অল্প স্বল্প গল্প

নাচিয়ে হিরানি
রাজকুমার হিরানির পরিচালনার দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই কারও। তাঁর মেধার বহিঃপ্রকাশ ‘মুন্নাভাই’ সিরিজের ছবিগুলো আর থ্রি ইডিয়টস-এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। এবার হিরানির নতুন এক প্রতিভা সামনে এল। নিজের নতুন ছবি পিকের জন্য নাকি কোরিওগ্রাফারের দায়িত্বও পালন করেছেন তিনি। ছবির একটি গানের সিগনেচার স্টেপ পরিচালনার মধ্য দিয়ে হিরানি নাচালেন আমির খান ও আনুশকা শর্মাকে। তবে শুধু একটি স্টেপই। এর বেশি নয়। কারণ পরিচালকের খোলস থেকে আপাতত বেরোনোর কোনো ইচ্ছা নেই এই নির্মাতার। আইএএনএস।

অর্থসংকটে লারা
অর্থসংকটের কারণে আটকে আছে লারা দত্তের ছবি। স্বামী টেনিস খেলোয়ার মহেশ ভূপতি আর লারার দুই প্রযোজনা প্রতিষ্ঠান মিলেও নতুন ছবির জন্য অর্থ জোগান দিতে পারছে না। তাই লারার নতুন ছবি চলো চায়নার কাজ শুরু হওয়ার আগেই স্থগিত করতে হলো। নতুন বিনিয়োগকারী না পাওয়া পর্যন্ত ঝুলে থাকবে লারা দত্তের কাঙ্ক্ষিত এই প্রজেক্ট। চলো চায়না লারার ব্যবসাসফল ছবি চলো দিল্লির সিক্যুয়াল। এ ছবির শুটিং করতে হবে মালয়েশিয়া, চীন ও থাইল্যান্ডে। কী আর করা, যেহেতু অর্থের সংস্থান হচ্ছে না, আপাতত স্থগিত করতে হলো। ডেইলি ভাস্কর।

দেশপ্রেমিক!
প্রীতি জিনতা এখন পুরোদস্তুর ব্যবসায়ী। প্রযোজনা প্রতিষ্ঠান পিজেডএনজেড মিডিয়া আর ক্রিকেট দল কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে দারুণ ব্যস্ত তিনি। কাজের ফাঁকে একটু অবসর পেলে প্রীতি ফিরে যান তাঁর ভালোবাসার জায়গায়। সম্প্রতি হৃতিক রোশনের ব্যাং ব্যাং দেখতে হলে গিয়েছিলেন প্রীতি। ছবি শুরুর আগে পর্দায় ছিল ভারতের জাতীয় পতাকা প্রদর্শন ও জাতীয় সংগীত। ওই সময় এক দর্শক জাতীয় সংগীতকে সম্মান জানাতে উঠে দাঁড়াননি। ব্যাপারটি চোখে পড়ে প্রীতির। জাতীয় সংগীত শেষ হওয়ার পর প্রীতি এবং তাঁর নেতৃত্বে আরও কয়েকজন দর্শক ওই ব্যক্তিকে হল থেকে বের করে দেন। আর বিষয়টি প্রীতি সঙ্গে সঙ্গে টুইট করে জানান সবাইকে। এই না হলে দেশপ্রেম! ইন্ডিয়া টাইমস।

বিয়ের চিন্তা!
কঙ্গনা রনৌতের মাথায় ভর করেছে বিয়ের চিন্তা। বলিউডের এই অভিনেত্রী সম্প্রতি ‘স্মল ওয়ার্ল্ড’ নামে একটি অনলাইন কমিউনিটিতে যুক্ত হয়েছেন। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ (যাঁরা নিয়মিত ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করেন) নিজেদের যুক্ত করেন। যে কেউ ইচ্ছে করলেই যুক্ত হতে পারেন না এই অনলাইন কমিউনিটিতে। প্রভাবশালী প্রবাসী কিংবা খ্যাতনামা ব্যক্তিরাই এই সাইটের সদস্য। কঙ্গনা বলেন, ‘নির্ভরযোগ্য কমিউনিটির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কেউ কেউ জীবনসঙ্গী খুঁজতেও এই সাইটে আসেন। এখানে সবাই একে অপরকে ভালো করে চেনেন, জানেন। ওয়েবসাইটটি সেভাবেই ডিজাইন করা। তাই বন্ধুত্ব কিংবা বিয়ে নিয়ে ব্যবসা হয় না এখানে। এদেরকে নির্ভর করা যায়।’ ডিএনএ।
গ্রন্থনা: সেঁজুতি শহীদ