অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

১৯৮৯ গোলাপ
এই না হলে প্রেমিক! হোক সাবেক, তাতে কী? ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য নতুন-পুরানোর হিসাব কষতে হয় না, কথাটি ভালোই জানেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের হ্যারি স্টাইলস। এ জন্যই তো সাবেক প্রেমিকা টেইলর সুইফটকে উপহার দিলেন এক হাজার ৯৮৯টি গোলাপ ফুল। সুইফটের নতুন অ্যালবাম ১৯৮৯-এর সাফল্যকে উদ্যাপনের জন্যই প্রেমিকার বাড়িতে গোলাপ পাঠান তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, পরে হ্যারির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি অস্বীকার করেন। জানান, এ কাণ্ড অন্য কেউ ঘটিয়েছে, নাম রটেছে তাঁর। তবে সত্য হোক কিংবা মিথ্যা, বিষয়টা আসলেই দারুণ রোমান্টিক ছিল! ডেইলি মেইল।

সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

কী জানি কী হয়!
বলিউডে একটা বদনাম আছে সোনাক্ষী সিনহার। একের বেশি অভিনেত্রী যে ছবিতে থাকে, সেখানে দেখা যায় না তাঁকে। তাই গুঞ্জন শোনা যায়, নিজের ব্যাপারে বেশ নিরাপত্তাহীন সোনাক্ষী। এ জন্যই মাল্টিস্টারার ছবিতে অভিনয়ে একধরনের দ্বিধা কাজ করে তাঁর। তবে এ অপবাদের ঘোর বিরোধী সোনাক্ষী। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি, একাধিক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই তাঁর। এই যেমন সোনাক্ষীর আগামী ছবি অ্যাকশন জ্যাকসন। সেখানে সোনাক্ষীর সঙ্গে একই পর্দায় দেখা যাবে ইয়ামি গৌতমকে। তাই এবার সোনাক্ষী আশা করছেন, তাঁর ওপর আসা অপবাদ ঘুচবে এযাত্রায়। তাই সোনাক্ষীর নজর তাঁর পরবর্তী চলচ্চিত্রের দিকে। কী জানি কী হয়, এ ভাবনাতেই এখন কাটছে এই দাবাং কন্যার দিন। পিটিআই।

সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

বিল না দেওয়ার মাশুল
লজ্জায় নাক কাটা যাওয়ার মতো অবস্থা! এমন কাণ্ডই ঘটিয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বিল না দেওয়ার কারণে মোবাইল কোম্পানি তাঁর ফোনের লাইন কেটে দিয়েছে। সত্যিই তাই! পুরো এক দিন এই অভিনেতার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে মাশুল গুনে আবারও বন্ধ হয়ে যাওয়া সংযোগ ফেরত পেয়েছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বিষয়টি তেমন গুরুতর নয়। এক ভিলেন ছবির সাফল্যের পর একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছেন সিদ্ধার্থ। ঠিকমতো নাওয়া-খাওয়াও হয় না তাঁর। কাজের ভিড়ে বিল দেওয়ার কথা একেবারেই মনে ছিল না। তাই মোবাইল ফোনের সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরই তিনি বুঝতে পারেন, বিল দেওয়া হয় না অনেক দিন। তড়িঘড়ি করে বিল পরিশোধ করেন সিদ্ধার্থ এবং প্রাণ ফিরে পায় তাঁর বন্ধ হয়ে যাওয়া মুঠোফোন। ডেইলি ভাস্কর।

গ্রন্থনা: সেঁজুতি শহীদ