংবাদের মধ্যেও তাই সুখবরের হদিস পাচ্ছেন সোনম কাপুর। তিনি যে মার্টিনের প্রেমে পড়েছেন। কাপুর-কন্যা সত্যি সত্যিই কাকে ভালোবাসেন, এই সংবাদ সিন্দুক-গোপন করেই রাখা হয়েছে। তবে মার্টিনের প্রতি যে তাঁর ভালোবাসার কমতি নেই, সেটা সোনম স্বীকার করেছেন নির্দ্বিধায়। টুইটারে সোনম লিখেছেন, ‘খোদা, ক্রিস মার্টিনের প্রেমে আমি কিন্তু ভীষণভাবে মজে আছি।’ গিনেথ প্যালট্রোর সঙ্গে মার্টিনের ১০ বছরের সংসার ভেঙে যাওয়ায় তিনি খুশি কি না, তা অবশ্য সোনম লেখেননি।

অবশেষে টুইটারে
তোতা পাখির ফেসবুক-টুইটার ব্যবহার করতে না পারাও এখন অযোগ্যতা বলে বিবেচিত। অথচ কি জানেন, এত দিন ধরে টুইটারে কোনো অ্যাকাউন্টই ছিল না রবার্ট ডাউনি জুনিয়রের! এই যুগে কোনো তারকা টুইটার ব্যবহার করেন না, এটা তোতা পাখির ফেসবুক না-জানার মতোই বিস্ময়কর। অবশেষে টুইটের কিচিরমিচির জগতে পা রাখলেন ডাউনি জুনিয়রও। এবং যোগ দিয়ে প্রথম দিনেই চারটি টুইট করেছেন। এর মধ্যে মাইক্রোফোন টেস্টিং টাইপের প্রথম টুইটও আছে। দ্বিতীয় টুইটে আসল কথাটাই পেড়েছেন, ‘কেউ কি আমাকে বলবেন, কী করে মাত্র ১৪০ শব্দের মধ্যে নিজের মনের কথা বলা সম্ভব?’
অনামিকা এখনো পূর্ণ

সাধারণত বিচ্ছেদের পরপরই বিবাহিতদের অনামিকা শূন্য হয়ে যায়। কিন্তু গিনেথ প্যালট্রোর বেলায় এমনটি ঘটেনি। কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের সঙ্গে প্যালট্রোর সম্পর্ক সদ্য ভেঙেছে। প্যালট্রো চেয়েছিলেন তাঁর বিচ্ছেদের খবর থাকুক চার দেয়ালেই আবদ্ধ। কিন্তু এ খবর ছড়িয়ে যায় হাওয়ার বেগে। এরপরই মনোবল কিছুটা হারিয়ে ফেলেন এই ‘আয়রনম্যান’ অভিনেত্রী। তবে সম্প্রতি সব অবসাদ কাটিয়ে প্যালট্রো ফিরেছেন জনসমক্ষে। ছেলে মজেস ব্রুস প্যালট্রো মার্টিনের অষ্টম জন্মদিন ধুমধাম করে পালন করেন তিনি। আর সে সময়ই দেখা যায়, সংসার ছাড়লেও এখনো তাঁর মায়া ছাড়তে পারেননি প্যালট্রো।

প্রিয়াঙ্কার গোলাপি বাইক
ডন কিংবা দ্রোনা ছবিতে প্রিয়াঙ্কার মারদাঙ্গা অবতার সবারই চেনা। আসছে বক্সার মেরি কমের জীবনী নিয়ে তৈরি ছবিতেও প্রিয়াঙ্কা তেমনই। সেখানে বক্সিং রিংয়ে তাঁকে দেখা যাবে সেই রূপে। এ রূপ যেন ব্যক্তি প্রিয়াঙ্কার সঙ্গেই মিলিয়ে গেছে। তাই তো নিজের মারদাঙ্গা চরিত্রের সঙ্গে মিল রেখে সম্প্র্রতি এই অভিনেত্রী কিনেছেন একটি গোলাপি বাইক। এটি নিয়ে রাস্তায় নামার প্রস্তুতিও চলছে পুরোদমে। কিন্তু প্রিয়াঙ্কার কাছের মানুষেরা তাঁর নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত। এর পরও প্রিয়াঙ্কা জানিয়েছেন, কেউ থামাতে পারবে না তাঁকে আর তাঁর গোলাপি বাইককে।
রা. হা. ও আদর রহমান
সূত্র: টিওআই, এন্টারটেইনমেন্ট উইকলি, এএনআই, আইএএনএস, হিন্দুস্তান টাইমস