অল্প স্বল্প গল্প

আয়নাবিমুখ
তাঁকে দেখলে ভক্তরা স্বস্তি পায়। কিন্তু তিনি নিজেকে দেখলে এক ধরনের অস্বস্তিতে ভোগেন। এ জন্যই তো গেল ১০ বছরে একবারও নিজেকে দেখতে আয়নামুখো হননি অভিনেতা মার্ক ওয়েলবার্গ। ৪২ বছর বয়সী মার্ক জানান, আয়নাতে নিজেকে দেখতে ভালো লাগে না তাঁর। কেমন দেখাচ্ছে তাঁকে? এই প্রশ্ন তাঁকে কখনোই নাড়া দেয় না। তাই নিজের জন্য আয়নার দিকে তাকানো হয় না তাঁর। তবে চরিত্রের খাতিরে যখন নিজেকে বদলে অন্য চরিত্রে মার্ক নিজেকে ঢালেন, তখন তাতে পরিপূর্ণতার স্পর্শ দিতে আয়নার দিকে নজর ফেরাতে হয়। তা ছাড়া ব্যক্তিজীবনে একেবারেই আয়নাবিমুখ ‘টেড’খ্যাত এই তারকা।

কেটির দর্শন
একটা সময় বেশ অনিয়ন্ত্রিত জীবন যাপন করলেও এখন সময়ের সঙ্গে বদলে যাচ্ছেন কেটি পেরি। এখন আর মোহ তাঁকে টানে না। তাই স্বল্প সময়ের প্রেম, আসক্তি আর সম্পর্কেও বিশ্বাস নেই তাঁর। শরীরী সম্পকের্র চেয়ে এখন তাই আত্মার সম্পর্ককে বেশি প্রাধান্য দেন তিনি। কেটি বলেন, ‘সবার আগে আত্মিক সংযোগ হতে হবে, এরপর কাছে আসা। এর আগে নয়।’ এ জন্যই হয়তো রাসেল ব্র্যান্ডের পর আর কারোর সঙ্গেই আত্মার সংযোগ ঘটাতে পারেননি এই `হট অ্যান্ড কোল্ড’ গায়িকা। তাই তো আজও ‘সিঙ্গেল’ তকমা নিয়েই চলতে হচ্ছে তাঁকে। সব শেষে প্রেমিক জন মেয়ারের সঙ্গেও এই দর্শন না মেলার কারণেই খুব একটা এগুলো না কেটির প্রেম।

চক্ষুদান
তাঁর চোখজোড়া যে পাবে, সে হয়তো পৃথিবীকে অন্যদের চেয়ে একটু ভিন্ন দৃষ্টিতে দেখবে। কারণ চোখজোড়া তো আর যেনতেন মানুষের নয়, শিল্পা শেঠির! তিনি তাঁর চক্ষুদান করেছেন ভারতের একটি এনজিওকে৷ ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বেশ কিছুদিন ধরেই চক্ষুদান নিয়ে ভাবছিলেন তিনি। সম্প্রতি তিনি ভারতের আহমেদনগর জেলা ভ্রমণে যান। সেখানেই ‘যশওয়ান্ত সামাজিক প্রতিষ্ঠান’ নামের এনজিওর কাছে কাগজে-কলমে নিজের চক্ষু দান করে আসেন। শিল্পার স্বাক্ষরিত কাগজে তিনি উল্লেখ করেন, তাঁর মৃত্যুর পর এনজিওটি তাঁর চোখজোড়া কোনো দৃষ্টিহীন ব্যক্তিকে দেওয়ার এখতিয়ার রাখে।

রেশ কাটছে না
আশিকি টু ছবির রেশ এখনো কাটছে না। বক্স অফিস থেকে এ ছবির দাপট মুছে গেলেও আশিকি টু এখনো সেই প্রথম দিনের মতোই তাজা রয়েছে ছবির মূল পাত্র-পাত্রী আদিত্য-শ্রদ্ধার মনে। এ জন্যই তো এখনো একে অপরের সঙ্গ ছাড়তে পারছেন না। দিন কি রাত, আদিত্য-শ্রদ্ধার কাছে সময় শুধু ঘড়ির কাঁটার এদিক-সেদিক হওয়া মাত্র। গেল সপ্তাহেই আদিত্যকে দেখা যায় গভীর রাতে শ্রদ্ধার বাড়ির বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে যখন রাত ১০টা তখন শ্রদ্ধার বাড়িতে ঢোকেন আদিত্য। আর বাড়ি থেকে বের হন ভোরের আলো ফোটার কিছু সময় আগে।
মাশফি অাহমেদ
কন্টাক্ট মিউজিক, আইএএনএস, জি নিউজ, মিড ডে অবলম্বনে