অল্প স্বল্প গল্প

সন্দেশ সুন্দরী
বাঙালি খাবার একবার যার মুখে রোচে, সে কি আর সেই খাবারের মায়া থেকে বেরোতে পারে? কথাটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তিনি পড়েছেন সন্দেশের মায়ায়। কলকাতায় পিকু ছবির শুটিং করেছেন দীপিকা পাড়ুকোন। শুটিংয়ের ফাঁকে ঘুরেছেন নানা জায়গায়। সম্প্রতি দীপিকা যান কিংবদন্তি চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের বাড়ি। দীপিকা নাকি কলকাতার জীবন এবং খাবারের মায়ায় পড়ে গেছেন। তাঁর সেটের এক কুশলী দীপিকাকে কলকাতার ছানার সন্দেশ খাওয়ার পরামর্শ দেন। দীপিকা কালক্ষেপণ না করে সন্দেশ কিনে আনেন। প্রথম কামড়েই রীতিমতো সন্দেশের প্রেমে পড়ে যান তিনি। এরপর নিজে তো খেয়েছেনই, শুটিংয়ে সেটের সবাইকে খেতে দিয়েছেন সন্দেশ। মা-বাবা আছেন বেঙ্গালুরুতে। তাঁদের জন্যও কয়েক বাক্স সন্দেশ পাঠিয়েছেন। মুম্বাই ফেরার সময় নিয়ে যান বন্ধুদের জন্য। ডিএনএ ইন্ডিয়া।

পাক্কা ঘরনি
রূপে-গুণে অনন্যা বলে যাকে, তেমনটাই ক্যাটরিনা কাইফ। শুধু নাচ দিয়ে মাত করার মেধা নয়, তাঁর আছে আরও অনেক গুণ। পাক্কা গৃহকর্ত্রী হওয়ার জন্য যেসব গুণ থাকা প্রয়োজন, তার সবই আছে এই বলিউড তারকার। ঘর আর বাহির তিনি সামাল দিচ্ছেন সমান তালে। শোনা যাচ্ছে, প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে নিজেদের প্রেমকুটির সাজাচ্ছেন ক্যাটরিনা। আর ঘর সাজানোর জন্য দিনের সবটুকু সময় তিনি ব্যয় করছেন দৌড়ঝাঁপ আর পরিকল্পনা করে। কখনো ছুটছেন ইন্টেরিয়র ডিজাইনারের কাছে, কখনো বা ফ্ল্যাটের নিবন্ধন করতে পৌর কর দপ্তরে, আবার গাড়িতে কিংবা শুটিংয়ের ফাঁকে সময় মিললে বসে যাচ্ছেন ইন্টারনেটে ঘর সাজানোর খুঁটিনাটি জানতে। মোট কথা, ঘর সাজানোতে কোনো খুঁত রাখতে চান না ক্যাটরিনা। নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রেমিককে নিয়ে আধা-সংসারী হতে চলছেন তিনি। ডেইলি ভাস্কর।

পুলিশের কাছে শার্লিজ
প্রেমিক শন পেনের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন শার্লিজ থেরন। সঙ্গে ছিল তাঁর ছোট্ট ছেলে জ্যাকসনও। জ্যাকসন দারুণ চঞ্চল। বেশ দুষ্টুমি করছিল সে। তাই ছেলেকে দমানোর জন্য একটু বকুনি দেন শার্লিজ। আর বিপত্তি বাধে তখনই। এক প্রত্যক্ষদর্শী সঙ্গে সঙ্গে তা গিয়ে পুলিশকে জানায়। ছেলেকে শাসনের দায়ে পুলিশ শার্লিজ এবং শন পেনকে থানায় তলব করে। পুলিশের ডাক পেয়ে তাঁরাও ছেলেকে নিয়ে হাজির হন সেখানে। পরে সমাধান হয় পুরো বিষয়টির। পুলিশ জানায়, তাদের কাছে শার্লিজ আর শন পেনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু পরে পুরো পরিস্থিতির বর্ণনা দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করে তবেই এযাত্রায় থানা থেকে বেরিয়ে আসেন অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন। পিটিআই।
গ্রন্থনা: সেঁজুতি শহীদ